শাহজাদপুর সংবাদ

সুতা আমদানি নিয়ে সিদ্ধান্ত আজ, দুই পক্ষ দুই অবস্থানে

১১ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM

সুতা আমদানি নিয়ে সিদ্ধান্ত আজ, দুই পক্ষ দুই অবস্থানে

বন্ড সুবিধায় ১০–৩০ কাউন্টের সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তে রপ্তানিমুখী পোশাকশিল্পে সংকট তৈরি হয়েছে। চট্টগ্রাম বন্দরে আটকে আছে আমদানি করা সুতা। তা ব্যবসায়ীরা ব্যাংক গ্যারান্টির অভাবে খালাস করতে পারছেন না। ফলে জাহাজভাড়া ও বন্দরের মাশুল বাড়ছে। এতে রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে।

এসব সংকট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার সব পক্ষকে নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে ২০ নভেম্বরের মধ্যে বিষয়টির সুরাহা করতে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৭ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপন জারি করে বন্ড সুবিধায় ১০–৩০ কাউন্টের সুতা আমদানি বন্ধ করে দেয়। তাতে বলা হয়, তৈরি পোশাক রপ্তানিকারকেরা ব্যাংক গ্যারান্টির মাধ্যমে এ ধরনের সুতা আমদানি করতে পারবেন। আমদানি করা সুতা দিয়ে তৈরি পোশাক রপ্তানি হওয়ার পর ব্যাংক গ্যারান্টি অবমুক্ত হবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে গত সোমবারের বৈঠকের পর গতকাল মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরকে চিঠি দিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। চিঠিতে কালক্ষেপণ না করে জরুরি ভিত্তিতে সব পক্ষকে নিয়ে বৈঠক করে সংকট নিরসনের উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

বিষয়টি সমাধানের জন্য বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি রয়েছে। কমিটির সদস্যরা হলেন—প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব।

বিজিএমইএর চিঠিতে বলা হয়েছে, তারা জানতে পেরেছে, বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটির বৈঠকের আগে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আলাদাভাবে বিজিএমইএ ও বিকেএমইএর সঙ্গে বৈঠক করতে চায়। এটি মূলত কালক্ষেপণের কৌশল। বিটিএমএর সঙ্গে একাধিকবার বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। আবার বৈঠক করেও সংকটের সমাধান হবে না।

তবে বাণিজ্য মন্ত্রণালয় কালক্ষেপণের সুযোগ রাখেনি। সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও বিজিএমইএর অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বেলা তিনটায় সচিবালয়ে কমিটির বৈঠক ডেকেছেন বাণিজ্যমন্ত্রী। এতে বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর প্রতিনিধিদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিজিএমইএ চিঠিতে আরও বলেছে, বন্ড সুবিধায় সুতা আমদানি বন্ধের সুযোগে স্থানীয়ভাবে উৎপাদিত সুতার দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় অনেক বেড়ে গেছে। এ কারণে আন্তর্জাতিক পোশাক ক্রেতারা বাংলাদেশি উদ্যোক্তাদের সুতা না কিনে কাপড় আমদানির পরামর্শ দিচ্ছেন। এতে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা দেশের নিটিং ও ডাইং শিল্প বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

যোগাযোগ করলে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক রয়েছে কাল বুধবার (আজ)। আশা করছি, একটা সমাধান বের হয়ে আসবে।’

কী পর্যবেক্ষণ দিয়েছে ট্যারিফ কমিশন

বন্ড সুবিধায় ১০–৩০ কাউন্টের সুতা আমদানিতে ব্যাংক গ্যারান্টি চালুর প্রস্তাব নিয়ে তৈরি পোশাক ও বস্ত্র খাতের উদ্যোক্তাদের মধ্যে মতভেদ রয়েছে। একদিকে রাজস্ব ফাঁকি ও বন্ড সুবিধার অপব্যবহার ঠেকানোর যুক্তি আছে, অন্যদিকে রয়েছে উৎপাদন খরচ ও চলতি মূলধনের ওপর বাড়তি চাপের আশঙ্কা।

ব্যাংক গ্যারান্টি চালুর প্রস্তাবের সার্বিক দিক পর্যালোচনা করে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থাপনের জন্য বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে একটি প্রবন্ধ তৈরির দায়িত্ব দিয়েছিল।

ট্যারিফ কমিশন সেই প্রবন্ধে বলেছে, ব্যাংক গ্যারান্টি চালু হলে বন্ড সুবিধায় আমদানি করা সুতা খোলাবাজারে বিক্রির প্রবণতা কমতে পারে। কারণ, ব্যাংক গ্যারান্টি সরকারের রাজস্ব সুরক্ষায় জামানত হিসেবে কাজ করবে। আমদানি করা কাঁচামালের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং বন্ড সুবিধার অপব্যবহারকারীদের জবাবদিহির আওতায় আনাও সহজ হবে। এতে নিয়ম মেনে ব্যবসা করা উদ্যোক্তারা সমান প্রতিযোগিতার সুযোগ পাবেন।

তবে এ ব্যবস্থায় বড় ধরনের আর্থিক চাপ তৈরির আশঙ্কাও রয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে ট্যারিফ কমিশন। সংস্থাটি বলেছে, ব্যাংক গ্যারান্টি নিতে হলে নির্দিষ্ট পরিমাণ অর্থ জামানত রাখতে হবে। পাশাপাশি ব্যাংককে কমিশন ও অন্যান্য মাশুল দিতে হবে। এতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি কারখানার চলতি মূলধন কমে যাবে। ব্যাংকের অনুমোদন ও কাগজপত্রের আনুষ্ঠানিকতার কারণে আমদানি প্রক্রিয়ার সময়ও বাড়তে পারে।

এ ছাড়া উৎপাদন খরচ বেড়ে গেলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকের প্রতিযোগিতা সক্ষমতা কমবে। ভিয়েতনাম ও ভারতের মতো প্রতিযোগী দেশের চেয়ে বাংলাদেশি উদ্যোক্তারা পিছিয়ে পড়তে পারেন। বিদেশি ক্রেতারাও কম দামের উৎসের দিকে ঝুঁকতে পারেন। ব্যাংক গ্যারান্টির চাপ সামলাতে না পেরে ছোট ও মাঝারি কারখানাগুলো উৎপাদন কমাতে বা বন্ধ করতে বাধ্য হতে পারে।

ট্যারিফ কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, এর ফলে কর্মসংস্থান, রপ্তানি আয় ও বৈদেশিক মুদ্রা অর্জনেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই ব্যাংক গ্যারান্টি চালুর পরিবর্তে বন্ড ব্যবস্থার সংস্কার, ডিজিটাল নজরদারি এবং অপব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে বেশি কার্যকর সমাধান হিসেবে বিবেচনা করা যেতে পারে।

বিটিএমএর ভারপ্রাপ্ত সভাপতি শামীম ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে যা বলেছি, সেটাই আবার বলতে পারি।’ এরপর তিনি বিটিএমএর অবস্থান লিখিতভাবে পাঠান।

বিটিএমএ প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জানায়, দেশীয় বস্ত্রশিল্পের সুরক্ষা, বন্ড সুবিধার অপব্যবহার রোধ এবং রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে ১০–৩০ কাউন্টের তুলার সুতা আমদানিতে বিদ্যমান ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা বহাল রাখা প্রয়োজন।

সংগঠনটি বলেছে, ব্যাংক গ্যারান্টি ব্যবস্থা কোনো শর্তহীন আমদানি সুবিধা নয়। বরং যথাযথ আর্থিক দায়বদ্ধতা ও তদারকির মাধ্যমে বন্ড সুবিধার অপব্যবহার রোধ এবং প্রকৃত রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল সরবরাহ নিশ্চিত করার উপায় এটি।

বিটিএমএ আরও বলেছে, তৈরি পোশাক ও বস্ত্রশিল্প পরস্পরের পরিপূরক। তাই একটি শিল্পের স্বার্থ রক্ষা করতে গিয়ে অন্য শিল্পের বিনিয়োগ ও উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত করা উচিত নয়। এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলা, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, রপ্তানি আয় দেশে প্রত্যাবাসন এবং দেশীয় শিল্পের সক্ষমতা ও বিনিয়োগ সুরক্ষায় বিদ্যমান ব্যবস্থা বহাল রাখা জরুরি।

চাহিদার চেয়ে উৎপাদন সক্ষমতা বেশি

বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর কাছ থেকে তথ্য নিয়ে ট্যারিফ কমিশন জানিয়েছে, দেশে বছরে ১০–৩০ কাউন্টের তুলার সুতার চাহিদা ৯২ কোটি কেজি। এর বিপরীতে বর্তমানে উৎপাদিত হচ্ছে ১৩০ কোটি কেজি। এ ধরনের সুতা উৎপাদনের সক্ষমতা অবশ্য আরও বেশি, ১৮০ কোটি কেজি।

গত ২০২৪–২৫ অর্থবছরে দেশে ১০–৩০ কাউন্টের সুতা আমদানি হয়েছে ৪৬ কোটি কেজি। ২০২৫–২৬ অর্থবছরে তা কমে হয়েছে ৩৯ কোটি ৬০ লাখ কেজি। ২০২৪–২৫ অর্থবছরে মোট তুলার সুতা আমদানির ৬০ শতাংশের বেশি ছিল ১০–৩০ কাউন্টের সুতা। পরের অর্থবছরে তা বেড়ে প্রায় ৭০ শতাংশ হয়েছে।

ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বন্ড সুবিধার আওতায় সব ধরনের সুতা আমদানি হয়েছে প্রায় ৬৮ কোটি ৭০ লাখ কেজি। ফলে বন্ড সুবিধায় ১০–৩০ কাউন্টের সুতা আমদানি বন্ধ হলে নিট পোশাকশিল্পের কাঁচামাল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, এই মুহূর্তে বন্দরে অনেক সুতা আটকে আছে। এ কারণে রপ্তানি ব্যাহত হচ্ছে। দেশের বাজারে প্রতি কেজি সুতার দাম ভারতের তুলনায় ৯৮ সেন্ট বেশি। এভাবে একচেটিয়া বাজার তৈরি হলে ব্যবসা করা সম্ভব নয়।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ