শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে ভোজ্যতেলের অনিরাপদ ড্রাম ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি নিয়ে সভা অনুষ্ঠিত

২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM

সিরাজগঞ্জে ভোজ্যতেলের অনিরাপদ ড্রাম ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি নিয়ে সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম:ভোজ্যতেল ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণে অনিরাপদ ড্রামের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার লক্ষ্যে সিরাজগঞ্জের স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের অংশগ্রহণে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহীদ এ.কে. শামসুদ্দিন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের বাস্তবায়নে এ সভার আয়োজন করা হয়।সিরাজগঞ্জ জেলা কমিটির ক্যাবের সভাপতি শওকত আলীর সভাপতিত্বে এবং ক্যাবের সাধারণ সম্পাদক আবু জাফর টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সচিব এ.এইচ.এম. সফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিম জান্নাত,বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক পরিচালক, বিসিক এবং অতিরিক্ত সচিব মুশতাক হাসান মুহ. ইফতিখার। অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদত হোসেন। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ড্রামের ব্যবহারের নানান গুরুত্বারোপ বিষয়াদি তুলে ধরেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিনিধি ডাঃ আলভী হক।

এছাড়া অনুষ্ঠানে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম রইসী, প্রধান শিক্ষক আইয়ুব আলী, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার হিরুক গুণ, এখন টিভির প্রতিনিধি রিফাত রহমান, স্টার নিউজের প্রতিনিধি সাজিরুল সঞ্চয়, দৈনিক মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলামসহ জেলা ইউনিটের ক্যাবের সদস্যবৃন্দ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।সভায় বক্তারা ভোজ্যতেল পরিবহন ও সংরক্ষণে অনিরাপদ ড্রামের ব্যবহার থেকে জনস্বাস্থ্যের সম্ভাব্য ঝুঁকির বিষয়টি তুলে ধরেন। তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে অনিরাপদ ড্রামের ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আরো বলেন, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, স্বাস্থ্যসংশ্লিষ্ট ব্যক্তি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রভাবশালী ব্যক্তিদের সম্মিলিত উদ্যোগে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি ভোজ্যতেল পরিবহন ও সংরক্ষণে নিরাপদ বিকল্প ব্যবহারে সবাইকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সভায় ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ের অনিরাপদ ড্রামের ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ এবং সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

The post সিরাজগঞ্জে ভোজ্যতেলের অনিরাপদ ড্রাম ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি নিয়ে সভা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ