স্বজনহীন প্রসূতির পাশে ইউএনও সাবরিনা, মানবিকতায় জন্ম নিল জান্নাত
১৫ নভেম্বর, ২০২৬ এ ৯:৩১ AM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সন্তান জন্ম দেওয়ার মতো কঠিন সময়ে পাশে ছিলেন না স্বামী, ছিলেন না মা-বাবা কিংবা কোনো স্বজন। প্রসব বেদনায় কাতর হয়ে অসহায় অবস্থায় সাহায্যের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছিলেন রুমা খাতুন। এমন দুঃসময়ে মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে তার পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন। শুধু নিরাপদে সন্তান প্রসবের ব্যবস্থাই করেননি, মা ও নবজাতকের চিকিৎসা, খাবার এবং বাড়ি ফেরার ব্যবস্থাসহ সার্বিক দায়িত্বও পালন করেছেন তিনি। ইউএনওর এমন মানবিক উদ্যোগে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন অসহায় রুমা।
রুমা খাতুন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুপিয়াখালী গ্রামের বাসিন্দা। তার স্বামী মামুন মন্ডল। রুমার অভিযোগ, স্বামী দীর্ঘদিন ধরে তার ও সন্তানদের কোনো খোঁজখবর রাখেন না। এমনকি মুঠোফোন নম্বরও ব্লক করে রেখেছেন। পরিবারের অমতে বিয়ে করায় মা-বাবার সঙ্গেও তার সম্পর্ক নেই। অসুস্থ বাবার বাড়ি থেকেও সহযোগিতা পাওয়ার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে আগের দুই সন্তানকে নিয়ে একাই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন তিনি। এর মধ্যেই তৃতীয় সন্তান জন্ম দেওয়ার সময় ঘনিয়ে আসে।
গত ১১ নভেম্বর বুধবার প্রসবের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় শারীরিক যন্ত্রণা নিয়ে সহযোগিতার আশায় ইউএনও সাবরিনা শারমিনের কাছে যান রুমা। নিজের অসহায়ত্বের কথা জানিয়ে তিনি বলেন, সন্তান প্রসবের পর তার আগের দুই ছোট সন্তানের দেখাশোনা করার মতো কেউ নেই। বিষয়টি শুনে ইউএনও তাকে লিখিত আবেদন করতে বলেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।
পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) রুমা আবারও ইউএনওকে ফোন করে শারীরিক অবস্থার অবনতির কথা জানান। খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে ইউএনও নিজেই তার বাড়িতে ছুটে যান। দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে প্রথমে তাকে পোতাজিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে সিজারের ব্যবস্থা না থাকায় পরে শাহজাদপুরের ফাতেমা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
রাত ১১টা ৪৫ মিনিটে অস্ত্রোপচারের জন্য নেওয়া হয় রুমাকে। রাত ১২টা ১৫ মিনিটের দিকে সফল অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় ফুটফুটে এক কন্যাসন্তান। তার নাম রাখা হয় জান্নাত। তবে অস্ত্রোপচারের আগে রুমার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন ছিল। আগের অস্ত্রোপচারের সেলাইও খুলে গিয়েছিল।
সন্তান জন্মের পরও থেমে থাকেননি ইউএনও। হাসপাতালে থাকা রুমার আগের দুই সন্তানের দেখাশোনায় এগিয়ে আসেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও হাসপাতালের নার্সরা। মা ও শিশুদের জন্য প্রতিদিন নিজের বাসা থেকে খাবার পাঠানোর ব্যবস্থা করেন তিনি। নবজাতক জান্নাতকে কোলে তুলে আদরও করেন। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং হাসপাতালের ব্যবস্থাপক নাদিমও পরিবারটির সহযোগিতায় এগিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসা বিল ১৮ হাজার টাকা হলেও কর্তৃপক্ষ ১০ হাজার টাকা গ্রহণ করে। বাকি খরচসহ প্রয়োজনীয় সহযোগিতার দায়িত্ব নেয় উপজেলা প্রশাসন।
অবশেষে শনিবার (১৪ নভেম্বর) মা ও নবজাতককে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। ইউএনও সাবরিনা শারমিন নিজ উদ্যোগে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।
ইউএনও সাবরিনা শারমিন বলেন, ওই নারীর অসহায়ত্বের কথা শুনে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। সন্তান প্রসবের মতো কঠিন সময়ে একজন নারীর পাশে স্বজনদের কেউ না থাকা অত্যন্ত কষ্টের। তার দুটি ছোট সন্তানও রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের সহযোগিতা করা মানবিক দায়িত্ব।
তিনি আরও জানান, রুমার স্বামীর পরিচয় শনাক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রথমে মা ও নবজাতকের চিকিৎসা এবং সন্তানদের দেখাশোনা নিশ্চিত করাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
একজন অসহায় মায়ের কঠিন সময়ে প্রশাসনের এমন মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। স্বজনহীন রুমার কাছে এই সহযোগিতা শুধু চিকিৎসার ব্যবস্থা নয়, বরং নতুন করে আশার আলো হয়ে এসেছে।
The post স্বজনহীন প্রসূতির পাশে ইউএনও সাবরিনা, মানবিকতায় জন্ম নিল জান্নাত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রাজশাহীতে অনুমোদন ছাড়াই দই-মিষ্টি তৈরি ও বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা
১৫ নভেম্বর, ২০২৬ এ ৮:৫২ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫
১৫ নভেম্বর, ২০২৬ এ ৮:৩৬ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
মাত্র ১৪ মাসেই পবিত্র কুরআনের হাফিজ হলেন জুড়ীর তাওহিদ উদ্দিন
১৫ নভেম্বর, ২০২৬ এ ৮:২৮ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
প্রসব বেদনায় পাশে ছিল না কোনো স্বজন, ভরসা হলেন শাহজাদপুরে ইউএনও
১৫ নভেম্বর, ২০২৬ এ ৭:৫৪ PM · www.dainiksokal.com
সিরাজগঞ্জে মুরগির বাচ্চায় খামারীদের ভাগ্য বদল
১৫ নভেম্বর, ২০২৬ এ ৭:১৯ PM · Daily Nabochatona
‘বখতিয়ারের ঘোড়া’ এবং বাংলায় ইসলাম প্রসারের তরবারিতত্ত্ব
১৫ নভেম্বর, ২০২৬ এ ৭:০১ PM · প্রথম আলো
