শাহজাদপুর সংবাদ

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার খোয়ালেন জেনসেন

১০ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৪ PM

ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার খোয়ালেন জেনসেন

ব্যক্তিগত সম্পর্ক ও চীনা গোয়েন্দাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং এখন তদন্তের মুখে রয়েছেন। এক নারীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি নিয়ে জোর তদন্ত চলছে। ওই নারীর বিরুদ্ধে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য সংগ্রহের অভিযোগও আছে। এ খবর প্রকাশের পর জেনসেন হুয়াংয়ের কোম্পানির শেয়ারের ব্যাপক দরপতন ঘটেছে। এতে এক দিনেই তাঁর ৬৮০ কোটি ডলারের সম্পদ কমেছে।

গতকাল সোমবার লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ৭৪০ কোটি ডলার পর্যন্ত কমে যায় হুয়াংয়ের সম্পদ। পরে শেয়ারের দাম কিছুটা বাড়লে তাঁর সম্পদমূল্য কিছুটা বৃদ্ধি পায়। গতকাল নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের লেনদেন শেষে তাঁর সম্পদমূল্য কমে হয় ১৫ হাজার ৫৪০ কোটি ডলার।

এনভিডিয়া হলো যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, যা মূলত গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ তৈরির জন্য বিশ্বজুড়ে খ্যাত। ১৯৯৩ সালে জেনসেন হুয়াং, ক্রিস মালাকস্কি ও কার্টিস প্রিয়াম এটি প্রতিষ্ঠা করেন।

এদিকে কোম্পানির শেয়ারের দাম পড়ে যাওয়ার কারণে বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের তৈরি রিয়েল-টাইম বিলিয়ন লিস্ট বা শতকোটিপতি তালিকায় হুয়াং অষ্টম থেকে দশম স্থানে নেমে গেছেন।

নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে গতকাল এনভিডিয়ার শেয়ারের দাম আগের দিনের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ কমেছে। অবশ্য বাজার খোলার আগে হওয়া লেনদেনে তাঁর শেয়ারের দরপতন ৭ শতাংশ ছাড়িয়েছিল। হুয়াংয়ের বিরুদ্ধে তদন্ত শুরুর ঘোষণা দেওয়ার পর এটাই ছিল এনভিডিয়ার প্রথম দিনের লেনদেন।

গত রোববার কর্মীদের উদ্দেশে পাঠানো এক বিবৃতিতে হুয়াং ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি স্বীকার করে নিজের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি এ বিষয়ে প্রতিষ্ঠানের তদন্তে সহযোগিতা করার কথা জানান।

শেয়ারের দরপতনে এনভিডিয়ার বাজারমূল্যও কমেছে। গত শুক্রবার লেনদেন শেষে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ছিল ৪ লাখ ৫০ হাজার কোটি মার্কিন ডলার। গতকাল তা কমে হয় ৪ লাখ ২৪ হাজার কোটি ডলার। অর্থাৎ, একদিনে কোম্পানিটির বাজারমূল্য ২৬ হাজার কোটি ডলার কমেছে। বিশ্বের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত কোম্পানির অবস্থান নিয়ে এনভিডিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে অ্যাপল।

এনভিডিয়ার পরিচালনা পর্ষদ রোববার জানায়, বিষয়টি তদন্তে স্বতন্ত্র পরিচালকদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বাইরের আইনজীবীদেরও নিয়োগ দেওয়া হচ্ছে। তবে প্রতিষ্ঠানটির দাবি, এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি, যাতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন প্রযুক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে।

গত মাসের শেষ দিকে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, চীনা নাগরিক অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। অ্যালিস হুয়াং বেইজিংয়ের হয়ে তথ্য সংগ্রহ করেন বলে মার্কিন গোয়েন্দাদের সন্দেহ।

পত্রিকাটির পরবর্তী প্রতিবেদনে বলা হয়, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের জন্য তথ্য সংগ্রহ করতে দেশটির শীর্ষ গোয়েন্দা সংস্থা অ্যালিস হুয়াংকে নিয়োগ দিয়েছিল বলে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ স্মারকে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা প্রায় এক বছর আগে এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেছিলেন। তবে সে সময় তিনি পদক্ষেপ নেননি বলে নিউইয়র্ক টাইমস জানিয়েছে।

এদিকে হুয়াংয়ের প্রতি সমর্থন জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রোববার রাতে তিনি হুয়াংকে ‘সম্মানিত ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি নিজের আসন্ন চীন সফরে হুয়াংকে সঙ্গে নেওয়ার পরিকল্পনা আছে বলেও জানান।

যুক্তরাষ্ট্রের বড় সাত প্রযুক্তিপ্রতিষ্ঠান—অ্যাপল, মাইক্রোসফট, অ্যালফাবেট, অ্যামাজন, এনভিডিয়া, মেটা ও টেসলা—ম্যাগনিফিশেন্ট সেভেন নামে পরিচিত। গতকাল বাজার খোলার আগে, অর্থাৎ প্রাক্‌–লেনদেনে এই সাত প্রতিষ্ঠানের মধ্যে একমাত্র এনভিডিয়ার শেয়ারের দর কমেছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াং নিজেকে সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা কম্পিউটিং সেবাদাতা প্রতিষ্ঠান মেগাস্পিডের প্রধান নির্বাহী হিসেবে পরিচয় দিতেন। প্রতিষ্ঠানটির নথি থেকে জানা যায়, আগস্ট মাসে তাঁকে ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

২০২৪ সালের জুনে একটি পানশালায় জেনসেন হুয়াং ও অ্যালিস হুয়াংকে একসঙ্গে দেখা গেছে। এ ছাড়া এআই চিপ খাতের অন্য বড় কর্তাদের সঙ্গেও অ্যালিসের যোগাযোগ ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে এনভিডিয়ার সুপারকম্পিউটার প্রস্তুতকারী প্রতিষ্ঠান গিগাবাইটের কর্মকর্তারাও আছেন।

২০২৪ সাল থেকে মেগাস্পিডের কার্যক্রম নিয়ে তদন্ত করছে যুক্তরাষ্ট্র। চীনের হাতে এনভিডিয়ার চিপ গেছে কি না, সেই আশঙ্কা খতিয়ে দেখছে তারা। ওই বছর মালয়েশিয়ার একটি তথ্যকেন্দ্রে এনভিডিয়ার সরঞ্জাম বাক্সবন্দী অবস্থায় দেখতে পান মার্কিন বাণিজ্য বিভাগের এক কর্মকর্তা। এতে সন্দেহ তৈরি হয়, ওই সব সরঞ্জাম অন্য দেশে পাঠানোর প্রস্তুতি চলছিল কি না।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ