জামালপুর ও সিরাজগঞ্জের সংযোগকারী ভেটুয়া সেতুর সম্ভাব্য স্থান পরিদর্শন
১২ আগস্ট, ২০২৬ এ ৭:৪৪ PM

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা সীমান্তসংলগ্ন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরগিরিস ইউনিয়নে ভেটুয়া যমুনার শাখা নদীর ওপর প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য, বৃহৎ সেতু নির্মাণ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং চীনা নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠানের দুই সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা।
গত বুধবার (১২ আগস্ট) দুপুরে কাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া খেয়াঘাট এলাকায় প্রস্তাবিত এই 'ভেটুয়া ব্রিজ' নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রতিনিধি দলটি নদীর ভৌগোলিক অবস্থান, পানির প্রবাহ এবং সেতু নির্মাণের কৌশলগত ও কারিগরি দিকগুলো খতিয়ে দেখেন।পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা, কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেতু ও প্রকল্পের পরিচালক/তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইবাদত আলী ও বিশেষজ্ঞ চীনা প্রতিনিধিদল—ঢাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু প্রকল্প) ও পরিচালক ইবাদত আলী, চায়না স্ট্রিট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেডের নকশা প্রণয়নকারী দলের প্রধান মি. জেং, কারিগরি প্রধান মি. চাও এবং কারিগরি পরামর্শক মি. হায়দার উপস্থিত ছিলেন। সেতুটি নির্মাণে শত কোটি টাকার বেশি ব্যয় হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, চরাঞ্চলের মানুষের যাতায়াতের দুর্ভোগ কমিয়ে আঞ্চলিক অর্থনীতি জোরদার করতে ভেটুয়া যমুনার শাখা নদীর ওপর এ সেতুটি নির্মিত হবে। এতে করে সিরাজগঞ্জের কাজীপুর এবং জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মধ্যে সরাসরি ও দ্রুত যোগাযোগের পথ সুগম হবে। চরাঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য সহজেই দেশের মূল ভূখণ্ড ও শহরের বাজারগুলোতে দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হবে। শিক্ষা, স্বাস্থ্য ও জরুরি চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের দুর্দশার স্থায়ী অবসান ঘটবে।সেতুর স্থান পরিদর্শন শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান, জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহমেদ, সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, কাজীপুর পৌর সভার সাবেক মেয়র ও প্রভাষক আব্দুস সালাম, কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, কাজীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মনজুর রশিদ রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, চরগিরিশ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সমাজ সেবক রোবায়েত হোসেন বিপুল সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় কাজীপুরের স্থানীয় সংসদ সদস্য মো. সেলিম রেজা বলেন, "কাজীপুর উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষের প্রাণের দাবি যমুনা উপজেলা ও ভেটুয়া সেতু বাস্তবায়ন। সেতুটি নির্মিত হলে দুর্গম চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে। একই সঙ্গে জামালপুরের সরিষাবাড়ী হয়ে ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ সহজ হবে।"স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, যমুনার পূর্বপাড়ের চরাঞ্চলের মানুষের কাছে নদী পারাপার দীর্ঘদিনের দুর্ভোগ। বর্ষায় উত্তাল নদী নৌকায় পাড়ি দিতে গিয়ে সময় ও অর্থ দুটিই ব্যয় হয়। ভেটুয়া সেতু নির্মিত হলে চরগিরিশ, মনছুরনগর, খাস রাজবাড়ী, নাটুয়ারপাড়া, নিশ্চিন্তপুর, তেকানি ও মেছরাসহ সাত ইউনিয়নের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। সেতুটি বাস্তবায়িত হলে শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি চরাঞ্চলের মানুষের জীবনযাত্রায়ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা।দীর্ঘদিন ধরে ভেটুয়া এলাকায় সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন পর্যায়ে সমীক্ষা ও পরিদর্শন হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার সরকারের মেগা সেতু প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও চীনা নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সরেজমিন পরিদর্শনকে সম্ভাব্য বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন এলাকাবাসী।
সূত্র: Bd24live
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে গৃহবধূর হাত-মুখ বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট
১২ আগস্ট, ২০২৬ এ ৭:৩৭ PM · nagorik tv
জামালপুরে শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়তে পরিচ্ছন্নতা কর্মসূচি
১২ আগস্ট, ২০২৬ এ ৫:৪৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, গৃহবধূকে হাত-মুখ বেঁধে টাকা ও স্বর্ণালংকার লুট
১২ আগস্ট, ২০২৬ এ ৫:৩৮ PM · Ajker Patrika
সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত
১২ আগস্ট, ২০২৬ এ ৫:২৩ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জের কাজিপুরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১২ আগস্ট, ২০২৬ এ ৪:৫৯ PM · dailykaratoa.com
