সপ্তাহজুড়ে বড় চমক বস্ত্র খাতের শেয়ারে
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৯ AM

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনে চমক দেখিয়েছে বস্ত্র খাত। গত সপ্তাহজুড়ে সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে এই খাতে। গত সপ্তাহে এই খাতের কোম্পানিগুলোর দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ২০২ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের পাঁচ কার্যদিবসের প্রতিদিনই বস্ত্র খাতের কোম্পানিগুলোর ২০২ কোটি টাকার সমমূল্যের শেয়ারের হাতবদল হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার প্রতিবেদন বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বস্ত্র খাতের দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহের চেয়ে ৫৮ কোটি টাকা বা প্রায় ৪০ শতাংশ বেড়েছে। বস্ত্র খাতে বাড়তি লেনদেনের বড় অংশ এসেছে কয়েকটি কোম্পানির শেয়ার থেকে। বস্ত্র খাতের কোম্পানির মধ্যে গত সপ্তাহে সর্বোচ্চ লেনদেন হয়েছে সায়হাম টেক্সটাইলের, কোম্পানিটির দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৩২ কোটি টাকা। এরপর ছিল শার্প ইন্ডাস্ট্রিজ, যার দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ২৬ কোটি টাকা, তৃতীয় অবস্থানে থাকা মালেক স্পিনিংয়ের দৈনিক গড় লেনদেন ছিল ২৬ কোটি টাকা। এ ছাড়া চতুর্থ অবস্থানে থাকা সায়হাম কটনের দৈনিক গড় লেনদেন ছিল ২৩ কোটি টাকা। অর্থাৎ গত সপ্তাহ শেষে ঢাকার বাজারে লেনদেনের শীর্ষ পাঁচ কোম্পানির মধ্যে চারটিই ছিল বস্ত্র খাতের। পঞ্চম অবস্থানে ছিল আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি।
বস্ত্র খাতের লেনদেনের ওপর ভর করে বেড়েছে বাজারে মোট লেনদেনও। গত সপ্তাহ শেষে ঢাকার বাজারে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৬০৯ কোটি টাকা, আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৫৭২ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ঢাকার বাজারে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৩৭ কোটি টাকা বা প্রায় সাড়ে ৬ শতাংশ। লেনদেন বাড়লেও সূচকের খুব বেশি পরিবর্তন হয়নি।
গত সপ্তাহ শেষে ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৬৬২ পয়েন্টে। সূচক খুব বেশি না বাড়ার কারণ লেনদেন হওয়া শেয়ার ও ইউনিটের মধ্যে মূল্যবৃদ্ধি ও দরহ্রাস পাওয়ার সংখ্যাটি ছিল কাছাকাছি। গত সপ্তাহ শেষে ১৮৭ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। তার বিপরীতে কমেছে ১৭০টির।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সূচকের বড় ধরনের কোনো পরিবর্তন না হলেও লেনদেন বৃদ্ধি বাজারের জন্য ইতিবাচক। বিনিয়োগকারীরা এখন এক খাতের শেয়ার বিক্রি করে অন্য খাতে টাকা সরিয়ে নিচ্ছেন। যেসব খাতের শেয়ারের মূল্যবৃদ্ধি সূচকে বড় ধরনের প্রভাব ফেলে, সেসব খাত থেকে টাকা যাচ্ছে সূচকে কম প্রভাব রাখে এমন শেয়ারে।
ঢাকার বাজারে সূচকে খাতভিত্তিক সবচেয়ে বেশি প্রভাব ব্যাংক খাতের। গত সপ্তাহে এই খাতের কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল কম। এ কারণে এই খাতের লেনদেন কমে গেছে। গত সপ্তাহে ব্যাংক খাতের শেয়ারের দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৫১ কোটি টাকা, আগের সপ্তাহে যার পরিমাণ ছিল প্রায় ৫৭ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহের ব্যবধানে ব্যাংক খাতের দৈনিক গড় লেনদেন কমেছে প্রায় ৬ কোটি টাকা বা ৯ শতাংশের বেশি।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩২ PM · বাংলা ট্রিবিউন
প্রতি মণ ধানের দাম ৮০০-৯৫০ টাকা, খরচই উঠছে না কৃষকের
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩০ AM · প্রথম আলো
বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০১ PM · রাইজিংবিডি
