সিরাজগঞ্জে বালু উত্তোলনে উজাড় হচ্ছে কৃষি জমি
৯ নভেম্বর, ২০২৬ এ ৮:৩৫ AM

সিরাজগঞ্জের নদী খননের বালু অপসারণের কথা বলে নিলামে বিক্রি করা হয়েছে রাষ্ট্রীয় সম্পদ। অভিযোগ উঠেছে সেই বালু সরানোর আড়ালে দীর্ঘদিন ধরে চলছে নতুন করে বালু উত্তোলন। ড্রেজার দিয়ে কেটে নেয়া হয়েছে ফসলের জমি, তৈরি হচ্ছে ৫০ থেকে ৬০ ফুট গভীর গর্ত। এতে একদিকে হারিয়ে যাচ্ছে কৃষি জমি, অন্যদিকে ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বালু সরানোর নামে ফসলের জমি কেটে ড্রেজার দিয়ে অবিরাম বালু উত্তোলন চলছে। কোথাও গভীর গর্ত, কোথাও আবার বিস্তীর্ণ মাঠ পরিণত হয়েছে বালুর স্তূপে। এই চিত্র সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাটিবেলাইয়ের নূরনগর এলাকার।
জেলার আলোকদিয়া, বরহরসহ বিস্তীর্ণ চরাঞ্চলে বালু অপসারণের নামে চলছে এমন নৈরাজ্য। চুক্তি অনুযায়ী এসব বালুর ৫০ শতাংশ পাওয়ার কথা জমির মালিকদের, বাকি অংশ রাষ্ট্রের।
কিন্তু বালু অপসারণের জন্য জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড নিলামে বিক্রি করার পর থেকেই দেখা দেয় নতুন জটিলতা। নিলামের শর্তে বিভিন্ন বিধিনিষেধ থাকলেও তা মানা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
তারা বলছেন, স্তূপ করে রাখা বালু সরানোর পরিবর্তে নতুন করে তোলা হচ্ছে বালু। কোথাও কোথাও জমি কেটে নেয়া হচ্ছে ৫০ থেকে ৬০ ফুট গভীর করে।
এলাকাবাসীরা জানান, টাকা দিয়ে কি করবো। যদি গ্রামের ক্ষতি করে। যার ফলে জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে।
বাঙ্গালি-করতোয়া-ফুলঝোড়-হুরাসাগড় নদী সিস্টেম ড্রেজিং ও তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় ২০২১ সাল থেকে উত্তোলিত বালি অপসারণ ঘিরে চলছে এই নৈরাজ্য। সিরাজগঞ্জ ও বগুড়া জেলার নদ-নদীর নাব্যতা বৃদ্ধি, বন্যা নিয়ন্ত্রণ ও নদীভাঙন রোধে নেয়া হয়েছিল এই প্রকল্প। কিন্তু প্রকল্পের সুফল পাওয়ার বদলে বালি অপসারণের নামে ক্ষতির মুখে পড়েছেন নদী তীরবর্তী হাজারো মানুষ।
বিষয়টি নজরে এসেছে পানি উন্নয়ন বোর্ডেরও, অনিয়মে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন এই কর্মকর্তা।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসাইন বলেন, ‘ঝাটিবেলাই এবং আলোদিয়া এইখানে নিলামপ্রাপ্ত ব্যক্তির আর কোনো চুক্তির মেয়াদ নেই এবং এটা অফিশিয়ালি আমরা এটা সমাপ্ত ঘোষণা করেছি। যখনই আমাদের কাছে অভিযোগ আসছে আপনাদের মাধ্যমে হোক বা স্থানীয় লোকজনের কাছ থেকে, আমরা তাৎক্ষণিকভাবে আমাদের পক্ষ থেকে আমরা অভিযান পরিচালনা করছি।’
বালি অপসারণের নামে চরাঞ্চলের ফসলি জমি কেটে অবৈধ খনন চালানোর ফলে বিপর্যয়ের মুখে পড়েছেন নদীতীরের মানুষ। এই অবৈধ কার্যক্রম বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের।
সূত্র: এখন টিভি
সম্পর্কিত সংবাদ
পহেলা জানুয়ারি শুরু সিরাজগঞ্জে খাজা এনায়েতপুরী (রঃ) এর ১১২তম ওরশ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:৫৫ PM · এইমাত্র
সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সিরাজগঞ্জে রাতভর নাশকতার চেষ্টা, রেললাইন-মহাসড়কে টায়ার জ্বালিয়ে আতঙ্ক
১০ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৮ AM · Sarabangla
সিরাজগঞ্জে রিক্সা-ভ্যান ও গ্যারেজ মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
১০ নভেম্বর, ২০২৬ এ ১:০৯ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে : প্রধানমন্ত্রী
১০ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৭ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
