সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ
১৭ নভেম্বর, ২০২৬ এ ৪:১৭ PM

বিএনপির জ্যেষ্ঠ নেতা এম ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তিনি ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওসমান ফারুক বেশ কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। গত ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সে সময় তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন।
ওসমান ফারুক পেশায় কৃষি অর্থনীতিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে চাকরি ছেড়ে রাজনীতিতে আসেন।
২০০১ সালে বিএনপির মনোনয়নে কিশোরগঞ্জ-৩ আসন থেকে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হন। একই বছরের ১০ অক্টোবর খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ২০০৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন।
গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর ২০২৪ সালের ২৪ অক্টোবর প্রায় আট বছর পর দেশে ফেরেন ওসমান ফারুক। সে সময় কিশোরগঞ্জের করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় মাঠে গণসংবর্ধনার আয়োজন করে স্থানীয় বিএনপি।
ওই সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক এই শিক্ষামন্ত্রী বলেছিলেন, ‘আমাকে রাজনীতিতে এনেছিলেন বেগম খালেদা জিয়া । তখন আমি আমেরিকায় বিশ্বব্যাংকে চাকরি করি। আমার চাকরির বেশ কয়েক বছর বাকি ছিল। শুধু বিএনপির রাজনীতির আদর্শের কারণেই দেশনেত্রী খালেদা জিয়ার কথায় চাকরি ছেড়ে দিয়ে বাংলাদেশে এসে রাজনীতিতে যোগ দিই। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এলে আমাকে শিক্ষামন্ত্রী করা হয়। মন্ত্রী থাকাকালীন সর্বদাই উন্নয়নের চিন্তা করেছি। কিশোরগঞ্জ থেকে মন্ত্রী হলেও আমি শুধু নিজ জেলার উন্নয়ন করিনি। সারা বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নের চেষ্টা করেছি।’
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসনে পুনরায় বিএনপির মনোনয়ন পান ওসমান ফারুক এবং জয়ী হন। তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদে আছেন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
বিদেশ থেকে উসকানি দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী
১৮ নভেম্বর, ২০২৬ এ ৪:৫২ PM · প্রথম আলো
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
১৮ নভেম্বর, ২০২৬ এ ৪:২৯ PM · বাংলা ট্রিবিউন
‘গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’
১৮ নভেম্বর, ২০২৬ এ ৪:০৩ PM · বাংলা ট্রিবিউন
গোপালগঞ্জে আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
১৮ নভেম্বর, ২০২৬ এ ১:৪৫ AM · বাংলা ট্রিবিউন
গোপালগঞ্জের সহিংসতা রাষ্ট্রের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ: জামায়াত সেক্রেটারি
১৭ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৭ PM · বাংলা ট্রিবিউন
