স্মিথ কি ভেবেছিলেন তিনি আউট
১৩ আগস্ট, ২০২৬ এ ১১:৩৩ AM

স্টিভ স্মিথ কি নিজেও ভেবেছিলেন বল ব্যাটে লেগেছে? নইলে রিভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হতেই ড্রেসিংরুমের পথে হাঁটা ধরবেন কেন!
আজ সকালের সেশনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২১তম ওভারের ঘটনা। বাংলাদেশের পেসার ইবাদত হোসেনের চতুর্থ ডেলিভারি অফ স্টাম্পের বাইরে স্মিথের ব্যাটের খুব কাছ দিয়ে জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ক্যাচের আবেদনের সঙ্গে উদ্যাপনেও মেতে ওঠেন বাংলাদেশের ফিল্ডাররা। কিন্তু আম্পায়ার কুমার ধর্মসেনা আউট দেননি। দ্রুত রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। এই রিভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হতেই ড্রেসিংরুমের পথে হাঁটা শুরু করেন স্মিথ। তখন তিনি ৭ রানে অপরাজিত।
আলট্রাএজে কোনো ‘স্পাইক’ বা শব্দতরঙ্গ ধরা পড়েনি। ফলে টিভি আম্পায়ারের মাঠের আম্পায়ার ধর্মসেনার নটআউট সিদ্ধান্তই বহাল রাখেন।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘চ্যানেল সেভেন’–এর ধারাভাষ্যকার ও সম্প্রচারক টিম লেন বলেন, ‘সাইড-অন ক্যামেরা থেকে দেখা যাচ্ছে, স্মিথ মিড উইকেটের দিকে প্রায় ২০ মিটার হেঁটে গেছেন। স্মিথ ড্রেসিংরুমের পথে ছিলেন। কিন্তু জীবন পাওয়ার সম্ভাবনা টের পেয়ে এখন আবার ক্রিজে ফিরে এসেছেন...মনে হচ্ছে স্মিথ ব্যাটে বল লেগেছে বুঝেও বেঁচে গেলেন। স্লিপে ক্যাচ মিসের পর এটি তাঁর দ্বিতীয়বার জীবন পাওয়া।’
টিভি আম্পায়ার স্মিথকে নটআউট ঘোষণার পর চোখে–মুখে অবিশ্বাস ফুটে ওঠে ইবাদতের।
প্রযুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন। তাঁর দাবি, প্রযুক্তি খেলায় শুধু ‘বিভ্রান্তি’ই বাড়াচ্ছে। হেইডেনের ভাষায়, ‘ব্যক্তিগত মতামত হলো, এটি খেলায় প্রচুর বিভ্রান্তি তৈরি করছে। তবে ম্যাচ পরিচালনার দায়িত্বে আছেন বিশ্বের অন্যতম সেরা দুই আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও ধর্মসেনা, যাঁরা নিজেরাও অসাধারণ খেলোয়াড় ছিলেন। প্রশংসা করতেই হবে যে ভুল সিদ্ধান্ত নেননি।’
স্মিথের আচরণে বিস্মিত হয়েছেন হেইডেন, ‘স্মিথের প্রতিক্রিয়া ছিল বিস্ময়কর। (আউটের) ঝুঁকি থাকলেও সবাই তো নিজের (ক্রিজে) জায়গায় দাঁড়িয়ে থাকার কথাই ভাববে।’
অদ্ভুত লেগেছে অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নারেরও। অস্ট্রেলিয়ার ভিডিও স্ট্রিমিং সার্ভিস ‘কায়ো স্পোর্টস’কে ওয়ার্নার বলেন, ‘অদ্ভুত ব্যাপার। কারণ সে ড্রেসিংরুমের পথে হাঁটা শুরু করে দিয়েছিল।’ ওয়ার্নারের এ কথার প্রতিক্রিয়ায় অস্ট্রেলিয়ার আরেক সাবেক ওপেনার মার্ক ওয়াহ বলেন, ‘বিষয়টি ঠিক বুঝতে পারছি না। মনে হয় না প্রথম স্লিপের ফিল্ডার (আবেদনে খুব একটা আগ্রহ দেখিয়েছে আর কিপারের আবেদনও দ্বিধান্বিত। আমি কোনো শব্দ শুনতে পাইনি।’
ব্যক্তিগত ২ রানে ‘জীবন’ পেয়েছিলেন স্মিথ। স্লিপে তাঁর ক্যাচ ছাড়েন তানজিদ। শেষ পর্যন্ত এই স্মিথই টানছেন ডারউইন টেস্টে প্রথম দিনে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় সেশনে ৮ উইকেটে ১৮৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। ৬৭ রানে অপরাজিত স্মিথ।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
টেস্ট তিন দিনেই শেষ হবে নাকি পাঁচ দিনে যাবে—কামিন্স বললেন, ‘কে জানে’
১২ আগস্ট, ২০২৬ এ ১২:৩৩ PM · প্রথম আলো
অস্ট্রেলিয়ায় পাঁচ দিনই ভালো খেলতে চান নাজমুল, দিলেন রান করার বার্তা
১২ আগস্ট, ২০২৬ এ ১১:৪৭ AM · প্রথম আলো
