একজন মুমিন যে ৫ কারণে ব্যবসা করেন
২৩ নভেম্বর, ২০২৬ এ ৭:৩০ PM

ব্যবসা কেন করা হয়? আধুনিক বাণিজ্যের পাঠশালা কিংবা প্রচলিত সমাজব্যবস্থায় এই প্রশ্নের উত্তর একটিই—মুনাফা অর্জন এবং সম্পদের পাহাড় গড়া। কিন্তু জীবনের বড় একটি অংশ যে কর্মযজ্ঞে ব্যয় হয়, তার উদ্দেশ্য কি শুধুই কাগজের নোট জমানো?
ইসলামের জীবনদর্শনে ব্যবসা নিছক অর্থ উপার্জনের কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়; বরং সৎ নিয়ত ও মানবিক মূল্যবোধের ছোঁয়ায় ব্যবসা হয়ে উঠতে পারে মহান স্রষ্টার ইবাদতের এক অনন্য মাধ্যম।
পৃথিবীতে কোনো মানুষই একা স্বয়ংসম্পূর্ণ নয়। পোশাক, খাদ্য কিংবা প্রযুক্তির প্রতিটি অনুষঙ্গের জন্য আমরা একে অপরের মুখাপেক্ষী। মহান আল্লাহ মানুষকে এভাবেই পরস্পরের সহযোগী হিসেবে সৃষ্টি করেছেন, যেন তারা একে অপরের সেবায় নিয়োজিত হতে পারে। (সুরা জুখরুফ, আয়াত: ৩২)
ইসলামের দৃষ্টিতে ব্যবসার প্রথম উদ্দেশ্য হলো মানুষের প্রকৃত প্রয়োজন পূরণ করা—কারও অসহায়ত্বকে পুঁজি করে শোষণ করা নয়।
আধুনিক বিপণনব্যবস্থায় অনেক সময় চটকদার বিজ্ঞাপন ও মানসিক চাপ সৃষ্টি করে মানুষকে অপ্রয়োজনীয় পণ্য কিনতে প্রলুব্ধ করা হয়। অথচ ইসলামি বাণিজ্যের প্রাণ হলো ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক স্বতঃস্ফূর্ত সন্তুষ্টি। (সুরা নিসা, আয়াত: ২৯)
মদিনায় যখন তীব্র পানির সংকট চলছিল, তখন ওসমান (রা.) চড়া দামে পানি বিক্রি করে মুনাফা লুটতে পারতেন; কিন্তু তিনি কূপটি কিনে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। মানুষের কষ্ট লাঘব করাই ছিল তাঁর কাছে আসল লাভ।
ইতিহাসের পাতায় দেখা যায়, মুসলিম ব্যবসায়ীরাই নিজেদের উপার্জিত অর্থ দিয়ে বিদ্যালয়, হাসপাতাল ও গবেষণাগার গড়ে তুলেছিলেন। নবীজি আনন্দিত চিত্তে বলেছিলেন, সৎ মানুষের হাতে থাকা হালাল সম্পদ কতই না উত্তম! (ইমাম বুখারি, আল-আদাবুল মুফরাদ, হাদিস: ২৯৯)
অনেকেই রাতারাতি বিশাল বিত্তবৈভবের মালিক হওয়ার স্বপ্নে বিভোর হয়ে ব্যবসা শুরু করেন, আর সেই লক্ষ্যে পৌঁছাতে না পেরে হতাশায় ভেঙে পড়েন। অথচ ব্যবসার দ্বিতীয় মহৎ উদ্দেশ্য হলো কারও কাছে হাত না পেতে হালাল উপার্জনের মাধ্যমে নিজের ও পরিবারের আত্মমর্যাদা রক্ষা করা।
ইসলামি আইনজ্ঞ ড. হুসামুদ্দিন আফানাহ ব্যবসায়ীদের উদ্দেশে লিখেছেন, একজন ব্যবসায়ীর মূল নিয়ত হওয়া উচিত হালাল জীবিকার মাধ্যমে নিজেকে হারাম থেকে বাঁচানো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। (হুসামুদ্দিন আফানাহ, ফিকহুত তাজিরিল মুসলিম, পৃ. ২৫, মাকতাবাতু দান্দিস, জেরুজালেম, ২০০৮)
ইসলাম সম্পদ অর্জনে বাধা দেয় না, তবে সম্পদের অন্ধ প্রতিযোগিতা মানুষকে যেভাবে আত্মকেন্দ্রিক করে তোলে, সে বিষয়ে সতর্ক করে। (সুরা তাকাসুর, আয়াত: ১-২)
নবীজি (সা.) আমাদের শিখিয়েছেন, ধনসম্পদের প্রাচুর্যে প্রকৃত ধনী হওয়া যায় না; বরং প্রকৃত সচ্ছলতা হলো অন্তরের প্রশান্তি। (সহিহ মুসলিম, হাদিস: ১০৫১)
সমাজের অপরিহার্য চাহিদাগুলো—যেমন নিরাপদ খাদ্য, চিকিৎসা বা প্রয়োজনীয় প্রযুক্তি—পূরণে এগিয়ে আসা ইসলামি পরিভাষায় ‘ফরজে কিফায়াহ’ বা সামষ্টিক দায়িত্ব।
ইমাম গাজালি (রহ.) উল্লেখ করেছেন যে সমাজের জরুরি পেশা ও বাণিজ্যগুলো পরিত্যক্ত হলে মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়বে; তাই ব্যবসায়ীদের উচিত এমন প্রয়োজনীয় খাতে কাজ করা, যা পুরো সমাজের অভাব দূর করে। (ইমাম গাজালি, ইহইয়াউ উলুমিদ্দিন, ২/৮৩, দারুল মারিফাহ, বৈরুত, ১৯৮২)
ইসলামের দৃষ্টিতে ব্যবসা হতে হবে প্রবহমান নদীর মতো, বদ্ধ জলাশয়ের মতো নয়। জাকাত ও সুদমুক্ত অর্থনীতির মাধ্যমে ইসলাম চায় সম্পদ যেন এক জায়গায় কুক্ষিগত না থেকে কর্মসংস্থান ও ন্যায্য মজুরির মাধ্যমে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে।
একজন মুমিন ব্যবসায়ী তাঁর উদ্যোগের মাধ্যমে অন্যদের জীবিকার পথ তৈরি করে দেন।
ব্যবসার পঞ্চম ও সর্বশেষ উদ্দেশ্য হলো প্রতিদিনের লেনদেনের মধ্য দিয়ে নিজের নৈতিক ও আত্মিক উন্নতি সাধন। পণ্যের ত্রুটি গোপন না করা, ঘুষ বা প্রতারণার আশ্রয় না নেওয়া এবং বিপদগ্রস্ত ঋণগ্রহীতাকে সময় দেওয়া—প্রতিটি সিদ্ধান্তেই একজন ব্যবসায়ীর ইমানের পরীক্ষা হয়।
রাসুল (সা.) ঘোষণা করেছেন, ক্রেতা ও বিক্রেতা যদি সত্য বলে এবং সবকিছু স্পষ্ট করে, তবে তাদের লেনদেনে বরকত দান করা হয়। (সহিহ বুখারি, হাদিস: ২০৭৯)
এমনকি এমন সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী পরকালে নবী, সিদ্দিক ও শহিদদের সঙ্গে থাকবেন বলেও সুসংবাদ দেওয়া হয়েছে। (সুনানে তিরমিজি, হাদিস: ১২০৯)
পৃথিবী একটি ব্যবসার সফলতা মাপে বছরের শেষের লাভ-ক্ষতির খতিয়ান দিয়ে, আর ইসলাম তা মাপে মানুষের দোয়া ও আল্লাহর বরকত দিয়ে। অর্থ উপার্জন যখন লক্ষ্য না হয়ে মানবসেবা ও স্রষ্টার সন্তুষ্টির মাধ্যম হয়ে ওঠে, তখন ব্যবসার প্রতিটি হিসাবই রূপ নেয় এক সুন্দর ইবাদতে।
সূত্র: প্রথম আলো
