শাহজাদপুর সংবাদ

সিরাজগঞ্জে গরমের মধ্যেই লংমার্চের পথসভায় জড়ো হচ্ছেন ১১ দলের নেতাকর্মীরা

১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:২৬ PM

সিরাজগঞ্জে গরমের মধ্যেই লংমার্চের পথসভায় জড়ো হচ্ছেন ১১ দলের নেতাকর্মীরা

ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরের পথসভায় জড়ো হতে শুরু করেছেন জামায়াতে ইসলামীসহ জোটের নেতাকর্মী ও সমর্থকেরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা হাটিকুমরুলে আসতে শুরু করেন। ইতোমধ্যে পথসভার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাওলানা জাহিদুল ইসলাম।

সরেজমিনে দেখা যায়, হাটিকুমরুল গোলচত্বরসংলগ্ন পথসভাস্থলে জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকেরা আসছেন। তীব্র গরম ও প্রখর রোদ উপেক্ষা করে অনেকে মিছিল নিয়ে সভাস্থলে প্রবেশ করছেন। তাদের হাতে দলীয় ও জোটের বিভিন্ন ব্যানার-ফেস্টুন দেখা যায়।

লংমার্চের গাড়িবহর দুপুর ১২টার দিকে হাটিকুমরুলে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে পথসভা ও জোহরের নামাজের জন্য বিরতি রাখার কথা রয়েছে। ১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, হাটিকুমরুল ছাড়াও গাজীপুরের ভোগরা বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, বগুড়ার মাটিডালির বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হবে।

এদিকে তীব্র গরমের মধ্যে পথসভাস্থলে আসা নেতাকর্মী ও সমর্থকদের জন্য স্বেচ্ছাসেবকেরা ঠান্ডা পানি সরবরাহ করছেন। সভাস্থলের পাশে প্রাথমিক চিকিৎসাকেন্দ্রও স্থাপন করা হয়েছে। সেখানে আগত ব্যক্তিদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসেবা দিতে স্বেচ্ছাসেবকদের কাজ করতে দেখা গেছে।

এর আগে লংমার্চকে কেন্দ্র করে হাটিকুমরুলে প্রায় এক হাজার স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন বলে স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছিলেন। আগতদের সহযোগিতা, পানি সরবরাহ ও শৃঙ্খলা রক্ষায় তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৫০টি অস্থায়ী শৌচাগার স্থাপন করা হয়েছে।

লংমার্চ ঘিরে হাটিকুমরুল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সলঙ্গা থানা-পুলিশের সমন্বয়ে প্রায় ৫০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ আট দফা দাবিতে এই লংমার্চ করছে ১১ দলীয় ঐক্য।

পথসভাগুলোতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন বলে জোটের পক্ষ থেকে জানানো হয়েছে। এর আগে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্বোধনী সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: Bangla Tribune

সম্পর্কিত সংবাদ