সংসদের বিশেষ অধিবেশন আহ্বানে রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি
১৪ আগস্ট, ২০২৬ এ ১০:১১ PM

দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানিসংকট এবং সার্বিক আর্থসামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ শুক্রবার রাষ্ট্রপতি বরাবর এই চিঠি পাঠানো হয়। চিঠির অনুলিপি প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদ সচিবালয়েও পাঠানো হয়েছে।
চিঠিতে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশজুড়ে তীব্র বিদ্যুৎ–সংকট চলছে। লাগামহীন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। পাশাপাশি শিল্পোৎপাদন, ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিদ্যুৎ ও জ্বালানিসংকটের প্রত্যক্ষ প্রভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বলেও চিঠিতে উল্লেখ করেন বিরোধীদলীয় নেতা। তাঁর দাবি, এর সঙ্গে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও ঘটেছে। এতে সাধারণ মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
চিঠিতে শফিকুর রহমান বলেন, ‘জনগণের প্রতিনিধি হিসেবে এই সংকটকালে আমরা নীরব থাকতে পারি না। দেশের এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সংসদে অর্থবহ আলোচনা ও আশু সমাধান খোঁজা অত্যন্ত জরুরি।’
চিঠিতে বিদ্যুৎ, জ্বালানিসংকটসহ সংশ্লিষ্ট অন্যান্য সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে অবিলম্বে জাতীয় সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বানের জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর ছাত্রদলের দুই শীর্ষ নেতার ফেসবুক পোস্ট, স্মৃতিচারণায় ‘মব’ প্রসঙ্গ
১৪ আগস্ট, ২০২৬ এ ৫:১৮ PM · প্রথম আলো
গুম প্রতিরোধ–প্রতিকারের খসড়া আইন দায়মুক্তি ও অস্বীকারের সংস্কৃতি টিকিয়ে রাখবে: এনসিপি
১৩ আগস্ট, ২০২৬ এ ৪:২৭ PM · প্রথম আলো
মির্জা ফখরুল হতে যাচ্ছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, দল ও সরকারের তিন পদে সম্ভাব্য উত্তরসূরি কারা
১৩ আগস্ট, ২০২৬ এ ১২:৪৫ PM · প্রথম আলো
