হুতিদের হামলার পর ঢাকা থেকে রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল
১২ অক্টোবর, ২০২৬ এ ১২:১৪ PM

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার পর থেকে এখন পর্যন্ত ঢাকা থেকে রিয়াদগামী ১০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটে মোট ৩ হাজার ৪৩১ জন যাত্রীর যাওয়ার কথা ছিল।
আজ সোমবার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।
বিমানের বাতিল হওয়া দুটি ফ্লাইটের সময়সূচি আজ সোমবার দুপুর ১২টায় যাত্রীদের জানানো হবে বলে গতকাল রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ সংস্থাটি। বিজি ৩৩৯ ও বিজি ৩৪০ ফ্লাইট দুটি গত শনিবার রাতে স্থগিত করে বিমান।
এর আগে গত শনিবার রাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ কারণে ঢাকার সঙ্গে রিয়াদের আকাশপথে যোগাযোগ বিঘ্নিত হয়। গতকাল পর্যন্ত ঢাকা থেকে আটটি ফ্লাইট বাতিল হওয়ার তথ্য জানিয়েছিল বেবিচক। তখন এসব ফ্লাইটের ২ হাজার ৯৫১ জন যাত্রী আটকে পড়েন।
আজ সকালে বেবিচকের হালনাগাদ তথ্যে বাতিল ফ্লাইটের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১০–এ। একই সঙ্গে এসব ফ্লাইটের যাত্রীর সংখ্যাও বেড়েছে।
রিয়াদের বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যাত্রীদের বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট হয় অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, নাহলে বাতিল করা হয়েছে। গতকাল সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলা ও বিস্ফোরণের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিতের তথ্য দিয়ে রয়টার্স বলেছে, বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সেখানে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে বলেছে। ফ্লাইটের সর্বশেষ অবস্থাও যাচাই করতে বলা হয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
কুমিল্লায় আবার পুলিশের কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩৫৩
১২ অক্টোবর, ২০২৬ এ ১২:৪২ PM · প্রথম আলো
শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগের চিঠি লিখে নিখোঁজ জাহাঙ্গীরনগরের ছাত্র
১২ অক্টোবর, ২০২৬ এ ১২:২০ PM · প্রথম আলো
শিশুদের পায়ে শিকল, মাথায় চড়-থাপ্পড়, ফেসবুকে ভাইরাল ছবি-ভিডিও নিয়ে যা জানা গেল
১১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৫ PM · প্রথম আলো
