চাঁদা না দেওয়ায় শাহজাদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, প্রতিবাদে বিক্ষোভ
১ এপ্রিল, ২০২৬ এ ১:০০ PM

সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদা দিতে অস্বীকার করায় এক কাপড় ব্যবসায়ী ও তার ছেলেকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
জানা যায়, বুধবার (১ এপ্রিল) দুপুরে রবীন্দ্র কাছাড়িবাড়ি সংলগ্ন এলাকায় ব্যবসায়ী মানিকের দোকানে একদল সন্ত্রাসী চাঁদা দাবি করে। এ সময় তার ছেলে অন্তর (২৪) চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে ২০-২৫ জনের একটি কিশোর গ্যাং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে অন্তরকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে বাঁচাতে গেলে তার বাবা মানিকও (৫২) আহত হন। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুরুতর আহত অন্তরকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উপজেলা দোকান মালিক ব্যবসায়ী সমিতির ডাকে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে শহরে বিক্ষোভ মিছিল বের করেন। পরে থানার সামনে সমাবেশ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মনছুর আলী, সাধারণ সম্পাদক রনি খান শান্ত, হাটের পরিচালক নদিম হোসেন, রবিউল ইসলাম ও শ্রমিক নেতা খোকন আলীসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, হামলাকারীরা কিশোর গ্যাংয়ের সদস্য এবং চাঁদা না দেওয়ায় এ হামলা চালানো হয়েছে। তারা দাবি করেন, হামলাকারীরা দোকান থেকে প্রায় ৬-৮ লাখ টাকা নিয়ে গেছে। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি দুঃখজনক। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর থেকে শাহজাদপুরের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সূত্র: দেশ রূপান্তর
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চারা বিতরণ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:২১ PM · Daily Kaler Somaj
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত, আহত ২
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM · nagorik tv
সিরাজগঞ্জের মাঠজুড়ে পেঁপের সমারোহ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · Daily Times Of Bangladesh
সিরাজগঞ্জে ৬৬ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার, এস আরবির অভিযান
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৬ AM · tritiyamatra.com
