শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে বেশি দামে তেল বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪৪ PM

সিরাজগঞ্জে বেশি দামে তেল বিক্রির দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ পৌর বাহিরগোলা বাজার এলাকায় ভোজ্য তেল, চিনি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকিতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খোলা ভোজ্য তেল বিক্রি এবং বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার সিরাজগঞ্জ পৌরসভার বাহিরগোলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে মূল্য তালিকায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খোলা ভোজ্য তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি ক্রয়-বিক্রয় রশিদ না রাখা, মূল্য তালিকা হালনাগাদ না করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলে।

এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স রিমা ট্রেডার্সের ম্যানেজার মো. শাকির ইমাম তালুকদারকে ২০ হাজার টাকা এবং মেসার্স এ. রহমান ট্রেডিংয়ের ম্যানেজার মো. শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে বাজারের ভোজ্য তেল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। এ সময় বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ ছাড়া অভিযানের পাশাপাশি বাজারের বিভিন্ন স্থানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, যথাযথভাবে মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।

সূত্র: bangla.tob.news

সম্পর্কিত সংবাদ