আপনার অবর্তমানেও সন্তানের পড়াশোনা চলবে, কীভাবে করবেন শিক্ষাবিমা
৯ নভেম্বর, ২০২৬ এ ৮:৩০ AM

আপনার সন্তানের বয়স এখন আট বছর। স্কুলের পড়াশোনা চলছে। কয়েক বছর পর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, তারপর বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ কত হবে, তা কি ভেবে দেখেছেন? এখন যে টাকায় সন্তানের পড়াশোনা চলছে, ১০ বা ১৫ বছর পর সেই টাকায় হয়তো বিশ্ববিদ্যালয়ের একটি সেমিস্টারের খরচও মেটানো যাবে না। এর সঙ্গে আছে বইপত্র, যাতায়াত, আবাসন, টিউশনসহ বিভিন্ন ধরনের খরচ।
মধ্যবিত্ত পরিবারের অনেক অভিভাবক সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ব্যাংকে সঞ্চয় করেন, কেউ আবার বিভিন্ন সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করেন। কিন্তু পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির হঠাৎ মৃত্যু বা স্থায়ী অক্ষমতা দেখা দিলে সেই সঞ্চয় পরিকল্পনা কতটা টিকবে? নিয়মিত আয় বন্ধ হয়ে গেলে সন্তানের পড়াশোনার ব্যয় মেটানোর দায়িত্ব কে নেবে?
এসব দুশ্চিন্তার সমাধান হতে পারে শিক্ষাবিমা। শিক্ষাবিমার মূল বৈশিষ্ট্য হলো, এটি একই সঙ্গে সঞ্চয় ও নিরাপত্তা। নির্দিষ্ট সময় ধরে প্রিমিয়াম পরিশোধ করলে মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যায়। এই অর্থ সন্তানের শিক্ষার খরচ বাবদ ব্যয় করা যায়। বিমাকারীর (সাধারণত বাবা বা মা) মৃত্যু হলেও পলিসি চালু থাকে। ফলে পরিবারের এমন দুর্যোগের মধ্যেও শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত থাকে। নির্দিষ্ট সময় পরপর তাদের এই অর্থ দেওয়া হয়।
শিক্ষাবিমা কেন প্রয়োজন
দেশের অর্থনীতি বড় হলেও শিক্ষা খাতে সরকারের ব্যয় তুলনামূলকভাবে বাড়েনি। ফলে শিক্ষার ব্যয় বেড়েই চলেছে। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে পাঠ্যবই পাওয়া গেলেও শিক্ষা গ্রহণের অন্যান্য খরচ এড়ানো যায় না। টিউশন, কোচিং, বই, খাতা, পোশাক, যাতায়াত, পরীক্ষা ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে অভিভাবকদের নিয়মিত অর্থ ব্যয় করতে হয়।
অনেক শিক্ষার্থীকে এখন কোচিং সেন্টারে যেতে হয়। এ বাবদ অভিভাবকদের বড় অঙ্কের টাকা খরচ হয়ে যায়। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে না পড়লে তো কথাই নেই। বিশেষ করে রাজধানী ঢাকাসহ বড় বড় শহরে বেসরকারি বিদ্যালয়ে পড়ানোর খরচ কম নয়। দেখা যায়, রাজধানী ঢাকায় মাধ্যমিকের শিক্ষার্থীর পেছনে মাসে ১৫–২০ হাজার টাকা খরচ হয়ে যায়। এই পরিস্থিতিতে শিক্ষা খরচের সুরক্ষা থাকলে পরিবারের জন্য তা স্বস্তিকর হতে পারে।
বিমা করার সময় যা দেখবেন
বিমা করার সময় বেশ কিছু বিষয় খেয়াল করা জরুরি। সেগুলো হলো, বিমা কোম্পানির বিশ্বাসযোগ্যতা, পলিসির ধরন ও সুবিধা, প্রিমিয়াম ও পেমেন্ট পদ্ধতি, রিটার্ন বা সঞ্চয় সুবিধা, রাইডার (অতিরিক্ত সুবিধা) ও মৃত্যুর পরে সুবিধা।
সেই সঙ্গে বিমা করার সময় কিছু কাজ করা যাবে না, যেমন শুধু এজেন্টের কথা শুনে সিদ্ধান্ত না নেওয়া (নিজে পড়ুন, প্রশ্ন করুন), প্রিমিয়াম ও মুনাফার হিসাব না বুঝে সই করা, নথিপত্র না পড়ে ফরমে স্বাক্ষর করা ও নমিনির ঘর খালি রাখা। সবচেয়ে বড় কথা, বিমা ও ব্যাংক সঞ্চয়ের পার্থক্য বুঝতে হবে। বিমা মানুষকে দেয় নিরাপত্তা অর্থাৎ নির্ধারিত কিছু ঘটনার ক্ষেত্রে বিমা আপনাকে সুরক্ষা দেবে; সেই সঙ্গে সঞ্চয়ও থাকে কিছুটা। ব্যাংক আপনাকে সুরক্ষা দেবে না; দেবে শুধু সঞ্চয় ও মুনাফা। গ্রাহকের মৃত্যু বা দুর্ঘটনার ক্ষেত্রে ব্যাংক সুবিধা দেয় না।
কোথায় কী সুবিধা পাবেন
দেশের মূলধারার বেশ কয়েকটি কোম্পানি শিক্ষাবিমা দিয়ে থাকে। সরকারি প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, মেটলাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডসহ প্রায় সব প্রতিষ্ঠানই এই সেবা দিচ্ছে। এখানে বাবা বা মা পলিসিধারী হিসেবে নির্ধারিত মেয়াদ পর্যন্ত প্রিমিয়ামের টাকা জমা করবেন। মেয়াদ শেষে সন্তানের শিক্ষার খরচের জন্য এককালীন অর্থ দেওয়া হয়। পলিসির মেয়াদের মধ্যে অভিভাবকের মৃত্যু হলে বাকি প্রিমিয়াম মওকুফ করে দেওয়া হয়। সে ক্ষেত্রে আর টাকা জমা দিতে হবে না। মেয়াদ শেষে সন্তান পুরো অর্থ পায়। কিছু ক্ষেত্রে অভিভাবকের মৃত্যুর পরপর নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে সহায়তা করা হয়।
ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের ওয়েবসাইটে বলা হয়েছে, পলিসির মেয়াদ শেষে অথবা বিমাগ্রহীতার (আপনার) অকালমৃত্যুর ক্ষেত্রে জমাকৃত অর্থ থেকে চার মাস পরপর বার্ষিক ভাতা হিসেবে টাকা দেওয়া হয়। শিক্ষার খরচ প্রতিবছর বাড়ছে। তাই এই বার্ষিক ভাতার পরিমাণ প্রতিবছর ৭ শতাংশ চক্রবৃদ্ধি হারে বাড়বে, যেন সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সন্তানের প্রয়োজন মেটানো যায়।
মেটলাইফের শিক্ষাবিমা সম্পর্কে বলা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে পলিসি–গ্রহীতার মৃত্যু হলে যেসব সুবিধা দেওয়া হবে, সেগুলো হলো—১. কোনো দায় থাকলে তা বাদ দিয়ে বিমার পুরো টাকা এককালীন দেওয়া হবে। ২. সন্তানের শিক্ষা অব্যাহত রাখতে পলিসির মেয়াদপূর্তির এক মাস আগপর্যন্ত প্রতি মাসে বিমা অঙ্কের ২ শতাংশ হারে সুবিধা দেওয়া হবে। ৩. বিমা সুবিধার মেয়াদ পর্যন্ত পলিসি চালু থাকবে। পলিসির পরবর্তী সব প্রিমিয়াম মওকুফ করা হবে। সেই সঙ্গে মেয়াদপূর্তি সুবিধা থাকবে।
দেশের নতুন প্রজন্মের বিমা কোম্পানি গার্ডিয়ান লাইফের সরাসরি শিক্ষাবিমা নেই। তবে তারা শিশু সুরক্ষা বিমা দিচ্ছে। পলিসি চালু থাকা অবস্থায় মেয়াদপূর্তির আগে প্রিমিয়ামদাতা (পিতা বা মাতা) মারা গেলে শিশু কয়েকটি বিশেষ সুবিধা পাবে। এ ক্ষেত্রে মূল বিমা অঙ্কের ১৫ শতাংশ এককালীন নগদ অর্থ দেওয়া হবে। পাশাপাশি বিমার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে মূল বিমা অঙ্কের ১ শতাংশ বৃত্তি দেওয়া হবে। ভবিষ্যতের সব প্রিমিয়ামও মওকুফ হয়ে যাবে। মেয়াদ শেষে শিশুটি অর্জিত বোনাসসহ সম্পূর্ণ মূল বিমা অঙ্ক পাবে।
যা করবেন
বিমা করতে চাইলে সরাসরি বিমা কোম্পানির কার্যালয়ে চলে যাওয়া ভালো। এ ছাড়া বিমা প্রতিনিধির মাধ্যমেও বিমা করা যায়। মনে রাখতে হবে, যেকোনো ধরনের লেনদেন অ্যাকাউন্ট পেয়ি চেকের মাধ্যমে করা উচিত। এ ছাড়া এখন অনেক কোম্পানি ই–প্রিমিয়ামের সুবিধা দিচ্ছে। ফলে গ্রাহকদের এখন আর অফিসে গিয়ে বা বিমা প্রতিনিধির মাধ্যমে প্রিমিয়াম পরিশোধের প্রয়োজন নেই; বরং তাঁরা ঘরে বসে ক্রেডিট বা ডেবিট কার্ড ও বিকাশের মাধ্যমে প্রিমিয়াম পরিশোধ করতে পারেন। এ ছাড়া বিমার মেয়াদ, অঙ্ক ও বিমাগ্রহীতার বয়সসহ বিভিন্ন তথ্য দিয়ে প্রিমিয়াম হিসাবও করা হয় ওয়েবসাইটে। বিভিন্ন কোম্পানি এই সেবা দিচ্ছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ব্যবসা শুরুতে কমবে ভোগান্তি, কোম্পানি নিবন্ধনে আসছে স্বয়ংক্রিয় ব্যবস্থা
৯ নভেম্বর, ২০২৬ এ ২:২২ PM · প্রথম আলো
বৈশ্বিক সংকট মোকাবিলায় বিপিসির ৯০ দিনের জ্বালানি মজুত পরিকল্পনা
৯ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৩ PM · বাংলা ট্রিবিউন
রমজানে ১০ পণ্যের আমদানি ও এলসি শর্ত সহজ করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ
৯ নভেম্বর, ২০২৬ এ ২:২১ AM · বাংলা ট্রিবিউন
শেয়ারভিত্তিক ফ্ল্যাটের ব্যবসায় বিনিয়োগ করে প্রায় ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত, দাবি রিহ্যাবের
৮ নভেম্বর, ২০২৬ এ ৫:৪০ PM · প্রথম আলো
