আজ নতুন আইফোন আনছে অ্যাপল, অনলাইনে অনুষ্ঠানটি দেখবেন যেভাবে
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০১ AM

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় অ্যাপল পার্কে নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচন অনুষ্ঠান করতে যাচ্ছে অ্যাপল। ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ নামের এ অনুষ্ঠান আজ বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে। অনুষ্ঠানে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের পাশাপাশি অ্যাপলের প্রথম ভাঁজ করা আইফোনের ঘোষণা আসতে পারে। নতুন অ্যাপল ওয়াচ, এয়ারপডস এবং স্মার্ট হোমের কয়েকটি পণ্যও উন্মোচন করা হতে পারে। এবারের অনুষ্ঠান অ্যাপলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাস দায়িত্ব নেওয়ার পর এটিই হতে যাচ্ছে তার নেতৃত্বে প্রথম বড় পণ্য উন্মোচন অনুষ্ঠান।
অনুষ্ঠানের মূল আকর্ষণ হবে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। নতুন পণ্য ও প্রযুক্তির বিষয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না জানালেও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইফোনের নতুন মডেল দুটিতে ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এ২০ প্রো চিপ ব্যবহার করা হতে পারে। নতুন চিপের কারণে ফোনের কর্মক্ষমতার পাশাপাশি তাপ নিয়ন্ত্রণ ও ব্যাটারি ব্যবস্থাপনায়ও উন্নতি হবে বলে ধারণা করা হচ্ছে।
আইফোনের ক্যামেরায়ও পরিবর্তন আনার গুঞ্জন রয়েছে। আইফোন ১৮ প্রো ম্যাক্সে পরিবর্তনশীল অ্যাপারচারযুক্ত ক্যামেরা যুক্ত হতে পারে। এ প্রযুক্তির মাধ্যমে ক্যামেরায় প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। ফলে বিভিন্ন পরিবেশে ছবি তোলার সময় আরও ভালো ফল পাওয়া যাবে। নতুন আইফোনের নকশায় বড় ধরনের পরিবর্তন না হলেও ক্যামেরা মডিউল কিছুটা বড় হতে পারে।
আইফোন ১৮ সিরিজের দাম নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই নানা ধরনের জল্পনা–কল্পনা চলছে প্রযুক্তি বিশ্বে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা না গেলেও স্মার্টফোন তৈরির বিভিন্ন উপকরণ, বিশেষ করে র্যামের দাম বাড়ায় এবার নতুন আইফোনের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন পূর্বাভাস অনুযায়ী, আইফোন ১৮ প্রোর দাম ১ হাজার ১৯৯ ডলার থেকে শুরু হতে পারে।
আজকের অনুষ্ঠানে সবচেয়ে বড় চমক হতে পারে অ্যাপলের প্রথম ভাঁজ করা আইফোন। বিভিন্ন প্রতিবেদনে ফোনটির সম্ভাব্য নাম হিসেবে ‘আইফোন আলট্রা’র কথা বলা হচ্ছে। গুঞ্জন অনুযায়ী, বইয়ের মতো ভাঁজ করা যাবে ফোনটি। খোলার পর ভেতরে ৭ দশমিক ৮ ইঞ্চির একটি বড় পর্দা থাকবে। ভাঁজ করা অবস্থায় ব্যবহারের জন্য বাইরে প্রায় ৫ দশমিক ৩ ইঞ্চির আরেকটি পর্দা থাকতে পারে। ফোনটিতে এ২০ প্রো চিপের পাশাপাশি ১২ গিগাবাইট মেমোরি থাকার কথাও শোনা যাচ্ছে। ক্যামেরার ক্ষেত্রে পেছনে দুটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। তবে টেলিফটো ক্যামেরা না থাকার সম্ভাবনাই বেশি। নিরাপত্তার জন্য ফোনটিতে ফেস আইডির বদলে টাচ আইডি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ফোনটির দাম ২ হাজার ৫০০ ডলার পর্যন্ত হতে পারে।
আইফোনের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচও উন্মোচন করতে পারে অ্যাপল। অ্যাপল ওয়াচ সিরিজ ১২-এ বড় ধরনের নকশাগত পরিবর্তনের বদলে স্বাস্থ্যসুবিধা ও সেন্সরে উন্নতি আনার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, অ্যাপল ওয়াচ আলট্রা ৪-এর নকশায় পরিবর্তন আসতে পারে। অনুষ্ঠানে দেখা মিলতে পারে এয়ারপডস ৫। এয়ারপডসটিতে হৃৎস্পন্দন পরিমাপের সুবিধা যুক্ত হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
অনুষ্ঠানে শুধু আমন্ত্রিত অতিথিরা সরাসরি অংশ নেবেন। তবে বিশ্বজুড়ে অ্যাপলপ্রেমীদের জন্য অ্যাপলের ওয়েবসাইটে (apple.com) অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে অ্যাপল। ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপলের ইউটিউব চ্যানেল (https://www.youtube.com/user/apple) ও অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমেও অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
নিজেকে দেখতে চান আশির দশকে? ছবি বানাবেন যেভাবে
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৩ PM · বাংলা ট্রিবিউন
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১১ PM · বাংলা ট্রিবিউন
বিশ্বের সবচেয়ে বড় টি-রেক্স ডাইনোসরের মৃত্যু হয়েছিল যেভাবে
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০২ PM · প্রথম আলো
ল্যাপটপের ব্যাটারি এক চার্জে কতক্ষণ চলা স্বাভাবিক?
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২০ AM · বাংলা ট্রিবিউন
চীনে বিজ্ঞানীদের ছবি শোভা পাচ্ছে বিলবোর্ডে, কেন...
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১০ PM · প্রথম আলো
ডুয়াল নাকি ট্রাই-ব্যান্ড, কোন রাউটার আপনার জন্য?
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৫ AM · বাংলা ট্রিবিউন
