কিউআর কোড কী, এর ব্যবহার বাড়ছে কেন
২৪ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৭ PM

কোনো ওয়েবসাইটের ঠিকানা না লিখে করে বা অনলাইনে খোঁজাখুঁজি না করেই প্রয়োজনীয় তথ্য ও সেবা পাওয়ার সহজ উপায় কিউআর কোড। স্মার্টফোনের ক্যামেরা দিয়ে একটি কোড স্ক্যান করলেই ব্যবহারকারী পৌঁছে যেতে পারেন নির্দিষ্ট ওয়েবসাইটে। একইভাবে কোনো স্থানে উপস্থিতি নিবন্ধন করা কিংবা ওয়াই–ফাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার কাজও করা যায়। দ্রুত তথ্য আদান–প্রদান ও ডিজিটাল সেবা ব্যবহারের সুবিধার কারণে দৈনন্দিন জীবনে নানা ক্ষেত্রে কিউআর কোডের ব্যবহার বাড়ছে।
কিউআর (কুইক রেসপন্স) কোড একধরনের দ্বিমাত্রিক বারকোড। দেখতে বর্গাকার এই কোডে বিভিন্ন তথ্য সাংকেতিক পদ্ধতিতে সংরক্ষণ করা হয়। প্রচলিত বারকোডে তথ্য কালো রেখার মাধ্যমে প্রকাশ করা হলেও কিউআর কোডে কালো ও সাদা ছোট ছোট বর্গাকার ঘরের বিন্যাসে তথ্য রাখা হয়।
কিউআর কোডে ওয়েবসাইটের ঠিকানা, লেখা ও অন্যান্য ডিজিটাল তথ্য রাখা যায়। স্মার্টফোনের ক্যামেরা বা কিউআর কোড রিডার দিয়ে কোডটি স্ক্যান করলে এর মধ্যে থাকা তথ্য অনুযায়ী নির্দিষ্ট কাজ সম্পন্ন হয়। যেমন কোনো ওয়েবসাইট খুলে যাওয়া, নির্দিষ্ট স্থানে ব্যবহারকারীর উপস্থিতি নিবন্ধন করা কিংবা ওয়াই–ফাই নেটওয়ার্কের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হওয়া। সাধারণত কিউআর কোডে অ্যাসকি (আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ) বিন্যাসের লেখা সংরক্ষণ করা হয়। তবে এতে বাইনারি তথ্যও রাখা সম্ভব।
জাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার সহযোগী প্রতিষ্ঠান ডেনসো ওয়েভ ১৯৯৪ সালে প্রথম কিউআর কোড তৈরি করে। শুরুতে গাড়ির যন্ত্রাংশ শনাক্ত করার পাশাপাশি উৎপাদনপ্রক্রিয়া সহজ করতে এটি তৈরি করা হয়েছিল। পরে জাপানে এর ব্যবহার দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। ২০১০ সাল নাগাদ যুক্তরাষ্ট্র ও ইউরোপেও কিউআর কোডের ব্যবহার ছড়িয়ে পড়ে।
বর্তমানে তথ্য আদান–প্রদান, বিপণন ও ডিজিটাল সেবা দেওয়ার কাজে কিউআর কোডের ব্যবহার বেশি দেখা যায়। তবে ভবিষ্যতে এর প্রয়োগ আরও বিস্তৃত হতে পারে। বিশেষ করে রোবট ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ক্ষেত্রে কিউআর কোড নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। কোনো নির্দিষ্ট স্থানে থাকা কোড স্ক্যান করে রোবট প্রয়োজনীয় নির্দেশনা বা হালনাগাদ তথ্য সংগ্রহ করতে পারবে। এর ফলে স্বয়ংক্রিয় ব্যবস্থায় তথ্য সরবরাহ ও কাজ পরিচালনা আরও সহজ হতে পারে। সূত্র: ফর্টিনেট ডটকম
আহসান হাবীব
টেকবার্তার সঙ্গে যোগাযোগ: techbarta@prothomalo.com
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
অনলাইনে জিটিএ ৬ গেমের ভুয়া পিসি সংস্করণ, ডাউনলোড করলেই বিপদ
২৪ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
দীর্ঘক্ষণ গুগল ম্যাপস ব্যবহারে ব্যাটারি সাশ্রয়ের কৌশল
২৪ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · বাংলা ট্রিবিউন
এনভিডিয়া কেলেঙ্কারি: এশীয় এআই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
২৪ নভেম্বর, ২০২৬ এ ৯:১৭ AM · বাংলা ট্রিবিউন
দেশজুড়ে সংঘাতের আগুন, ‘ঘি ঢালছে’ সামাজিক যোগাযোগমাধ্যম
২৩ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৬ PM · বাংলা ট্রিবিউন
জাতীয় বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ
২৩ নভেম্বর, ২০২৬ এ ৯:৫৪ PM · বাংলা ট্রিবিউন
