হঠাৎ সড়কে হাতির পাল, তিন ঘণ্টা যান চলাচল বন্ধ
১৪ আগস্ট, ২০২৬ এ ১১:৪১ AM

সময় তখন বিকেল পাঁচটা। বন থেকে পাশের সড়কে নেমে আসে কয়েকটি হাতি। এরপর তারা সড়কেই অবস্থান শুরু করে। হঠাৎ সড়কে এসব হাতি দেখে আতঙ্কিত হয়ে পড়েন যানবাহনের চালক ও যাত্রীরা। পরে বন বিভাগের চেষ্টায় রাত আটটায় হাতিগুলোকে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার রাঙামাটির কাপ্তাই-রাঙামাটি-আসামবস্তি সড়কের আগরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। হাতিগুলো সড়কে অবস্থান নেওয়ায় প্রায় তিন ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।
বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে সড়কে চলাচলকারী যাত্রীরা হাতিগুলো দেখতে পান। পরে তাঁরা পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কার্যালয়ে খবর দেন। এরপর সাড়ে পাঁচটার দিকে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে বনকর্মী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
বন বিভাগের সদস্যরা প্রথমে আতশবাজি ফাটিয়ে হাতিগুলোকে বনে পাঠানোর চেষ্টা করেন। তবে লাভ হয়নি। এরপর ছোড়া হয় ফাঁকা গুলি, বাজানো হয় গাড়ির হর্ন। একপর্যায়ে রাত আটটার দিকে হাতির দলটি বনের ভেতরে চলে যায়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
জানতে চাইলে কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, সন্ধ্যার পর কাপ্তাই-রাঙামাটি সড়কে বন্য হাতির আনাগোনা বেড়ে যেতে পারে। তাই জীবনের ঝুঁকি নিয়ে এ পথে চলাচল না করার জন্য সবাইকে সতর্ক করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
তারে গামছা শুকাতে দিতে গিয়ে পুত্রবধূ বিদ্যুৎস্পৃষ্ট, বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও
১৪ আগস্ট, ২০২৬ এ ৫:৩৩ PM · প্রথম আলো
পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে অবসরে পাঠানো হলো
১৪ আগস্ট, ২০২৬ এ ১২:৩৮ PM · প্রথম আলো
সত্যজিৎ রায়ের শিক্ষক বিনোদবিহারী কিছুদিন কাটিয়েছিলেন রাজশাহীতে
১৪ আগস্ট, ২০২৬ এ ১১:৩৭ AM · প্রথম আলো
নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, সাবেক উপাচার্যসহ ৫ জনকে দুদকে তলব
১৪ আগস্ট, ২০২৬ এ ১১:২৭ AM · প্রথম আলো
এক নারী ও গ্রাম পুলিশকে বেঁধে নির্যাতন, গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হয় গ্রাম
১৩ আগস্ট, ২০২৬ এ ১২:৩৯ PM · প্রথম আলো
