শাহজাদপুর সংবাদ

ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে কবি ও কবিতা পরিষদ-সিরাজগঞ্জের অংশগ্রহণ

২১ নভেম্বর, ২০২৬ এ ১০:২৮ PM

ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে কবি ও কবিতা পরিষদ-সিরাজগঞ্জের অংশগ্রহণ

মোঃ হোসেন আলী ছোট্ট:সাহিত্যের বন্ধন ছড়িয়ে দিতে এবং কবি-সাহিত্যিকদের মধ্যে পারস্পরিক ভাববিনিময়ের লক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত নোঙর জাতীয় সাহিত্য উৎসব-২০২৬-এ অংশগ্রহণ করেছে সিরাজগঞ্জের অন্যতম সাহিত্য সংগঠন ‘কবি ও কবিতা পরিষদ-সিরাজগঞ্জ’। দেশ-বিদেশের কবি, সাহিত্যিক, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মিলনমেলায় সংগঠনটির অংশগ্রহণ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।‘চেতনায় কবিতা, মননে কবিতা, চলো বহুদূর’—এই স্লোগানকে ধারণ করে শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মিলনায়তনে দিনব্যাপী এ সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন ‘নোঙর’ এ উৎসবের আয়োজন করে। এতে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, বেলারুশ, কাজাখস্তান ও রাশিয়াসহ বিভিন্ন দেশের কবি-সাহিত্যিকরা অংশ নেন।কবি ও কবিতা পরিষদ-সিরাজগঞ্জের আহ্বায়ক, কবি ও সাংবাদিক মো. আজিজুর রহমান মুন্নার নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল উৎসবে অংশগ্রহণ করে। দলে ছিলেন কবি ও সাবেক অধ্যক্ষ অধ্যাপিকা আখিরাত জিনাত মহল স্বপ্না, কবি ও শিক্ষিকা মীনা পারভীন, কবি আবু জাফর খান টিপু, শাহ মো. ফয়সাল হায়দার রুবেল, শহিদুল ইসলাম ফরিদ, সাংবাদিক মো. হোসেন আলী ছোট্ট, শাহ আলম, মোতালেব, জয়নাল আবেদীন, নতুন শিরাজী, কবি-সম্পাদক ও সাংবাদিক মো. আব্দুর রাজ্জাক রাজু এবং কবি সঞ্জু কাদেরসহ অনেকে।উৎসবের উদ্বোধনী পর্বে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন, র‌্যালি, অংশগ্রহণকারী কবিদের ফুলেল শুভেচ্ছা, ব্যাজ ও উত্তরীয় পরিয়ে বরণ এবং কবিদের রচিত গ্রন্থ ও কবি ব্যাগ বিতরণ করা হয়। পরে বিভিন্ন অধিবেশনে সাহিত্যবিষয়ক আলোচনা, স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট উপস্থাপক শাম্মী আজিজ বাবুল।দিনব্যাপী আয়োজনে সভাপতিত্ব করেন নোঙরের মুখ্য সমন্বয়ক অধ্যাপক হাসানুজ্জামান। দ্বিতীয় অধিবেশনে উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন বরেণ্য কবি জাহিদ হায়দার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক আনোয়ার হোসেন মল্লিক এবং মাহবুবুর রহমান পলাশ।তৃতীয় অধিবেশনে ‘সাহিত্য আন্তঃসংযোগ ও বিশ্ব পরিক্রমা’ শীর্ষক আলোচনায় ভারত, নেপাল ও বাংলাদেশের কবি-সাহিত্যিকরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন ভারতীয় কবি ও আবৃত্তিকার মানিক পণ্ডিত এবং মুখ্য আলোচক ছিলেন কবি ও প্রাবন্ধিক আব্দুল কাউয়ুম। এ পর্বে বিভিন্ন জেলার কবিরা স্বরচিত কবিতা পাঠ করেন। কবি ও কবিতা পরিষদ-সিরাজগঞ্জের সদস্যরাও কবিতা পাঠে অংশ নেন।চতুর্থ অধিবেশনে ‘সাহিত্য ও লিটল ম্যাগাজিনের ভূমিকা’ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরবর্তী অধিবেশনে ‘কবিতা কল্পনালতা: অনুভবে অনুধ্যানে’ শীর্ষক আলোচনায় কবি, গবেষক ও শিক্ষাবিদরা বক্তব্য দেন। এ পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও কবিতা পরিষদ-সিরাজগঞ্জের আহ্বায়ক মো. আজিজুর রহমান মুন্না।উৎসবের সমাপনী অধিবেশনে ‘ঠাঁই’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। দিনব্যাপী এ আয়োজন কবি-সাহিত্যিকদের মধ্যে সৌহার্দ্য, সাহিত্যচর্চা ও আন্তঃদেশীয় সাংস্কৃতিক যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হয়।

The post ঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে কবি ও কবিতা পরিষদ-সিরাজগঞ্জের অংশগ্রহণ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ