গুগল ম্যাপসে ভুয়া তথ্য দিয়ে নিজের নামে রাস্তার নামকরণ
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৫০ PM

কোনো রাস্তার নাম ভুল থাকলে তা সংশোধন করার পাশাপাশি নতুন কোনো রাস্তার নাম গুগল ম্যাপসে যুক্ত করার সুযোগ থাকায় সহজেই সঠিক গন্তব্য খুঁজে পাওয়া যায় গুগল ম্যাপসে। আর তাই অচেনা কোনো স্থান বা শহরে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার দিকনির্দেশনা পেতে গুগল ম্যাপস ব্যবহার করেন অনেকেই। ব্যবহারকারীদের দেওয়া তথ্য যাচাই করে প্রকাশ করলেও কখনো কখনো ভুল তথ্যও গুগল ম্যাপসে জায়গা করে নেয়। চীনের বেইজিংয়ে ভুল তথ্য দিয়ে গুগল ম্যাপসে নিজের নামে একটি রাস্তার নামকরণ করছিলেন গে ইউলু নামের এক ব্যক্তি।
২০১৩ সালে বেইজিংয়ের চাওইয়াং এলাকায় একটি রাস্তার নামের সাইনবোর্ড না থাকায় বিষয়টি গে ইউলুর নজরে পড়ে। প্রশাসনিক জটিলতার কারণে রাস্তাটিতে সাইনবোর্ড বসানো হয়নি। গে ইউলু তখন নিজেই একটি সাইনবোর্ড তৈরি করে সেখানে লাগিয়ে দেন। সাইনবোর্ডে রাস্তার নাম লেখা হয় ‘গে ইউ লু’। চীনা ভাষায় ‘লু’ শব্দের অর্থ রাস্তা। আবার ‘লু’ গে ইউলুর নিজের নামেরও অংশ। ফলে সাইনবোর্ডে লেখা নামটি স্থানীয়দের কাছে অস্বাভাবিক মনে হয়নি। দেখতে সরকারি সাইনবোর্ডের মতো হওয়ায় অনেকেই সেটিকে সত্যিকারের রাস্তার নাম হিসেবে গ্রহণ করেন।
গে ইউলুর তৈরি করা সাইনবোর্ডটি যে এতটা প্রভাব ফেলবে, তা হয়তো তিনি নিজেও ভাবেননি। ২০১৫ সালের মধ্যে ‘গে ইউ লু’ নামটি সরকারি নথিতে যুক্ত হয়ে যায়। এরপর নামটি বিভিন্ন মানচিত্র ও নেভিগেশন সেবায়ও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে গুগল ম্যাপসেও রাস্তার নামটি দেখা যায়। পরে অবশ্য বিষয়টি ধরা পড়ে। সাইনবোর্ডটি সরিয়ে ফেলা হয় এবং বিভিন্ন মানচিত্রে থাকা রাস্তার নামও সংশোধন করা হয়। তবে এর আগে কয়েক বছর ধরে নিজের নামে একটি রাস্তার নাম সরকারি নথি ও অনলাইন মানচিত্রে থাকার বিরল অভিজ্ঞতা পেয়েছিলেন গে ইউলু।
অনলাইন মানচিত্রে রাস্তার নাম পরিবর্তন বা নতুন কোনো রাস্তা যুক্ত করার ক্ষেত্রে সরকারি সংস্থার তথ্য খুবই গুরুত্বপূর্ণ। তবে ব্যবহারকারীদেরও তথ্য সংশোধন বা নতুন তথ্য যোগ করার সুযোগ রয়েছে। গুগল ম্যাপসে প্লাস (+) আইকনে ক্লিক করে ব্যবহারকারীরা ভুল রাস্তার নাম সংশোধনের প্রস্তাব দিতে পারেন। মানচিত্রে কোনো রাস্তা না থাকলে সেটিও যোগ করার সুযোগ রয়েছে। ব্যবহারকারীদের দেওয়া তথ্য অবশ্য সরাসরি মানচিত্রে প্রকাশ করা হয় না। ভুল বা ভুয়া তথ্য ঠেকাতে গুগল মানবকর্মীর পাশাপাশি মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করে এসব তথ্য যাচাই করে।
গে ইউলুর দেওয়া রাস্তার নাম নথিভুক্ত করেছিল চীনের জনপ্রিয় মানচিত্র সেবা বাইদু ম্যাপসও। রাস্তার নামের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে বাইদু মানুষ ও স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে। তবে গে ইউলুর তৈরি সাইনবোর্ডটি দেখতে সরকারি সাইনবোর্ডের মতো হওয়ায় সেটি ভুয়া, বিষয়টি যাচাইয়ের সময় ধরা পড়েনি বলে ধারণা করা হয়। বাইদু ম্যাপসে নামটি যুক্ত হওয়ার পর সেটি অন্য মানচিত্র সেবাগুলোতেও ছড়িয়ে পড়ে। অ্যাপল ম্যাপস, গুগল ম্যাপস ও অটোনাভির মতো সেবাতেও একসময় ‘গে ইউ লু’ নামটি দেখা যায়।
সূত্র: বিজিআর ডটকম
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
জাপানে সন্ধান পাওয়া ডাইনোসরের জীবাশ্ম নিয়ে নতুন তথ্য
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
অ্যান্ড্রয়েড ফোনে লুকিয়ে থাকা দরকারি ৫ ‘ডেভেলপার সেটিংস’
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৫ AM · বাংলা ট্রিবিউন
মাস্কেই হবে শরীরের গুরুত্বপূর্ণ টেস্ট, লাগবে মাত্র ৮ মিনিট
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২৫ AM · বাংলা ট্রিবিউন
শিশুদের আসক্ত করার অভিযোগে মামলা: ১০০ মিলিয়ন ডলারে সমঝোতা করলো টিকটক
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৫ AM · বাংলা ট্রিবিউন
কোড তৈরি ও এআই এজেন্টসহ কোপাইলটে নতুন সুবিধা আনল মাইক্রোসফট
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৮ AM · প্রথম আলো
