মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ১০ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা বিএসএফের, ঠেকাল বিজিবি
১১ অক্টোবর, ২০২৬ এ ১২:২১ PM

মেহেরপুর ও কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মোট ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় লোকজনের বাধায় দুটি চেষ্টাই ব্যর্থ হয়েছে।
আজ রোববার মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্তে ছয়জন এবং কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চারজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়।
মেহেরপুরের গাংনীর রংমহল সীমান্তে ছয়জন নারী-পুরুষকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। প্রায় ছয় ঘণ্টা শূন্যরেখায় থাকার পর ওই ছয়জনকে ফেরত নিয়ে গেছে তারা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আজ ভোর চারটার দিকে বিএসএফ কাঁটাতারের বেড়ার গেট খুলে চারজন নারী ও দুজন পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। সীমান্তে দায়িত্বরত বিজিবির টহল দল বিষয়টি টের পায়। বিজিবি সদস্যরা স্থানীয় গ্রামবাসীর সহায়তায় বিএসএফের এই চেষ্টায় বাধা দেন। পরে সকাল ১০টার দিকে তাঁদের ফেরত নেয় বিএসএফ।
রংমহল গ্রামের বাসিন্দা লাল মিয়া বলেন, ওই ছয়জনকে প্রতিহত করতে বিজিবি ও গ্রামবাসী সেখানে জড়ো হন। কুয়াশার মধ্যে বিএসএফ তাঁদের ঠেলে পাঠিয়েছিল।
রংমহল বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার বেলাল হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ভোর চারটার দিকে ঘন কুয়াশার সুযোগ নিয়ে একদল মানুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি তা প্রতিরোধ করে। সকাল ১০টার দিকে ওই ছয়জনকে সীমান্তের ওপারে ফেরত নেন বিএসএফের সদস্যরা। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ দুজন পুরুষ ও দুজন নারীকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। আজ সকাল পৌনে আটটার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন ঠোটারপাড়া সীমান্তচৌকি এলাকায় এ ঘটনা ঘটে। বেলা পৌনে ১১টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে দায়িত্বরত বিজিবির টহল দল ১৫৩/৯-এস নম্বর সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০ গজ ভারতের ভেতরে বিএসএফের ১৪৬ ব্যাটালিয়নের উদয় কিষান ক্যাম্পের সদস্যদের সন্দেহজনক তৎপরতা দেখতে পায়। বিএসএফ সদস্যরা ওই চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছিলেন। বিজিবির সদস্যরা তাৎক্ষণিক সতর্ক অবস্থান নেন। বিজিবির এ অবস্থানের মুখে সকাল আটটার দিকে বিএসএফের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই চারজন ভারতের ভেতরে ফিরে যেতে বাধ্য হন।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তে অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের চেষ্টা ঠেকাতে বিজিবি সব সময় সতর্ক ও প্রস্তুত আছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
শিশুদের পায়ে শিকল, মাথায় চড়-থাপ্পড়, ফেসবুকে ভাইরাল ছবি-ভিডিও নিয়ে যা জানা গেল
১১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৫ PM · প্রথম আলো
যুব উন্নয়নে নিয়োগের প্রশ্নপত্র ফাঁস: তদন্তে অগ্রাধিকার পাচ্ছে দুটি বিষয়
১১ অক্টোবর, ২০২৬ এ ১২:০৩ PM · প্রথম আলো
জয়পুরহাটে ফুটবলের ফাইনাল দেখতে ভিড়, স্টেডিয়াম ছাপিয়ে দর্শক ছাদ-চিলেকোঠায়
১০ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৬ PM · প্রথম আলো
মা–বাবার ইচ্ছা পূরণে হাতির পিঠে বরযাত্রা, দেখতে ভিড় স্থানীয়দের
১০ অক্টোবর, ২০২৬ এ ১২:২৩ PM · প্রথম আলো
