সন্ধ্যা থেকে ভোর: কীভাবে কাটত নবীজির রাতগুলো
২৬ নভেম্বর, ২০২৬ এ ৪:৩৮ PM

দিনভর কর্মব্যস্ততার পর সন্ধ্যা নামলে আমাদের ঘরগুলোয় ক্লান্তি আর যান্ত্রিকতার এক অদ্ভুত নীরবতা নেমে আসে। আমরা মুঠোফোনের পর্দায় ডুবে থাকি, প্রিয়জনের পাশে বসেও যেন অনেক দূরে হারিয়ে যাই।
অথচ আজ থেকে দেড় হাজার বছর আগে মদিনার ছোট্ট মাটির ঘরগুলোয় সন্ধ্যা নামত এক অপার্থিব স্নিগ্ধতা ও ভালোবাসার পরশ নিয়ে।
নবীজির সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত সময়টুকু ছিল একাধারে একজন দায়িত্বশীল রাষ্ট্রনায়ক, একজন মমতাময় স্বামী, একজন দরদি বন্ধু এবং আল্লাহর প্রেমে বিভোর এক নিবেদিতপ্রাণ বান্দার জীবন্ত প্রতিচ্ছবি।
মদিনার আকাশে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মাগরিবের আজান ধ্বনিত হলে মহানবী (সা.) মসজিদে যেতেন এবং সাহাবিদের নিয়ে সংক্ষিপ্ত নামাজ আদায় করতেন। এই নামাজের পর তিনি সাধারণত কোনো দীর্ঘ বক্তব্য বা উপদেশ দিতেন না।
কারণ, এটি ছিল মদিনাবাসীর রাতের খাবার তৈরি ও আহারের সময়; সারা দিনের পরিশ্রম শেষে সবাই তখন ঘরে ফেরার তাড়ায় থাকতেন। (ইবনুল কাইয়িম, জাদুল মাআদ, ১/৩১৪, মুআসসাসাতুর রিসালাহ, বৈরুত, ১৯৯৪)
মসজিদ থেকে ঘরে ফিরে তিনি দুই রাকাত সুন্নত নামাজ পড়তেন এবং এরপর রাতের খাবারের জন্য বসতেন। ঘরে খাবার থাকলে তিনি প্রায়ই সাহাবিদের কাউকে কাউকে সঙ্গে নিয়ে খেতেন। আবার এমন বহু রাত কেটেছে, যখন ঘরে সামান্য খেজুর আর পানি ছাড়া আর কিছুই থাকত না; এমনকি মাসের পর মাস তাঁর ঘরের চুলায় আগুন জ্বলত না। (সহিহ বুখারি, হাদিস: ৬৪৫৯)
খাবার সামনে এলে তিনি কখনো উঁচু টেবিলে বসতেন না; বরং মাটিতে দস্তরখান বিছিয়ে বিনয়ের সঙ্গে আহার করতেন। ‘বিসমিল্লাহ’ বলে ডান হাত দিয়ে নিজের সামনের দিক থেকে খাবার গ্রহণ করতেন এবং খাওয়া শেষে আঙুল চেটে নিতেন। (সহিহ বুখারি, হাদিস: ৫৩৭৬)
খাবারের কোনো ত্রুটি তিনি কখনোই ধরতেন না; পছন্দ হলে খেতেন, আর ভালো না লাগলে নীরবে তা রেখে দিতেন। (সহিহ বুখারি, হাদিস: ৫৪০৯)
স্ত্রীদের সঙ্গে রাতের খাবার খাওয়ার মুহূর্তগুলো নবীজি গভীর ভালোবাসা ও আন্তরিকতায় ভরিয়ে তুলতেন। তিনি নিজ হাতে স্ত্রীদের মুখে খাবার তুলে দিতেন। এমনকি আয়েশা (রা.) পাত্রের যে জায়গায় মুখ রেখে পানি পান করতেন, নবীজি ভালোবেসে ঠিক সেই জায়গাতেই মুখ রেখে পানি পান করতেন। (সহিহ মুসলিম, হাদিস: ৩০০)
আর সাহাবিদের সঙ্গে খেতে বসলে সেই আসর হয়ে উঠত জ্ঞান, শিষ্টাচার ও আনন্দময় আলাপচারিতার এক চমৎকার পাঠশালা। খাওয়া শেষে তিনি সামান্য খাবারের জন্যও আল্লাহর অশেষ প্রশংসা করতেন এবং ভালোভাবে কুলি করে মুখ পরিষ্কার করে নিতেন।
রাতের খাবারের পর এশার আজান হওয়া পর্যন্ত তিনি ঘরেই অবস্থান করতেন। এশার নামাজ আদায়ের ক্ষেত্রে তিনি সাহাবিদের সুবিধার দিকে গভীরভাবে লক্ষ রাখতেন; মানুষজন আগেভাগে মসজিদে সমবেত হলে তিনি দ্রুত নামাজ শুরু করতেন, আর সবার আসতে দেরি হলে তিনিও নামাজ কিছুটা বিলম্বিত করতেন। (সহিহ বুখারি, হাদিস: ৫৬০)
এশার নামাজের পর তিনি অহেতুক কথাবার্তা বা দীর্ঘ আড্ডা পছন্দ করতেন না, যাতে ক্লান্ত মানুষগুলো দ্রুত ঘরে ফিরে বিশ্রাম নিতে পারেন।
ঘরে ফিরে দুই রাকাত সুন্নত নামাজ আদায়ের পর নবীজি পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে গল্প করতেন, তাঁদের খোঁজখবর নিতেন। কখনো কখনো তিনি ঘনিষ্ঠ সাহাবিদের বাড়িতেও বেড়াতে যেতেন।
রাতের নির্জন পথে ফেরার সময় কোনো সাহাবির ঘর থেকে সুমধুর কণ্ঠে কোরআন পাঠের আওয়াজ ভেসে এলে তিনি দাঁড়িয়ে তা মন দিয়ে শুনতেন। আবার কখনো মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থানরত অসহায় ও দরিদ্র মানুষদের সঙ্গে বসে প্রাণ খুলে কথা বলতেন।
ঘুমানোর প্রস্তুতি ছিল নবীজির জীবনের সরলতার এক অনন্য দৃষ্টান্ত। তিনি নিজের গায়ের কাপড় গুছিয়ে রাখতেন এবং স্ত্রীর সঙ্গে একই চাদর ও বালিশ ভাগাভাগি করে শুতেন।
তাঁর বিছানাটি ছিল খেজুরের ছাল ভরা চামড়ার তৈরি, যার কারণে ঘুম থেকে উঠলে তাঁর পবিত্র শরীরে চাটাই ও চামড়ার দাগ বসে যেত; কিন্তু দুনিয়ার এই সামান্য কষ্ট নিয়ে তাঁর কোনো অভিযোগ ছিল না। (সহিহ বুখারি, হাদিস: ৪৯১৩)
ঘুম থেকে উঠেই যেন দাঁত পরিষ্কার করতে পারেন, সে জন্য তিনি মাথার কাছেই একটি মিসওয়াক রেখে দিতেন। ডান কাত হয়ে ডান হাতের তালু গালের নিচে রেখে তিনি আল্লাহর নামে দোয়া পড়তে পড়তে ঘুমিয়ে পড়তেন। (সহিহ বুখারি, হাদিস: ৬৩১৪)
তাঁর চোখ ঘুমালেও অন্তর থাকত আল্লাহর স্মরণে সদা জাগ্রত; ঘুমের মধ্যে পাশ ফিরলেও তাঁর ঠোঁটে আল্লাহর জিকির শোনা যেত।
রাতের অর্ধেক পেরোলেই নবীজি জেগে উঠতেন। ঘুমের আবেশ কাটিয়ে প্রথমেই মিসওয়াক করতেন। এরপর খোলা আকাশের দিকে তাকিয়ে সুরা আলে ইমরানের শেষ ১০টি আয়াত পাঠ করতেন। (সুরা আলে ইমরান, আয়াত: ১৯০–২০০)
এরপর অজু করে ঘরে কিংবা মসজিদে তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন।
রাতের এই নামাজে মহানবী (সা.) যেন এক ভিন্ন জগতে হারিয়ে যেতেন। কোনো তাড়াহুড়া নয়, বরং হৃদয়ের সব আবেগ ও ভালোবাসা উজাড় করে তিনি আল্লাহর সামনে দাঁড়াতেন। এক রাকাতেই তিনি শত শত আয়াত ধীরস্থিরভাবে পাঠ করতেন।
পাঠের সময় রহমতের কোনো আয়াত এলে থেমে আল্লাহর কাছে করুণা চাইতেন, শাস্তির আয়াত এলে ভীত হয়ে আশ্রয় প্রার্থনা করতেন এবং আল্লাহর মহিমার আয়াত এলে তাঁর পবিত্রতা ঘোষণা করতেন।
তাঁর রুকু এবং সিজদাও হতো দাঁড়ানোর মতোই দীর্ঘ। এক রাতে সাহাবি হুজাইফা (রা.) তাঁর পেছনে নামাজে দাঁড়িয়ে নামাজের দীর্ঘতা দেখে ক্লান্ত হয়ে নামাজ ছেড়ে দেওয়ার উপক্রম করেছিলেন। (সহিহ মুসলিম, হাদিস: ৭৭২)
মধ্যরাত থেকে শুরু হওয়া এই ইবাদত চলত রাতের শেষ ষষ্ঠাংশ পর্যন্ত। এরপর তিনি স্ত্রীকে ডেকে তুলতেন, যেন তিনিও বিতর নামাজ আদায় করে নিতে পারেন। (সহিহ বুখারি, হাদিস: ৯৯৭
আবার কোনো কোনো রাতে তিনি নিঃশব্দে ঘর থেকে বের হয়ে মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে যেতেন এবং চিরনিদ্রায় শায়িত পরিবার, বন্ধু ও অনুসারীদের জন্য হাত তুলে ক্ষমা প্রার্থনা করতেন। (সহিহ মুসলিম, হাদিস: ৯৭৪)
ফজরের আজানের ঠিক আগমুহূর্তে, রাতের একেবারে শেষ ভাগে তিনি শরীরকে সতেজ করতে সামান্য সময়ের জন্য একটু বিশ্রাম নিতেন, যাতে নতুন দিনের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পূর্ণ উদ্যমে মানবতার কল্যাণে ঝাঁপিয়ে পড়তে পারেন।
নবীজির এই রাত্রিকালীন জীবনযাপন আমাদের শেখায় কীভাবে জাগতিক দায়িত্ব, পারিবারিক ভালোবাসা এবং আত্মিক সাধনার মধ্যে এক অপূর্ব ভারসাম্য তৈরি করতে হয়।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ইসলামে ‘অপরাধ’ কোনটি, শাস্তির উদ্দেশ্য কী, কোন অপরাধের কী সাজা
২৪ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · প্রথম আলো
