দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
৮ অক্টোবর, ২০২৬ এ ১০:৪০ PM

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ ঘিরে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।
প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার বিকেলে নগরীর মন্নুজান স্কুলের সামনে নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
পরিদর্শনকালে ঘাটের প্রস্তুতি, নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল ও জনসাধারণের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তাঁরা। বিসর্জনের সময় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উৎসবের পরিবেশ নিশ্চিত করা হবে। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক রয়েছে।
বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী বলেন, প্রতিমা তৈরি থেকে বিসর্জন পর্যন্ত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় পর্যায়ে প্রস্তুতি সভা হয়েছে। সিটি করপোরেশন, আরএমপি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, দুর্গাপূজা ঘিরে মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজা ও প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে এসআরবি-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুরুল কবির পিয়াল, ফায়ার সার্ভিসের উপপরিচালক মঞ্জিল হক, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমসহ সিটি করপোরেশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতি নিয়ে আলোচনা সভা
৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০১ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে ৮৫২ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান
৮ অক্টোবর, ২০২৬ এ ৯:১০ PM · Channel i Online
শাহজাদপুরে ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ
৮ অক্টোবর, ২০২৬ এ ৭:৩৩ PM · https://www.dainiksokal.com/
সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
৮ অক্টোবর, ২০২৬ এ ৭:২০ PM · Bd24live
