শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেপ্তার

১০ ফেব্রুয়ারি, ২০২৫ এ ১২:৫৭ AM

সিরাজগঞ্জের সাবেক এমপি চয়ন ইসলাম গ্রেপ্তার

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার দিকে গাজীপুরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার দিবাগত রাত ১২টার দিকে মাওনা চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি করে হত্যার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে শ্রীপুর থানা হাজতে রাখা হয়েছে।

আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি চয়ন ইসলামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে। গত ১৪ নভেম্বর চয়ন ইসলাম, তার বোন মেরিনা জাহান কবিতাসহ পাঁচজনের নামে চাঁদাবাজির মামলা দায়ের হয়। শাহজাদপুর উপজেলা আমলি আদালতে শাহাদৎ হোসেন নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, মামলার বাদী শাহাদৎ হোসেন ২০২২ সালের ২৫ জুন শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা এলাকায় ২০ লাখ ৪৩ হাজার টাকা দিয়ে একটি জমি ভাড়া নিয়ে করতোয়া নদী থেকে ড্রেজার দিয়ে উত্তোলন করা ৯০ লাখ সেফটি বালু এক কোটি ৮০ হাজার টাকায় কিনে বিক্রি করছিলেন। ২৬ জুন তৎকালীন সংসদ সদস্য মেরিনা জাহান কবিতা, তার ছেলে এবং ভাই চয়ন ইসলামসহ আসামিরা বালু বিক্রিতে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাকে ধরে নিয়ে মারধর এবং হত্যার হুমকি দেয়। পরে আসামিরা ওই বালু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ছয় মাস ধরে বিক্রি করে। এতে বাদীর দুই কোটি ২৩ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ওই সময় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। যে কারণে এতদিন পর (১৪ নভেম্বর) আদালতে মামলা করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

2026 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.

সূত্র: Protidiner Bangladesh

সম্পর্কিত সংবাদ