সিলেটের সীমান্ত এলাকায় পড়ে ছিল যুবকের গুলিবিদ্ধ মরদেহ
১১ অক্টোবর, ২০২৬ এ ১২:০৪ PM

সিলেটের কানাইঘাটে ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় গ্রামের একটি কৃষিজমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পিঠে তিনটি গুলির চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত শাহিন আহমদ (২৫) কানাইঘাটের কেউটি হাওর গ্রামের বাসিন্দা।
নিহত যুবকের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শাহিন কৃষিকাজ করতেন। গত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। শনিবার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন সীমান্তসংলগ্ন বাংলাদেশের ভেতরে সোনারখেওড় গ্রামের কৃষিজমিতে তাঁর গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান। খবর পেয়ে শাহিনের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন। বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, যে এলাকায় মরদেহ পাওয়া গেছে, সেটি দুর্গম সীমান্ত এলাকা। সেখানে নৌকা ও মোটরসাইকেলে করে যাতায়াত করতে হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে রাতে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ওসি আরও বলেন, নিহত শাহিন কৃষিকাজ করতেন। তবে সীমান্তবর্তী এলাকায় বসবাস করায় মাঝেমধ্যে অবৈধভাবে ভারতে ঢুকে খাসিয়াপুঞ্জিতে গিয়ে শ্রমিকের কাজ করতেন। প্রাথমিকভাবে জানা গেছে, শাহিন ভারত সীমান্তে প্রবেশের সময় গুলিবিদ্ধ হন এবং পরে বাংলাদেশ সীমান্তে এসে মারা যান।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
শিশুদের পায়ে শিকল, মাথায় চড়-থাপ্পড়, ফেসবুকে ভাইরাল ছবি-ভিডিও নিয়ে যা জানা গেল
১১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৫ PM · প্রথম আলো
মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, ঠেকাল বিজিবি
১১ অক্টোবর, ২০২৬ এ ১২:২১ PM · প্রথম আলো
যুব উন্নয়নে নিয়োগের প্রশ্নপত্র ফাঁস: তদন্তে অগ্রাধিকার পাচ্ছে দুটি বিষয়
১১ অক্টোবর, ২০২৬ এ ১২:০৩ PM · প্রথম আলো
জয়পুরহাটে ফুটবলের ফাইনাল দেখতে ভিড়, স্টেডিয়াম ছাপিয়ে দর্শক ছাদ-চিলেকোঠায়
১০ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৬ PM · প্রথম আলো
মা–বাবার ইচ্ছা পূরণে হাতির পিঠে বরযাত্রা, দেখতে ভিড় স্থানীয়দের
১০ অক্টোবর, ২০২৬ এ ১২:২৩ PM · প্রথম আলো
