হাদিসে জিবরাইল: এক হাদিসে ইসলামের পূর্ণাঙ্গ পাঠ
৬ অক্টোবর, ২০২৬ এ ১২:২৩ PM

ইসলাম কি নিছক কিছু আনুষ্ঠানিক উপাসনা—নামাজ, রোজা, জাকাত ও হজের বিধান, নাকি এর পরিধি আরও বিস্তৃত? একজন মানুষ অন্তরে কী বিশ্বাস লালন করবে, কীভাবে আল্লাহর দাসত্ব করবে, লেনদেন ও আচরণে তার চরিত্র কেমন হবে এবং অনন্ত জীবনের জন্য সে কীভাবে প্রস্তুতি নেবে—এসবই তো ইসলামের অবিচ্ছেদ্য অংশ।
ইসলামকে অনেক সময় খণ্ডিত কিছু বিশ্বাস ও বিধানের সমষ্টি মনে করা হয়। অথচ ইসলাম একটি পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা। মানুষের চিন্তা থেকে কর্ম, বিশ্বাস থেকে প্রাত্যহিক আচরণ এবং ব্যক্তিজীবন থেকে সমাজব্যবস্থা—সব ক্ষেত্রেই রয়েছে এর সুস্পষ্ট দিকনির্দেশনা।
ইসলামের এই সামগ্রিক রূপরেখা ও বহুমাত্রিক ভিত্তির এক অনন্য ও প্রামাণ্য পরিচয় বিধৃত হয়েছে ‘হাদিসে জিবরাইল’-এ। ইসলামের ইতিহাসে এটি এক অনন্য ঘটনা।
সাহাবি ওমর ইবনুল খাত্তাব (রা.) বলেন, করেন, একদিন মহানবী (সা.) সাহাবিদের নিয়ে বসে ছিলেন। এমন সময় ধবধবে সাদা পোশাক ও ঘন কালো চুলের এক অচেনা ব্যক্তি মজলিসে উপস্থিত হলেন। তাঁর বেশভূষায় দূর সফরের কোনো চিহ্ন ছিল না, অথচ উপস্থিত সাহাবিদের কেউ তাঁকে চিনতেনও না। তিনি বিনম্রভাবে নবীজির মুখোমুখি বসে নিজের দুই হাঁটু নবীজির হাঁটুর সঙ্গে মেলালেন এবং হাত দুটি নবীজির ঊরুর ওপর রাখলেন।
এরপর তিনি ইসলাম, ইমান, ইহসান ও কেয়ামত সম্পর্কে একের পর এক মৌলিক প্রশ্ন করতে লাগলেন। নবীজি প্রতিটি প্রশ্নের প্রজ্ঞাপূর্ণ উত্তর দিলেন। আগন্তুক চলে যাওয়ার পর তিনি সাহাবিদের জানালেন, তিনি ছিলেন ফেরেশতা জিবরাইল; তিনি এসেছিলেন তোমাদের ধর্ম শেখাতে। (সহিহ মুসলিম, হাদিস: ৮)
একই বর্ণনায় ইসলামের মৌলিক স্তম্ভগুলোর এমন অপূর্ব সমাবেশ ইসলামি ধর্মতত্ত্বে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ইবনে রজব আল-হাম্বলি হাদিসে জিবরাইলের গুরুত্ব ব্যাখ্যা করে লিখেছেন, এই একটি হাদিস সমগ্র ধর্মের মৌলিক ও শাখাগত যাবতীয় বিধানকে নিজের ভেতর ধারণ করেছে; তাই যেভাবে সুরা ফাতিহাকে ‘উম্মুল কুরআন’ (কোরআনের মূল) বলা হয়, ঠিক তেমনি হাদিসে জিবরাইলকে বলা যেতে পারে ‘উম্মুস সুন্নাহ’ (সমগ্র সুন্নাহর মূল)। (আল-হাম্বলি, জামিউল উলুম ওয়াল হিকাম, ১/৯৭, মুআসসাসাতুর রিসালাহ, বৈরুত, ২০০১)
জিবরাইল (আ.) প্রথমেই জানতে চেয়েছিলেন, ইসলাম কী? উত্তরে মহানবী (সা.) ইসলামের পাঁচটি প্রধান স্তম্ভের কথা উল্লেখ করেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসুল—এই সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, জাকাত আদায় করা, রমজানের রোজা রাখা এবং সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ পালন করা।
এখানে ইসলামের প্রায়োগিক ও বাহ্যিক দিকটি স্পষ্ট হয়ে ওঠে। বিশ্বাস মানুষের অন্তরের বিষয় হলেও ইসলাম শুধু ভাবালুতায় সীমাবদ্ধ থাকে না; বরং তা কর্ম ও দায়িত্বশীলতায় রূপ নিতে বাধ্য।
ইমাম নববি উল্লেখ করেছেন, এই হাদিসে ‘ইসলাম’ বলতে ব্যক্তির প্রকাশ্য আমল, শারীরিক ইবাদত ও মৌখিক স্বীকৃতির সমষ্টিকে বোঝানো হয়েছে, যার মাধ্যমে একজন ব্যক্তি ইসলামি সমাজ কাঠামোর দৃশ্যমান অংশে প্রবেশ করে। (ইমাম নববি, আল-মিনহাজ শারহু সহিহ মুসলিম ইবনিল হাজ্জাজ, ১/১৫৭–১৫৮, দারু ইহয়ায়িত তুরাসিল আরাবি, বৈরুত, ১৯৭২)
নামাজ আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের প্রমাণ, রোজা আত্মসংযমের প্রশিক্ষণ, জাকাত সম্পদে অন্যের অধিকার প্রতিষ্ঠার সামাজিক দায় এবং হজ রবের সমীপে পূর্ণ আত্মসমর্পণের প্রতীক।
এরপর জিবরাইল (আ.) ইমান সম্পর্কে জানতে চান। মহানবী (সা.) ইমানের ছয়টি স্তম্ভের কথা উল্লেখ করেন যে আল্লাহ, ফেরেশতাকুল, আসমানি কিতাবসমূহ, রাসুলগণ, আখেরাত এবং তাকদিরের ভালো-মন্দের প্রতি মনেপ্রাণে বিশ্বাস স্থাপন করা।
ইমান মানুষের মৌলিক জীবনদৃষ্টিকে বদলে দেয়। অদৃশ্য বাস্তবতায় বিশ্বাস মানুষকে আত্মসচেতন করে। আসমানি কিতাবের প্রতি বিশ্বাস মানুষকে খোদায়ি নির্দেশনার সঙ্গে যুক্ত রাখে; রাসুলদের জীবনধারা তাকে নীতিমান হওয়ার বাস্তব পথ দেখায়; আখেরাতের চেতনা মানুষকে প্রতিটি পদক্ষেপে জবাবদিহির শিক্ষা দেয়; আর তাকদিরে গভীর আস্থা জীবনের যেকোনো সংকট ও ব্যর্থতায় মানুষকে পরম মানসিক স্বস্তি ও ধৈর্য জোগায়।
ইসলাম যেখানে মানুষের বাহ্যিক দেহ, ইমান সেখানে তার আত্মিক প্রাণ।
হাদিসে জিবরাইলের সবচেয়ে হৃদয়স্পর্শী শিক্ষা হলো ‘ইহসান’। জিবরাইল (আ.) যখন ইহসান সম্পর্কে জানতে চাইলেন, তখন মহানবী (সা.) এর এক অতুলনীয় সংজ্ঞা দিয়ে বললেন, ‘তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে, যেন তুমি তাঁকে দেখছ। আর যদি তুমি তাঁকে দেখতে না পাও, তবে নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ৮)
মানুষ যখন লোকচক্ষুর সামনে থাকে, তখন সামাজিক মর্যাদা ও চক্ষুলজ্জার কারণে অনেকেই নিজেকে নিয়ন্ত্রণে রাখে। কিন্তু মানুষের আসল চরিত্র উন্মোচিত হয় নির্জনে, যেখানে কোনো পার্থিব নজরদারি থাকে না। ইহসান হলো সেই নিরবচ্ছিন্ন আত্মিক সচেতনতা, যা মানুষকে একাকিত্বেও সৎ ও নিষ্কলুষ রাখে।
ইমাম ইবনুল কাইয়িম ইহসানের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, ইহসান হলো ধর্মের আত্মা, এর মূল নির্যাস এবং সর্বশ্রেষ্ঠ স্তর; যখন কোনো বান্দা এই অনুভূতি নিয়ে ইবাদতে দাঁড়ায় যে তার রব তাকে সরাসরি পর্যবেক্ষণ করছেন, তখন তার অন্তর থেকে অহংকার, অবহেলা ও প্রদর্শনপ্রিয়তা বিলুপ্ত হয়ে যায় এবং ইবাদত জীবন্ত হয়ে ওঠে। (ইবনুল কাইয়িম আল-জাওজিয়্যাহ, মাদারিজুস সালিকিন, ২/৬৫, দারুল কিতাবিল আরাবি, বৈরুত, ১৯৯৬)
জিবরাইল (আ.) এরপর কেয়ামতের সময় সম্পর্কে জানতে চাইলে মহানবী (সা.) বিনম্রভাবে জানান, এ বিষয়ে প্রশ্নকারী ও যাঁর কাছে জানতে চাওয়া হয়েছে, উভয়ের জ্ঞানই সমান; অর্থাৎ মহাজাগতিক এই ক্ষণের চূড়ান্ত সময় একমাত্র আল্লাহ–তাআলাই অবগত।
এরপর নবীজি (সা.) কেয়ামতের কিছু সামাজিক ও নৈতিক আলামতের কথা উল্লেখ করেন।
এখানে মানুষের চিন্তার জন্য এক গভীর দর্শন রয়েছে। কেয়ামত কবে সংঘটিত হবে—এই কৌতূহল মেটানোর চেয়ে জরুরি হলো এর জন্য মানুষের ব্যক্তিগত প্রস্তুতি কতটা।
প্রতিটি মানুষের মৃত্যু তার জন্য একধরনের ব্যক্তিগত কেয়ামত। এ জন্য অনাগত ভবিষ্যৎ নিয়ে অবান্তর অনুমানে মেতে না থেকে বর্তমান মুহূর্তকে সৎকাজে লাগানোই বুদ্ধিমানের কাজ।
হাদিসে জিবরাইল শুধু বিশ্বাসের পাঠ নয়, বরং এটি জ্ঞানচর্চার এক অনুপম শিক্ষাপদ্ধতি। জিবরাইল (আ.) পরিচ্ছন্ন পোশাক পরে হাজির হওয়া, শিক্ষকের সামনে অত্যন্ত বিনয় ও শ্রদ্ধার সঙ্গে বসা, সুনির্দিষ্ট প্রশ্ন উত্থাপন করা এবং মনোযোগ দিয়ে উত্তর শোনা—জ্ঞানার্জনের যে শিষ্টাচার প্রদর্শন করেছেন, তা অনন্য।
ফকিহ কাজি ইয়াদ লিখেছেন, এই হাদিস প্রমাণ করে যে একজন শিক্ষার্থীর উচিত শিক্ষকের সামনে পরিপাটি বেশে ও পরম বিনয়ের সঙ্গে বসা এবং অহেতুক তর্ক পরিহার করে সঠিক ও অর্থবহ প্রশ্ন করার মাধ্যমে জ্ঞান অন্বেষণ করা। (কাজি ইয়াদ ইবনে মুসা, ইকমালুল মু‘লিম বি-ফাওয়ায়েদি মুসলিম, ১/১৫২, দারুল ওফা, মিসর, ১৯৯৮)
অজানা বিষয় জেনে নেওয়া কোনো দুর্বলতা নয়; বরং না জেনে ভুল পথে চলার চেয়ে প্রশ্ন করে নিশ্চিত হওয়াই কোরআনের নির্দেশ, ‘অতএব তোমরা জ্ঞানীদের জিজ্ঞাসা করো, যদি তোমরা না জানো।’ (সুরা নাহল, আয়াত: ৪৩)
হাদিসে জিবরাইল মূলত ইসলামি জীবনদর্শনের এক পূর্ণাঙ্গ মানচিত্র। ইসলাম মানুষকে সুশৃঙ্খল আমল শেখায়, ইমান তার অন্তরের বিশ্বাসকে মজবুত করে, ইহসান তার প্রতিটি কাজকে আত্মিক সৌন্দর্যে মণ্ডিত করে এবং আখেরাতের চেতনা তাকে প্রতিটি পদক্ষেপে দায়িত্বশীল রাখে।
ধর্ম নিছক কতগুলো বিচ্ছিন্ন রীতির সমষ্টি নয়; বরং এটি বিশ্বাস, কর্ম ও চরিত্রের এমন এক মেলবন্ধন, যা মানুষের পার্থিব জীবনকে প্রশান্তিময় করে এবং অনন্ত আখেরাতে মুক্তির পথ সুগম করে।
মাহমুদ হাসান ফাহিম: শিক্ষক, বাইতুল আকরাম মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, গাজীপুর
সূত্র: প্রথম আলো
