হামলার ভয়ে সৌদি বিনিয়োগ সম্মেলন সরাসরি ও অনলাইনে করার ভাবনা
১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:০৫ PM

রাজধানী রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন শহরের বিমানবন্দরে একের পর এক হামলা চালাচ্ছে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিরা। এ কারণে দেশটিতে যাতায়াতের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন নিয়ে নতুন করে ভাবছেন আয়োজকেরা।
বিষয়টি সম্পর্কে জানেন এমন অন্তত দুজন রয়টার্সকে জানান, এবারের সম্মেলনে নির্বাহীদের সরাসরি অংশ নেওয়ার পাশাপাশি অনলাইনে যোগ দেওয়ার সুযোগ রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই) নামে এ সম্মেলন চলতি মাসের শেষে হওয়ার কথা। এতে যোগ দিতে অনেকের রিয়াদে যাওয়ার কথা রয়েছে।
বিষয়টি সম্পর্কে জানেন এমন একজন বলেন, সরাসরি অংশগ্রহণকারীদের অনেকে রাজধানীর বাইরের কোনো বিমানঘাঁটি কিংবা প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোয় অবতরণ করে সড়কপথে রিয়াদে যেতে চাইছেন।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।
চলতি মাসের শুরুর দিকে আয়োজকেরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে সৌদি আরবে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে। এরপরও নির্ধারিত সময়ে বিনিয়োগ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
জানতে চাইলে এফআইআইয়ের একজন গণমাধ্যম প্রতিনিধি রয়টার্সকে সম্মেলনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের একটি বিবৃতি দেখান। গত শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের ঘটনার আগেই বিবৃতিটি দেওয়া হয়েছিল।
বিবৃতিতে এফআইআই ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহা আল সৌদ ও নির্বাহী কমিটির চেয়ারম্যান রিচার্ড আতিয়াস বলেন, ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের দশম আসরে রিয়াদে হাজারো প্রতিনিধিকে স্বাগত জানানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁদের নিরাপত্তা আর সুস্থতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’
রয়টার্সের খবরে বলা হয়, গত সোমবার একটি আন্তর্জাতিক সম্মেলন থেকে বড় কয়েকটি তেল কোম্পানির শীর্ষ কর্মকর্তারা নাম প্রত্যাহার করে নিয়েছেন। এতে বোঝা গেছে, বিনিয়োগ সম্মেলনে সরাসরি ও অনলাইনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে, এতে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা যাবে। আর এমন পদক্ষেপে বোঝা যায়, সৌদি আরব কীভাবে বিশ্বজুড়ে বিনিয়োগ আকর্ষণের প্রচেষ্টা চালিয়ে যেতে চাইছে।
হুতিদের সঙ্গে ক্রমেই জোরালো হয়ে ওঠা সংঘাতের কারণে এ প্রচেষ্টা চ্যালেঞ্জে পড়েছে। এর ফলে রিয়াদকে আন্তর্জাতিক বিভিন্ন আয়োজনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগও বাধাগ্রস্ত হচ্ছে।
মূলত জ্বালানি তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনা তুলে ধরতে সৌদি আরবে এফআইআই সম্মেলন আয়োজন করা হয়ে থাকে।
বিভিন্ন দেশের নেতা-মন্ত্রী, বড় বড় করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী এবং আর্থিক খাতের প্রভাবশালী ব্যক্তিরা সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে অংশ নেন। এ কারণে সম্মেলনটি ‘মরুভূমির দাভোস’ নামে পরিচিতি পেয়েছে।
সুইজারল্যান্ডের দাভোস শহরে প্রতিবছর অনুষ্ঠিত হয় বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলন। সেই সম্মেলনের সঙ্গে মিল রেখে সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনকে এ নামে ডাকা হয়।
ইয়েমেনে নতুন করে তীব্র হয়ে ওঠা গৃহযুদ্ধে দেশটির সরকারি বাহিনীকে সমর্থন দিচ্ছে সৌদি আরব। এর জবাবে এক সপ্তাহ ধরে সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে হুতিরা। রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে চার দফা হামলা হয়েছে। এর মধ্যে শনিবারের হামলায় ১৩ জন নিহত হন। আহত হন ৩০ জনের মতো।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
১৫ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৩ PM · বাংলা ট্রিবিউন
যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের ড্রোনের গতি কমার পেছনে যুক্তরাষ্ট্রের হাত, কী বলছেন ইলন মাস্ক
১৫ অক্টোবর, ২০২৬ এ ১২:২২ PM · প্রথম আলো
ইমরান খানের স্ত্রী–বোনেরা কী ধরনের সন্ত্রাসবাদে জড়িত যে কারাগারে পাঠানো হয়েছে: পিটিআই চেয়ারম্যান
১৫ অক্টোবর, ২০২৬ এ ১২:১৫ PM · প্রথম আলো
নতুন কর্মসূচির ডাক দিয়ে অভিজিৎ বললেন, তাঁকেও গ্রেপ্তার করা হতে পারে
১৫ অক্টোবর, ২০২৬ এ ১০:০৭ AM · প্রথম আলো
‘ছিনতাই’ সন্দেহে দিল্লির বদলে জয়পুরে নামল উড়োজাহাজটি, এরপর যা হলো
১৫ অক্টোবর, ২০২৬ এ ৯:৫৩ AM · প্রথম আলো
মোদি সরকারের জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অরুণাচলে আদিবাসীদের ক্ষোভ বাড়ছে, কেন এই প্রকল্প করতে চায় ভারত
১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:৪৩ PM · প্রথম আলো
