জ্বালানি তেলের দাম বাড়লেও কমেছে মূল্যস্ফীতি
১০ নভেম্বর, ২০২৬ এ ৬:৩৭ AM

জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়েনি। বরং সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে দেশে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে, গত অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৭ শতাংশ। সেপ্টেম্বরে এই হার ছিল ৮ দশমিক ৩৪ শতাংশ।
সোমবার (৯ নভেম্বর) বিবিএস অক্টোবর মাসের মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করে।
তবে মূল্যস্ফীতির হার কমার অর্থ বাজারে পণ্যের দাম কমে যাওয়া নয়। বরং আগের তুলনায় দাম বাড়ার গতি কিছুটা কমেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এখনও চাপে রয়েছে।
বিশেষ করে গত ২১ সেপ্টেম্বর অকটেন, পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়। এতে পণ্য পরিবহনের ব্যয় বেড়েছে। এর প্রভাব পড়েছে শাকসবজি, মাছ ও মাংসসহ বিভিন্ন নিত্যপণ্যের বাজারে। জ্বালানির দাম বাড়লে সাধারণত পরিবহন ও উৎপাদন ব্যয়ের মাধ্যমে মূল্যস্ফীতিতে চাপ তৈরি হয়। তবে অক্টোবরে বিবিএসের হিসাবে মূল্যস্ফীতির হার বেড়ে যাওয়ার পরিবর্তে সামান্য কমেছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৪০ শতাংশ। আর খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯ দশমিক ৮৯ শতাংশ। অর্থাৎ খাদ্যবহির্ভূত পণ্য ও সেবার ক্ষেত্রে মূল্যস্ফীতির চাপ তুলনামূলক বেশি রয়েছে।
এর আগে টানা তিন মাস ৯ শতাংশের বেশি মূল্যস্ফীতি থাকার পর জুলাই ও আগস্টে তা কমেছিল। সেপ্টেম্বরে আবার কিছুটা বেড়ে ৮ দশমিক ৩৪ শতাংশে পৌঁছায়। এক মাসের ব্যবধানে অক্টোবরে তা আবার কমে ৮ দশমিক ২৭ শতাংশ হয়েছে।
মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমার তেমন লক্ষণ নেই। বরং মূল্যস্ফীতির তুলনায় মজুরি বৃদ্ধির হার কম হওয়ায় মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতার ওপর চাপ বাড়ছে।
বিবিএসের হিসাবে, সেপ্টেম্বরে জাতীয় গড় মজুরি বৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। অক্টোবরে তা আরও কমে ৭ দশমিক ৬৩ শতাংশ হয়েছে। অর্থাৎ অক্টোবরে মূল্যস্ফীতি যেখানে ৮ দশমিক ২৭ শতাংশ, সেখানে মজুরি বেড়েছে মাত্র ৭ দশমিক ৬৩ শতাংশ।
অর্থনীতির এই ব্যবধানের সরাসরি প্রভাব পড়ছে সীমিত ও মধ্যম আয়ের মানুষের সংসারে। আয় যে হারে বাড়ছে, তার চেয়ে বেশি হারে বাড়ছে জীবনযাত্রার ব্যয়। ফলে একই পরিমাণ অর্থ দিয়ে আগের মতো পণ্য ও সেবা কেনা সম্ভব হচ্ছে না।
এ পরিস্থিতিতে অনেক পরিবারকে সংসারের খরচ মেটাতে ধারদেনা করতে হচ্ছে। কেউ কেউ খাবার, পোশাক, যাতায়াত ও চিকিৎসাসহ প্রয়োজনীয় বিভিন্ন খাতে ব্যয় কমাতে বাধ্য হচ্ছেন। ফলে মূল্যস্ফীতির হার সামান্য কমলেও মানুষের বাস্তব জীবনে স্বস্তি ফেরেনি।
জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে মূল্যস্ফীতির সম্পর্কের একটি বড় উদাহরণ রয়েছে ২০২২ সালে। ওই বছরের ৬ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম এক লাফে রেকর্ড পরিমাণ বাড়ায়। নতুন দাম কার্যকর হয় ৭ আগস্ট থেকে।
তখন ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৮০ টাকা থেকে বাড়িয়ে ১১৪ টাকা করা হয়। পেট্রোলের দাম ৮৬ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের দাম ৮৯ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। দেশে প্রথমবারের মতো অকটেন ও পেট্রলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ছাড়িয়ে যায়।
জ্বালানির এই মূল্যবৃদ্ধির প্রভাবে পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়ে যায়। এর প্রভাব পড়ে পণ্য ও সেবার দামে। ওই বছরের আগস্ট শেষে দেশে মূল্যস্ফীতি বেড়ে সাড়ে ৯ শতাংশ ছাড়িয়ে যায়। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যায়।
তবে এবার জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পরও অক্টোবরে মূল্যস্ফীতির হিসাবে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়নি। যদিও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি এখনও প্রায় ১০ শতাংশ এবং মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম। ফলে মূল্যস্ফীতির সামান্য পতনকে সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফেরার ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ সীমিত।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার খোয়ালেন জেনসেন
১০ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৪ PM · প্রথম আলো
গান দিয়েই ১৪০ কোটি ডলারের সম্পদের মালিক বিটলসের রকস্টার পল ম্যাককার্টনি
১০ নভেম্বর, ২০২৬ এ ৩:০১ PM · প্রথম আলো
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
১০ নভেম্বর, ২০২৬ এ ৯:৪২ AM · বাংলা ট্রিবিউন
একসময়ের ১০০ টাকার বাজার এখন মিলছে না হাজারেও: টাকার মান গেলো কোথায়?
১০ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৭ AM · বাংলা ট্রিবিউন
চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যাবে আগের চেয়ে দ্বিগুণ ডলার
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৫৫ PM · বাংলা ট্রিবিউন
ব্যবসা শুরুতে কমবে ভোগান্তি, কোম্পানি নিবন্ধনে আসছে স্বয়ংক্রিয় ব্যবস্থা
৯ নভেম্বর, ২০২৬ এ ২:২২ PM · প্রথম আলো
