শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী কারাগারে

১৭ নভেম্বর, ২০২৬ এ ১০:১৮ PM

সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী কারাগারে

তানভীর শাকিল, সিরাজগঞ্জ :সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জ আমলি আদালতে তাদের সোপর্দ করা হলে বিচারক প্রত্যেকের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে সোমবার (১৬ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ পৌর শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ শহরের হোসেনপুর মহল্লার মৃত গোলজার হোসেনের ছেলে ও ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. গোলাম নবী রিপন ওরফে সাধু (৫২), রতনকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও মদনাবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. রবিন (২৭), কালিয়া হরিপুর ইউনিয়ন যুবলীগের তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বনবাড়িয়া ঠাকুরটেক গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. আসিফ শেখ (২১)।এ ছাড়া পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য দত্তবাড়ী মহল্লার মো. আলামিনের ছেলে মো. হাসান (২৪), বহুলী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বহুলী গ্রামের মৃত জামাত আলীর ছেলে মো. আমির হোসেন (৫৫) এবং সয়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি পশ্চিম বাঐতারা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. আবু হাসান (২০)।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, সোমবার রাতে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। পরে মঙ্গলবার তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

The post সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী কারাগারে appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ