শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

৮ অক্টোবর, ২০২৬ এ ৭:২০ PM

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় মো. শামিম আহমেদ লাবলু (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ভূইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামিম আহমেদ লাবলু গাইবান্ধার পলাশবাড়ী থানার রায়ের গ্রামের মো. শফিকুল ইসলাম দুলুর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে ঢাকাগামী একটি বাসের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়লে বাসটির পেছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসটির রং লাল এবং নাম ‘আর এম স্পেশাল’।

স্থানীয়দের অভিযোগ, ভূইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ এলাকায় কোনো ধরনের সতর্কতামূলক ব্যারিকেড ছাড়াই মহাসড়কের পাশে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। এতে সড়কের এক পাশ সংকুচিত হয়ে পড়ে। এক পাশে মোনায়েম কোম্পানির একটি রেকার এবং অন্য পাশে ওয়েল্ডিংয়ের মেশিন থাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ সময় বাস ও মোটরসাইকেল ওভারটেক করতে গেলে দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

রায়গঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র: Bd24live

সম্পর্কিত সংবাদ