কেমন হবে প্রেডিক্টিভ ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ?
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৩৪ AM

ভোক্তা নিজের পছন্দের কথা অনুধাবন করার আগেই কি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বলে দিতে পারে তিনি কী কিনতে যাচ্ছেন? কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের যুগে ভোক্তা আচরণের পুরোনো ডেটা বিশ্লেষণ করে তাদের ভবিষ্যৎ সিদ্ধান্ত আগেভাগেই অনুমান করা এখন ডিজিটাল মার্কেটিংয়ের অন্যতম প্রধান কৌশলে পরিণত হয়েছে। মানুষের সার্চ হিস্ট্রি, কেনাকাটা কিংবা অনলাইন সার্চিংয়ের নানা সংকেত বিশ্লেষণ করে এআই বলে দিচ্ছে সঠিক সময়ে কার সামনে কোন বিজ্ঞাপনটি তুলে ধরতে হবে।
ভবিষ্যতের এই ‘প্রেডিক্টিভ টার্গেটিং’ কৌশল নিয়ে সম্প্রতি নিজেদের মতামত তুলে ধরেছেন ব্র্যান্ডিং ও মার্কেটিং খাতের শীর্ষ বিশেষজ্ঞরা। বিসি ওয়েব ওয়াইজের ক্রিয়েটিভ ডিরেক্টর অনুজা ভরদ্বাজ জানান, এআই আমাদের মনের কথা পড়তে না পারলেও ইন্টারনেটে রেখে যাওয়া আমাদের আচরণের ছাপ বা সংকেত পড়তে পারে।
এআইয়ের কাজের ধরন নিয়ে অনুজা ভরদ্বাজ বলেন, প্রতিটি সার্চ, ভিডিও দেখার মাঝে থমকে যাওয়া, কার্টে পণ্য জমিয়ে রাখা কিংবা ভিজিটের ধরন আলাদাভাবে সামান্য মনে হলেও, যৌথভাবে এগুলো বড় কোনও পরিবর্তনের পূর্বাভাস দেয়। এআই লাখ লাখ সংকেত একযোগে বিশ্লেষণ করে বিপণনকারীদের প্রশ্ন বদলে দিয়েছে, ‘কী কাজ করেছিল?’ থেকে এখন প্রশ্ন উঠেছে ‘কার জন্য, কখন, কী কাজ করার সম্ভাবনা রয়েছে?’
তবে অ্যালগরিদমের এই অনুমান নিয়ে একটি প্রশ্ন তুলেছেন তিনি, ‘একটি অ্যালগরিদম যদি বারবার আপনাকে কোনও পণ্যের দিকে ঠেলে দেয় এবং শেষ পর্যন্ত আপনি তা কেনেন, তবে এআই কি আপনার ইচ্ছার পূর্বাভাস পেয়েছিল, নাকি ইচ্ছাটি তৈরি করতে সাহায্য করেছিল?’ তিনি আরও মনে করেন, এআই প্যাটার্ন বুঝতে ও সিদ্ধান্তের সর্বোচ্চ ব্যবহারে সফল হলেও একটি ব্র্যান্ডকে নতুন রূপ দিতে বা পরিবর্তন আনতে মানুষের অনুভূতি ও সৃজনশীলতার কোনও বিকল্প নেই।
অন্যদিক থেকে বিষয়টি বিশ্লেষণ করেছেন স্টার্টার মানডে ডিজাইন অ্যান্ড ব্র্যান্ডিং কো-এর প্রতিষ্ঠাতা প্রতিশ নেপানি। তিনি বলেন, এআই আসলেই ভবিষ্যৎ অনুমান করছে না; এটি প্যাটার্ন শনাক্ত করছে। কিন্তু এটি এমন নিখুঁতভাবে করে যে তা অনুমানের মতোই মনে হয়।
মানুষের সিদ্ধান্ত নেওয়ার জটিল মনস্তত্ত্ব তুলে ধরে প্রতিশ নেপানি বলেন, এআই আচরণ অনুমান করতে পারে, কিন্তু মানুষ অর্থ বা আবেগ তৈরি করে। ডেটা সংকেত দেয়, আর মানুষের অনুভূতি উন্মোচন করে আসল অর্থ। ভোক্তারা কেবল যুক্তিতে পণ্য কেনে না; তারা বিশ্বাস, স্মৃতি, আকাঙ্ক্ষা বা আবেগের কারণে কেনাকাটা করে। কোনও গ্রাহক এআইয়ের ছকে কোনও ব্র্যান্ডের জন্য নিখুঁত হলেও বন্ধুর সুপারিশে বা শৈশবের স্মৃতির কারণে অন্য ব্র্যান্ড বেছে নিতেই পারে।
বিশেষজ্ঞদের মতে, এআই এজেন্টদের স্বয়ংক্রিয়ভাবে ই-কমার্স, টিকিট বুকিং বা পণ্য ক্রয়ের মতো কাজে যুক্ত হওয়ার এ যুগে প্রেডিক্টিভ মার্কেটিংয়ের ভবিষ্যৎ কেবল এআইয়ের হাতে থাকবে না। সফল হবে তারাই, যারা প্রযুক্তি ও ডেটার পাশাপাশি মানুষের অনুভূতি ও প্রকৃত মানবিক বোধকে একসূত্রে বাঁধতে পারবে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
সৌর প্যানেলের মাধ্যমে প্লাস্টিককে হাইড্রোজেন জ্বালানিতে রূপান্তর করেছেন কেমব্রিজের গবেষকেরা
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩২ PM · প্রথম আলো
সূর্য ও চাঁদের আকর্ষণের প্রভাবে পৃথিবীতে কি সত্যিই ভূমিকম্প হতে পারে
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
ট্রুকলারে এক ক্লিকেই যাচাই করা যাবে সন্দেহজনক লিংক ও মেসেজ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৬ AM · বাংলা ট্রিবিউন
গুগল ম্যাপসে ভুয়া তথ্য দিয়ে নিজের নামে রাস্তার নামকরণ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৫০ PM · প্রথম আলো
জাপানে সন্ধান পাওয়া ডাইনোসরের জীবাশ্ম নিয়ে নতুন তথ্য
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
