শাহজাদপুর সংবাদ

শিশুদের আসক্ত করার অভিযোগে মামলা: ১০০ মিলিয়ন ডলারে সমঝোতা করলো টিকটক

২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৫ AM

শিশুদের আসক্ত করার অভিযোগে মামলা: ১০০ মিলিয়ন ডলারে সমঝোতা করলো টিকটক

শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তুলতে টিকটককে এমনভাবে তৈরি করা হয়েছে, এমন অভিযোগে যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের করা মামলা নিষ্পত্তিতে অন্তত ১০০ মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছে টিকটক। আগামী সপ্তাহেই মামলাটির বিচার শুরু হওয়ার কথা ছিল।

রয়টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি নিয়ে কোনো অঙ্গরাজ্যের করা মামলায় টিকটকের এটি প্রথম সমঝোতা। গত বছর টিকটক ও এর মালিক প্রতিষ্ঠান চীনা কোম্পানি বাইটড্যান্সের বিরুদ্ধে মামলা করে আলাবামা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি নিয়ে টিকটকের বিরুদ্ধে এটিই একমাত্র মামলা নয়। ২০২৪ সালে আরও এক ডজনের বেশি অঙ্গরাজ্য টিকটকের বিরুদ্ধে মামলা করে। এসব মামলায় অভিযোগ করা হয়, কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত করে তুলতে ইচ্ছাকৃতভাবে অ্যাপটি এমনভাবে তৈরি করা হয়েছে।

অর্থ দেওয়ার পাশাপাশি ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য বেশ কিছু পরিবর্তন আনতেও রাজি হয়েছে টিকটক। এসব পদক্ষেপের লক্ষ্য হলো বিভিন্ন অঙ্গরাজ্যের মামলায় ওঠা উদ্বেগের সমাধান করা। টিকটকের নেওয়া নিরাপত্তাব্যবস্থাগুলো অনেকটা মেটার সঙ্গে ৪৭টি অঙ্গরাজ্যের করা সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির অভিযোগের মামলার সমঝোতার মতো। মেটা ওই মামলাগুলো নিষ্পত্তিতে ১৮ বিলিয়ন ডলারে সমঝোতা করেছিল।

নতুন ব্যবস্থার আওতায় অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য প্রতিদিন টিকটক ব্যবহারের সময়সীমা দুই ঘণ্টা নির্ধারণ করা হবে। অভিভাবকদের জন্য অতিরিক্ত নিয়ন্ত্রণের সুবিধাও দেওয়া হবে, যার মাধ্যমে তারা এই সময়সীমা আরও কমিয়ে দিতে পারবেন।

এ ছাড়া টিকটকে সীমাহীন স্ক্রলিং এবং রাতের বেলায় অ্যাপ ব্যবহারের ওপরও বিধিনিষেধ দেওয়া হবে। তরুণ ব্যবহারকারীদের জন্য সৌন্দর্যবর্ধক ফিল্টার নিষিদ্ধ করা হবে। পাশাপাশি তাদের জন্য ব্যক্তিগত পছন্দের ওপর ভিত্তি করে তৈরি নয়, এমন কনটেন্ট ফিডের সুবিধাও দেওয়া হবে। টিকটক এসব পরিবর্তন বাস্তবায়নে ব্যর্থ হলে সর্বোচ্চ ৩০০ মিলিয়ন ডলার পর্যন্ত অর্থ দিতে হতে পারে।

এর আগে আগস্টে শিশুদের গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের করা মামলা নিষ্পত্তিতেও টিকটক ৪০০ মিলিয়ন ডলার দিতে রাজি হয়। ওই সময় বিচার বিভাগ স্বীকার করেছিল, মামলা করার পর থেকে টিকটকের নীতিমালা ও মালিকানায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

এর আগে জানুয়ারিতে টিকটক যুক্তরাষ্ট্রে একটি নতুন প্রতিষ্ঠানও গঠন করেছিল। এর মাধ্যমে অ্যাপটির নিয়ন্ত্রণ চীনের বাইরে থাকা বিনিয়োগকারীদের হাতে দেওয়া হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ