শাহজাদপুর সংবাদ

ঘাটাইল উপজেলা প্রশাসনের নাকের ডগায় ডেঙ্গুর ঝুঁকি, ময়লা-আবর্জনার স্তূপে দুর্ভোগ

২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৯ PM

ঘাটাইল উপজেলা প্রশাসনের নাকের ডগায় ডেঙ্গুর ঝুঁকি, ময়লা-আবর্জনার স্তূপে দুর্ভোগ

এ সালাম চান তরফদার, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা ও নোংরা পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে আবর্জনার স্তূপ পড়ে থাকায় সেখানে সৃষ্টি হয়েছে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ। পাশাপাশি প্রস্রাব-পায়খানার দুর্গন্ধে ওই এলাকায় স্বাভাবিকভাবে চলাচল ও অফিস কক্ষে প্রবেশ করাও কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।সোমবার (২১ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনের অংশে দীর্ঘদিনের ময়লা-আবর্জনা জমে রয়েছে। বিভিন্ন ধরনের বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে থাকায় পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে অপরিচ্ছন্ন পরিবেশ। ময়লা-আবর্জনা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীসহ সেবা নিতে আসা সাধারণ মানুষও ভোগান্তিতে পড়ছেন।স্থানীয়দের অভিযোগ, সরকারি কর্মকর্তাদের কার্যালয়ের আশপাশের পরিবেশ যেখানে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর থাকার কথা, সেখানে দীর্ঘদিন ধরে এমন নোংরা পরিবেশ বিরাজ করলেও কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়। বিশেষ করে বর্ষা মৌসুমে জমে থাকা পানি ও আবর্জনার কারণে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়তে পারে বলে মনে করছেন তারা।সরেজমিনে অবস্থানকালে তীব্র দুর্গন্ধের কারণে সেখানে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল বলে প্রতীয়মান হয়। এমন পরিবেশে কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।সচেতন মহলের দাবি, উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ কার্যালয়ের আশপাশে দীর্ঘদিন ধরে এ ধরনের অপরিচ্ছন্ন পরিবেশ কোনোভাবেই কাম্য নয়। দ্রুত ময়লা-আবর্জনা অপসারণ, জায়গাটি পরিষ্কার করা এবং ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় বর্জ্য জমতে না পারে, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।তাদের মতে, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দেওয়া হলেও ঘাটাইল উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি স্থানের এমন চিত্র উদ্বেগজনক। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হলে পরিবেশের পাশাপাশি সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকিও কমানো সম্ভব হবে।

The post ঘাটাইল উপজেলা প্রশাসনের নাকের ডগায় ডেঙ্গুর ঝুঁকি, ময়লা-আবর্জনার স্তূপে দুর্ভোগ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ