শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউন

২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৪ PM

সিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউন

মোঃ হোসেন আলী ছোট্ট :

সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা জানান দিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ ও শোডাউন করেছেন বিএনপি নেতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ রেজাউল করিম রোকনী। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে তাঁর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে এ শোডাউন অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

শোডাউনটি গুণেরগাঁতী লেবুর মোড় থেকে শুরু হয়ে আনসার মোড়, তালুকদার মোড়, শালুয়াভিটা হাট, বানিয়াগাঁতী, ব্রাহ্মণগাঁতী, সাটিকাবাড়ী, চন্দকোনা, তেলকুপি, ফকিরতলা, শৈলাবাড়ী, সিকদারবাড়ী মোড় ও দিয়ার পাঁচিলসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

শোডাউন চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্থানে এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় রেজাউল করিম রোকনীর সমর্থনে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। আয়োজকদের ভাষ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতার পক্ষে জনসমর্থন তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

মোঃ রেজাউল করিম রোকনী সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাবেক সহসভাপতি এবং ৫ নং খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক। তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে জানান তাঁর সমর্থকেরা।

শুভেচ্ছা বিনিময়কালে চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম রোকনী বলেন, “আমি খোকশাবাড়ী ইউনিয়নের মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। ইউনিয়নের সর্বস্তরের মানুষের প্রকৃত সেবক হয়ে তাঁদের সুখে-দুঃখে পাশে থাকাই আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, অতীতে একাধিকবার নির্বাচনে অংশগ্রহণ করলেও বিভিন্ন কারণে জয়ী হতে পারেননি। এবারও তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। দলীয় মনোনয়ন পেলে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান।

রোকনী বলেন, “আপনারা পাশে থাকলে ইউনিয়নের রাস্তাঘাট সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করব। আমাদের অভিভাবক ও সিরাজগঞ্জের কৃতী সন্তান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু মহোদয় আমাকে দলীয় মনোনয়ন দিলে জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে চাই, ইনশাআল্লাহ।”

এ সময় স্থানীয় বাসিন্দাদের কয়েকজন রেজাউল করিম রোকনীকে জনবান্ধব ব্যক্তি হিসেবে উল্লেখ করে আশাবাদ ব্যক্ত করেন, তিনি নির্বাচিত হলে ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধান ও আধুনিক ইউনিয়ন গঠনে ভূমিকা রাখবেন।

শোডাউনে উপস্থিত ছিলেন খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হাদী রোকনী, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ সোহেল রানা ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সাবেক সভাপতি মোঃ আলতাফ হোসেন রোকনী, মোঃ মনিরুল ইসলাম রোকনী, সাবেক সহসভাপতি ওবাইদুল ইসলাম খান, ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ইসরাইল হোসেন শেখসহ স্থানীয় নেতাকর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

The post সিরাজগঞ্জে খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউন appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ