শাহজাদপুর সংবাদ

১ ডিসেম্বর ঢাকায় বড় সমাবেশ করবে বিএনপি

২৬ নভেম্বর, ২০২৬ এ ৫:১২ PM

১ ডিসেম্বর ঢাকায় বড় সমাবেশ করবে বিএনপি

বিজয়ের মাসের প্রথম দিন আগামী ১ ডিসেম্বর ঢাকায় বড় সমাবেশ করবে বিএনপি। এই সমাবেশের মধ্য দিয়ে বিজয়ের মাস উপলক্ষে দলটির মাসব্যাপী কর্মসূচি শুরু হবে। সমাবেশে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ প্রস্তুতি সভা শেষে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা জানান।

রিজভী জানান, ১ ডিসেম্বরের সমাবেশের প্রস্তুতি নিতেই এই যৌথ সভার আয়োজন করা হয়েছে। এতে বিএনপির কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ঢাকার আশপাশের জেলার নেতারা অংশ নেন।

যৌথ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আবদুস সালাম আজাদসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

‘অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে’

সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়েও কথা বলেন রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশে বিভিন্ন স্থাপনায় হামলা ও নাশকতা চালানো হচ্ছে।

নড়াইলের কালিয়া ও ফরিদপুরের ভাঙ্গায় নেতা-কর্মীদের হত্যার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের হত্যার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।

নাশকতা ও সহিংসতা মোকাবিলায় সরকারের ভূমিকার প্রশংসা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ না করে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রতিবেশী দেশের একজন মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের হুমকি মেনে নেওয়া হবে না।

শ্রমিক দলের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন

এর আগে আজ সকালে জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটির নেতা-কর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী।

সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী দাবি করেন, ভারত ও পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের শ্রমিকদের জন্য নির্ধারিত নতুন মজুরি বেশি।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গেও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, কোনো আধিপত্যবাদী শক্তির সহায়তায় শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন প্রতিরোধে শ্রমিক, কৃষক ও ছাত্র-জনতা ঐক্যবদ্ধ রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

চার সংগঠনের যৌথ সমাবেশ, মিছিল

বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), তাঁতী দল, ওলামা দল ও মৎস্যজীবী দলের যৌথ সমাবেশ ও প্রতিবাদ মিছিলে অংশ নেন রুহুল কবির রিজভী।

সমাবেশে রিজভী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে ব্যাংক লুটপাট, অর্থ পাচার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শেখ হাসিনার নির্দেশে এখনো দেশের বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও নাশকতা চালানো হচ্ছে।

রিজভী আরও বলেন, স্বৈরাচার দলটি আবারও ক্ষমতায় ফিরতে চায় লুটপাট ও দমন-পীড়নের রাজনীতি নিয়ে। এ রাজনীতি জনগণ মেনে নেবে না। ভারতের নেতাদেরও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে উসকানি না দেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ