অনার্সে ‘অ্যাপ্লায়েড আইসিটি’ পড়াতে শিক্ষকদের তথ্য চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫১ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনার্স কলেজগুলোতে অ্যাপ্লায়েড আইসিটি কোর্সের ক্লাস নিতে পারবেন—এমন শিক্ষকদের তালিকা তৈরি করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য কলেজগুলোকে যোগ্য শিক্ষকদের তথ্য অনলাইনে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এ তথ্য জমা দিতে হবে।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) কোর্সে আইসিটি বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অধিভুক্ত অনার্স কলেজগুলোর স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ‘অ্যাপ্লায়েড আইসিটি’ কোর্সে পাঠদান করতে সক্ষম শিক্ষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ জন্য কলেজের অধ্যক্ষ বা উপাধ্যক্ষের নিজ দায়িত্বে ও তদারকিতে পাঠদানে সক্ষম শিক্ষকদের নাম অনলাইনে পাঠাতে বলা হয়েছে।
শিক্ষক মনোনয়নের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় কয়েকটি শর্তও দিয়েছে। এর মধ্যে রয়েছে—আইসিটি বিষয়ে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক; বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) কোর্সে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক এবং বিজ্ঞান বিষয়ে স্নাতক (পাস) কোর্সে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষক।
তবে কোনো কলেজে বিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও (পাস) কোর্সের শিক্ষক না থাকলে অন্য যেকোনো বিষয়ে (সম্মান/পাস) স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষককে মনোনয়ন দেওয়া যাবে। সে ক্ষেত্রে ওই শিক্ষককে অবশ্যই CEDP-TOT (Advance-ICT) প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
অধ্যক্ষ বা উপাধ্যক্ষের অনুমোদন ছাড়া কোনো শিক্ষকের তথ্য এ-সংক্রান্ত কাজে পাঠানো যাবে না। এ ছাড়া মনোনীত শিক্ষককে অবশ্যই TTIS (Teachers Training Information System)-এর আইডিধারী হতে হবে। কোনো শিক্ষকের TTIS আইডি না থাকলে প্রয়োজন অনুযায়ী আইডি তৈরি করে নিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি কলেজকে অনলাইনে প্রয়োজনীয় তথ্য পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
৬ দেশের বাংলাদেশি প্রবাসীদের জন্য বাউবির এসএসসি প্রোগ্রাম
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
বৃত্তের ব্যাসের মধ্যবিন্দুর অবস্থান বৃত্তের কেন্দ্রে : এসএসসি পরীক্ষা–২০২৭ (গণিত: অধ্যায়-৮)
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৯ AM · প্রথম আলো
My Home District–এর ওপর বাক্য রচনা: প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৬
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৮ AM · প্রথম আলো
‘পত্র লিখি’ প্রবন্ধের ওপর বিস্তারিত আলোচনা: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৬ AM · প্রথম আলো
‘দেশের তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন’
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM · বাংলা ট্রিবিউন
