শাহজাদপুর সংবাদ

এবার কার্সের হাতে হ্যান্ডকাফ, ইংলিশ ক্রিকেটে আরেক নাইট ক্লাব–কাণ্ড

২৪ আগস্ট, ২০২৬ এ ১১:১২ AM

এবার কার্সের হাতে হ্যান্ডকাফ, ইংলিশ ক্রিকেটে আরেক নাইট ক্লাব–কাণ্ড

ইংলিশ ক্রিকেটে আবারও নাইট ক্লাব–কাণ্ড। এবার পুলিশের হাতে হ্যান্ডকাফ পরা অবস্থায় দেখা গেল ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্সকে। শনিবার রাতে ডার্বির একটি নাইট ক্লাবের বাইরে তাঁকে পুলিশ ঘিরে রেখেছিল—এমন একটি ভিডিও প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ। ভিডিওতে সাবেক ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকেও দেখা গেছে।

এরই মধ্যে ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এ নিয়ে গত এক বছরের মধ্যে রাতের কাণ্ডের ঘটনায় জড়ালেন ইংল্যান্ডের আট ক্রিকেটার।

ইংল্যান্ড-পাকিস্তান চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচের স্কোয়াডে ছিলেন কার্স। তবে হেডিংলি টেস্টের একাদশে জায়গা না হওয়ায় তাঁকে কাউন্টি দল ডারহামের হয়ে খেলতে ছেড়ে দেওয়া হয়েছিল। ডার্বিশায়ারের বিপক্ষে সেই ম্যাচে ডারহাম ৩৩৮ রানে জেতে। কার্স করেন ২৬ রান, নেন ২ উইকেট। গার্ডিয়ানের খবরে বলা হয়, ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন করতে গিয়েছিলেন কার্স। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পরে দ্য টেলিগ্রাফ প্রকাশ করে। তাতে দেখা যায়, দুই হাত পেছনে রেখে হ্যান্ডকাফ পরানো অবস্থায় পুলিশের মধ্যে দাঁড়িয়ে আছেন কার্স। তাঁর সঙ্গে কথা বলছিলেন ডারহাম ও ইংল্যান্ডের সতীর্থ ম্যাথু পটস। ভিডিওর পেছনে দেখা যায় সাবেক ইংল্যান্ড অধিনায়ক স্টোকসকেও।

ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছিল, সেটি এখনো পরিষ্কার নয়। তবে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, কার্সকে পুলিশ কিছু সময়ের জন্য আটক করেছিল, কিন্তু গ্রেপ্তার করা হয়নি। পরে তিনি দলের হোটেলেও ফিরে যান। পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

কার্সের এ ঘটনায় নতুন করে আলোচনায় ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুটের সাম্প্রতিক মন্তব্য। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগের দিনই রুট বলেছিলেন, সাম্প্রতিক সময়ে নিজেদের ভাবমূর্তি রক্ষায় ইংল্যান্ডের খেলোয়াড়েরা কয়েকবার ব্যর্থ হয়েছেন। সেটি বদলাতে খেলোয়াড়দের ‘ভালো রোল মডেল’ ও ‘ভালো মানুষ’ হতে হবে।

পাকিস্তানের বিপক্ষে লর্ডসে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলেও আছেন কার্স। ডারহামের হয়ে খেলে সোমবার ইংল্যান্ড দলের সঙ্গে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে, সেটি এখনো জানা যায়নি।

ইংলিশ ক্রিকেটে অবশ্য এমন ঘটনা এই প্রথম নয়। গত বছরের হ্যালোইনের পর থেকে আটজন ইংলিশ ক্রিকেটার কোনো না কোনো রাতের কাণ্ডে জড়িয়েছেন। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে নাইট ক্লাবের বাইরে হ্যারি ব্রুককে এক বাউন্সার ঘুষি মেরেছিলেন, ঘটনাস্থলে ছিলেন জ্যাকব বেথেল ও জশ টাং। অস্ট্রেলিয়া সফরের সময় নুসায় মদ্যপ অবস্থায় বেন ডাকেটকে ভিডিওতে দেখা যায়।

এরপর জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে লন্ডনের একটি নাইট ক্লাবে নিরাপত্তাকর্মীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় বেন স্টোকস ও গাস অ্যাটকিনসনও তদন্তের মুখে পড়েন। নিউজিল্যান্ড সিরিজের ওই ঘটনায় স্টোকস ও অ্যাটকিনসনকে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দিয়েছিল ইসিবি।

এবার নাইট ক্লাবের ঘটনায় যোগ হলো কার্সের নাম। তাঁর হাতে পুলিশ হ্যান্ডকাফ পরিয়েছিল ঠিক কী কারণে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেটিই এখন বড় প্রশ্ন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ