শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে চন্দ্রকণা চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

২৩ অক্টোবর, ২০২৬ এ ৯:৪৩ PM

সিরাজগঞ্জে চন্দ্রকণা চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

মোঃ হোসেন আলী ছোট্ট :‘মাদকমুক্ত সমাজ গঠনে ফুটবল টুর্নামেন্টের বিকল্প নেই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকণায় চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) চন্দ্রকণা সংলগ্ন একটি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী, তরুণ ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। খেলা শেষে তিনি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।প্রধান অতিথির বক্তব্যে মির্জা মোস্তফা জামান বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি ও শৃঙ্খলাবোধ তৈরি হয়।তিনি আরও বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও বিভিন্ন সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা জরুরি। এ ধরনের আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।এ সময় তিনি চন্দ্রকণা চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সম্পৃক্ত আয়োজক, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসলাম উদ্দিন এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু।এ ছাড়া স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত ক্রীড়াপ্রেমীরা বলেন, গ্রামাঞ্চলে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন বাড়ানো গেলে তরুণদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

The post সিরাজগঞ্জে চন্দ্রকণা চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ