শাহজাদপুর সংবাদ

আজ আবার কমল সোনার দাম, ভরিতে ১,১০৮ টাকা

৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৯ PM

আজ আবার কমল সোনার দাম, ভরিতে ১,১০৮ টাকা

আজ বুধবার আবার দেশের বাজারে সোনার দাম কমেছে। মূলত বিশ্ববাজারে দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম কমেছে। আজ ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ১০৮ টাকা কমেছে। আজ সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে।

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম কমানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারে সমন্বয় করা হয়েছে।

সংগঠনটি দাম কমানোর জন্য স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ার কথা বললেও মূল বিষয় হলো বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়া। সে কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। আজ রুপার দাম অপরিবর্তিত আছে।

দাম কমার পর আজ থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম প্রতিভরি ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

আজ দাম কমানোর আগে সোনার দাম ছিল এ রকম: অর্থাৎ ২২ ক্যারেটের প্রতিভরি ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

এ ছাড়া আজ রুপার দাম অপরিবর্তিত আছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এখন ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের ৪ হাজার ২৫৭ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৭ টাকা।

এর আগে ৬ সেপ্টেম্বর ভালো মানের এক ভরি সোনার গয়নার দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা। আজ কমল ১ হাজার ১০৮ টাকা।

দেশের বাজারে সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২ লাখ ৮৬ হাজার টাকায়। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সেদিন সকালে একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ২ লাখ ৮৬ হাজার টাকায় দাঁড়ায়। এরপর সোনার দাম প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে আসে।

মাঝে কিছুদিন বৃদ্ধির পর দুই সপ্তাহ ধরে বিশ্ববাজারে সোনার দাম কমছে। ৯ সেপ্টেম্বর স্পট মার্কেটে সোনার দাম আউন্সপ্রতি প্রায় ১০ ডলার কমেছে। সোনার দাম এখন আউন্সপ্রতি ৪ হাজার ৩৮৬ ডলার।

গত এক মাসে সোনার দাম বেড়েছে মাত্র ১২ ডলারের কিছু বেশি। গত ছয় মাসে, অর্থাৎ ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর সোনার দাম আউন্সপ্রতি ৮৩৯ ডলার কমেছে। এর অর্থ হলো, এবার যুদ্ধের অনিশ্চয়তার মধ্যে সোনার দাম না বেড়ে উল্টো কমেছে। ডলারের মান শক্তিশালী থাকায় বিনিয়োগকারীরা সোনার দিকে অতটা ঝোঁকেননি।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ