চলে গেলেন ‘পুষ্পক বিমানম’ নির্মাতা
৪ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৫ AM

ভারতের চলচ্চিত্র নির্মাতা সিঙ্গীতম শ্রীনিবাস রাও মারা গেছেন। গতকাল শনিবার রাতে চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৯৪ বছর বলে একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে। বয়সজনিত নানা সমস্যায় কিছুদিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।
তেলুগু সিনেমার অন্যতম উদ্ভাবনী নির্মাতা হিসেবে পরিচিত ছিলেন সিঙ্গীতম। বিজ্ঞান কল্পকাহিনি, ফ্যান্টাসি, কমেডি, সামাজিক গল্প, জীবনীভিত্তিক সিনেমা—কোনো নির্দিষ্ট ঘরানায় নিজেকে আটকে রাখেননি তিনি। পাঁচ দশকের বেশি সময় ধরে সিনেমা বানিয়েছেন একাধিক ভাষায়। তাঁর নির্মিত ছবির সংখ্যা ৬০-এর বেশি।
সহকারী হিসেবে শুরু১৯৩১ সালের ২১ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের গুদুরে জন্ম সিঙ্গীতম শ্রীনিবাস রাওয়ের। সিনেমায় তাঁর হাতেখড়ি কিংবদন্তি পরিচালক কে ভি রেড্ডির সহকারী হিসেবে। ‘মায়াবাজার’ (১৯৫৭) ও ‘জগদেকা ভীরুনি কথা’র (১৯৬১) মতো গুরুত্বপূর্ণ ছবির নির্মাণপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই সময়ের অভিজ্ঞতাই পরবর্তী সময়ে তাঁর নিজস্ব চলচ্চিত্রভাষা তৈরিতে বড় ভূমিকা রাখে।
১৯৭২ সালে ‘নীতি নিজায়িতি’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন সিঙ্গীতম। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সামাজিক গল্প থেকে শুরু করে ব্যতিক্রমী কল্পকাহিনি, প্রতিটি ছবিতেই নতুন কিছু করার চেষ্টা ছিল তাঁর।
‘ময়ুরি’ থেকে জাতীয় পুরস্কার১৯৭৪ সালে নির্মাণ করেন ‘দিক্কাত্র পার্বতী’। ছবিটি তামিল ভাষার সেরা ফিচার ফিল্ম হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। ১৯৭৭ সালের ‘থারাম মারিন্দি’ও সিঙ্গীতমকে এনে দেয় নান্দী পুরস্কার।
১৯৮৫ সালের ‘ময়ুরি’ ছিল সিঙ্গীতমের আরেকটি উল্লেখযোগ্য কাজ। ভারতীয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী সুধা চন্দ্রনের জীবনের ওপর ভিত্তি করে নির্মিত ছবিতে সুধাই অভিনয় করেছিলেন। ছবিটি বিপুল সাড়া পায় এবং একাধিক পুরস্কার অর্জন করে। পরে এটি হিন্দিতে ‘নাচে ময়ুরি’ নামে নির্মিত হয়।
সংলাপ ছাড়াই সিনেমা!সিঙ্গীতমের সবচেয়ে স্মরণীয় কাজগুলোর একটি ‘পুষ্পক বিমানম’; কমল হাসান ও অমলা অভিনীত ১৯৮৭ সালের ছবি। সবচেয়ে বিস্ময়কর বিষয়, ছবিটিতে প্রচলিত অর্থে কোনো সংলাপ ছিল না। শব্দ, অভিনয়, শরীরী ভাষা ও পরিস্থিতির মধ্য দিয়ে গল্প বলেছিলেন নির্মাতা।
সংলাপহীন এই ছবিই পরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা জনপ্রিয় বিনোদনমূলক ছবির সম্মান পায়। ছবিটি শুধু তেলুগু নয়, ভারতীয় সিনেমার ইতিহাসেই পরীক্ষামূলক নির্মাণের একটি উজ্জ্বল উদাহরণ হয়ে আছে।
কমল হাসানের সঙ্গে সৃজনশীল জুটিসিঙ্গীতমের ক্যারিয়ারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কমল হাসানের নাম। ‘সোম্মোকাদিদি সোকোকাদিদি’ থেকে শুরু করে ‘রাজা পারভাই’, ‘পুষ্পক বিমানম’, ‘অপুর্বা সগোথারাঙ্গাল’ ও ‘মাইকেল মাদানা কামা রাজন’—এই জুটির বেশ কিছু ছবি আজও দর্শকের কাছে বিশেষভাবে স্মরণীয়।
কমলের অভিনয়প্রতিভাকে ভিন্ন ভিন্ন চরিত্রে কাজে লাগানোর ক্ষেত্রে সিঙ্গীতমের আলাদা দক্ষতা ছিল। তাঁদের সহযোগিতার ছবিগুলোয় কমেডি, ব্যঙ্গ, মেকআপ, শারীরিক অভিনয় ও গল্প বলার নানা পরীক্ষার দেখা মিলেছে।
সময়ভ্রমণ থেকে ফ্যান্টাসি১৯৯১ সালের ‘আদিত্য ৩৬৯’ সিঙ্গীতমের সবচেয়ে উচ্চাভিলাষী কাজগুলোর একটি। নন্দমুরি বালকৃষ্ণ অভিনীত ছবিতে সময়ভ্রমণের গল্প বলা হয়। তেলুগু সিনেমায় বিজ্ঞান কল্পকাহিনির অন্যতম মাইলফলক হিসেবে ছবিটি এখনো আলোচিত।এরপর ‘ভৈরব দ্বীপম’-এ তিনি চলে যান ফ্যান্টাসির জগতে। লোককথা, পুরাণ, অ্যাডভেঞ্চার ও কল্পনার মিশেলে ছবিটি তৈরি করেছিলেন। বালকৃষ্ণের সঙ্গে তাঁর আরও কয়েকটি কাজও তেলুগু সিনেমায় বিশেষ জায়গা করে নেয়।
শুধু তেলুগু নয়সিঙ্গীতম শ্রীনিবাস রাওয়ের সিনেমার পরিধি ছিল দক্ষিণ ভারতের একাধিক ভাষায়। তেলুগুর পাশাপাশি কন্নড়, তামিল, হিন্দি ও অন্যান্য ভাষাতেও কাজ করেছেন তিনি। কন্নড়ের কিংবদন্তি অভিনেতা রাজকুমারের সঙ্গে তাঁর জুটিও ছিল সফল।রাজকুমারের সঙ্গে ‘হালু জেনু’, ‘চালিসুভা মোদাগালু’, ‘এর্দু নক্ষত্রাগালু’ ও ‘ভাগ্যদা লক্ষ্মী বারাম্মা’র মতো ছবি করেছেন। রাজকুমারের দুই ছেলে শিবরাজকুমার ও রাঘবেন্দ্র রাজকুমারের চলচ্চিত্রজীবনের শুরুর সঙ্গেও তাঁর নাম জড়িয়ে আছে।স্বীকৃতি
দীর্ঘ ক্যারিয়ারে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক নান্দী পুরস্কার, কর্ণাটক স্টেট ফিল্ম অ্যাওয়ার্ড ও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দক্ষিণ পেয়েছেন সিঙ্গীতম। ২০১১ সালে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া তাঁকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয়। পরের বছর পান বি এন রেড্ডি জাতীয় পুরস্কার।
তবে পুরস্কারের চেয়েও তাঁর বড় অর্জন ছিল, একই ধরনের সিনেমা বারবার না বানানো। এক ছবির সঙ্গে আরেক ছবির মিল যেন না থাকে, সে চেষ্টা করতেন তিনি।নব্বই পেরিয়েও থামেননি
বয়স তাঁর সৃষ্টিশীলতাকে থামাতে পারেনি। দীর্ঘ বিরতির পর ২০২৬ সালে আবার পরিচালক হিসেবে ফিরেছিলেন সিঙ্গীতম। তাঁর ৬১তম ছবি ‘সিং গীতম’ নির্মাণ করেন নবীন প্রজন্মের নির্মাতা নাগ অশ্বিনের প্রযোজনায়। দীর্ঘদিন ধরে মনে লালন করা একটি গল্প শেষ পর্যন্ত পর্দায় আনার সুযোগ পান তিনি।
দ্য হিন্দু ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে বিতর্ক থেকে নতুন করে ফেরা, ১৬৫ কোটি টাকার মালিক এই অভিনেত্রী
৪ অক্টোবর, ২০২৬ এ ১০:১৫ AM · প্রথম আলো
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
৪ অক্টোবর, ২০২৬ এ ৯:০০ AM · বাংলা ট্রিবিউন
এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি ঊর্বশীর
৪ অক্টোবর, ২০২৬ এ ৮:০০ AM · বাংলা ট্রিবিউন
মাঝরাতে জড়িয়ে ধরতে চেয়েছিলেন মদ্যপ পরিচালক, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা
৩ অক্টোবর, ২০২৬ এ ১১:১৭ AM · প্রথম আলো
