শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে থাইল্যান্ডের তরমুজ চাষে সাফল্যের সম্ভাবনা

৩১ আগস্ট, ২০২৬ এ ৮:১০ PM

সিরাজগঞ্জে থাইল্যান্ডের তরমুজ চাষে সাফল্যের সম্ভাবনা

এস এম আল আমিন, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দে থাইল্যান্ডের কানিয়া জাতের তরমুজ চাষ করে সাফল্যের মুখ দেখছেন কৃষক হাসিবুর রহমান। সাধারন ফসলের পাশাপাশি বিদেশি জাতের এই তরমুজ চাষ করে অল্প জমিতে ভালো লাভের আশা করছেন তিনি।

উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের মুগবেলাই উত্তরপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে কৃষক হাসিবুর রহমান গত তিন বছর ধরে কানিয়া তরমুজ চাষ করছেন। চলতি মৌসুমে তিনি ২০ শতক জমিতে এ জাতের তরমুজ চাষ করেছেন। জমি প্রস্তুত, চারাগাছ, সার, কীটনাশক ও পরিচর্যাসহ তার মোট খরচ হয়েছে প্রায় ৩০ হাজার টাকা।

ভালো ফলন ও বাজারদর থাকলে এ জমি থেকে প্রায় দেড় লাখ টাকা লাভ হবে বলে আশা করছেন তিনি। কৃষক হাসিবুর রহমান বলেন, আমি এনডিপির মাধ্যমে থাইল্যান্ডের এই তরমুজের বীজ পেয়েছি। কানিয়া তরমুজ দেখতে আকর্ষণীয় এবং স্বাদেও ভালো হওয়ায় বাজারে এর চাহিদা রয়েছে। বর্তমানে প্রতি কেজি তরমুজ ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি করা যায়।

অল্প জমিতে তুলনামূলক কম খরচে ভালো লাভ হওয়ায় গত তিন বছর ধরে এই তরমুজ চাষ করছি। কৃষি কর্মকর্তারা নিয়মিত পরামর্শ ও সহযোগিতা করলে আরও ভালোভাবে চাষ করতে পারতাম। কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন বলেন, হাইব্রিড জাতের কানিয়া তরমুজের অন্যতম বৈশিষ্ট্য হলো এর ভেতরের অংশ হলুদ এবং স্বাদে বেশ মিষ্টি।

অসময়ে এ জাতের তরমুজ চাষ করায় বাজারে এর চাহিদা বেশি থাকে এবং কৃষকরা ভালো দাম পেয়ে থাকেন। তিনি আরও বলেন, তরুণদের কৃষির প্রতি আগ্রহী হয়ে লাভজনক ফসল আবাদে এগিয়ে আসতে হবে। স্বল্প খরচে আধুনিক পদ্ধতিতে চাষ করে কৃষিতে ভালো আয় করা সম্ভব।

কৃষকদের যেকোনো প্রয়োজনে কৃষি বিভাগ সবসময় পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও কৃষকদের পাশে থাকবে।

সূত্র: bhorerdarpan.com

সম্পর্কিত সংবাদ