৭ পরিবর্তনের ধাক্কার পর এজবাস্টনে কেমন হবে পাকিস্তানের একাদশ
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৯ PM

টসের সময় বাবর আজমের ওপর দিয়ে একটা ঝড়ই বয়ে যাবে মনে হয়! এত কিছু মনে রাখা যায় নাকি! লর্ডস টেস্টের পর পাকিস্তানের স্কোয়াডে পরিবর্তন এসেছে ৭টি, আজ এজবাস্টনে শুরু হতে যাওয়া টেস্টের একাদশে অনেক পরিবর্তন আসবে, সেটা নিশ্চিত। বাবর কতজনের নাম মনে রাখবেন!
এজবাস্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে পাকিস্তান দলে নতুন করে কারা সুযোগ পেতে পারেন? কাদের নিয়ে একাদশ সাজাবেন অধিনায়ক বাবর? এজবাস্টনে পাকিস্তানের হয়ে কারা মাঠে নামতে পারেন সেটা বিশ্লেষণ করেছে ক্রিকইনফো। আসুন দেখে নেওয়া যাক।
আজান আওয়াইস, শান মাসুদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, সৌদ শাকিল—পাকিস্তানের একাদশে এই পাঁচজনের খেলা নিশ্চিত। আজানের সঙ্গে লর্ডস টেস্টে ওপেনার ছিলেন ইমাম–উল–হক। যদিও চোটের কারণে সেই টেস্টে দুই ইনিংসে তিনি ব্যাটিংয়ে নামেননি।
ইমামের জায়গায় এজবাস্টনে খেলতে পারেন আবদুল্লাহ ফজল বা সাইম আইয়ুব। দুজনই দলে এসেছেন লর্ডস টেস্টের পর। ফজলের অবশ্য দলে থাকারই কথা ছিল, চোটের কারণে প্রথম দুই টেস্টে তা হয়নি। অন্যদিকে সাইম ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে সরাসরি দলে ফিরেছেন। সর্বশেষ টেস্ট খেলেছেন ১৮ মাস আগে।
ওপেনিংয়ের পর ৬ নম্বর পর্যন্ত পাকিস্তানের ব্যাটিং অর্ডার নিশ্চিত। লর্ডস টেস্টের পর দল থেকে বাদ পড়া উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের জায়গায় খেলতে পারেন গাজি ঘোরি। গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষিক্ত ঘোরি পাকিস্তানের হয়ে এ সংস্করণে খেলেছেন চার ম্যাচ, টেস্ট খেলেননি। তিনি খেলতে পারেন সাতে।
২১ বছর বয়সী পেসার রাজাউল্লাহও পেতে পারেন ক্যারিয়ারের প্রথম টেস্ট টুপি। স্পিনের দায়িত্ব সম্ভবত থাকবে অফ স্পিনার সাজিদ খানের কাঁধে। তবে পাকিস্তান চাইলে পুরো পেসনির্ভর আক্রমণও সাজাতে পারে। সে ক্ষেত্রে সাইম আইয়ুবের অফ স্পিন কাজে লাগবে।
পেস বোলিং আক্রমণে আরেকটি ভিন্ন মাত্রা যোগ করতে পারেন উবাইদ শাহ। প্রথম দুই টেস্টে দলে সুযোগ না পাওয়া এই পেসার ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারেন।
তাঁকে না খেলানোর জন্য তখনকার টিম ম্যানেজমেন্টের সমালোচনাও করেছিলেন নির্বাচক কমিটির প্রধান আকিভ জাভেদ। তাই এ টেস্টে সুযোগ পেতে পারেন তিনিও। সঙ্গে নিশ্চিতভাবেই খেলার কথা মোহাম্মদ আব্বাসের। বিশেষজ্ঞ স্পিনার না থাকলে মোহাম্মদ আলীও থাকতে পারেন একাদশে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
গোলের সংখ্যায় রাউলকে ছুঁয়ে ফেললেন এমবাপে, সামনে আছেন কারা
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪২ PM · রাইজিংবিডি
হংকংকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে বাংলাদেশের মেয়েরা
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৯ AM · প্রথম আলো
চ্যাম্পিয়নস লিগে সংখ্যার খেলা: সেভে সেরা কোর্তোয়া, গোলগড়ে হলান্ড
৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৮ AM · প্রথম আলো
আর্জেন্টিনার জার্সি গায়ে কোনো দিন খেলেননি, কিন্তু বিশ্বকাপ জিতেছেন এই গোলরক্ষক
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৭ PM · প্রথম আলো
