সংবেদনশীল তথ্য অপব্যবহারের অভিযোগে ওপেনএআইয়ের ৩ গবেষক বরখাস্ত
২ অক্টোবর, ২০২৬ এ ১০:১৪ AM

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নিরাপত্তা ও ঝুঁকির বিষয়ে যখন বিশ্বজুড়ে বিতর্ক চলছে, তখন সংবেদনশীল তথ্য যথাযথ প্রক্রিয়া মেনে ব্যবহার না করার অভিযোগে তিন গবেষককে বরখাস্ত করেছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই।
সান ফ্রান্সিসকোভিত্তিক এআই প্রতিষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। তবে বরখাস্ত হওয়া তিন কর্মীর পরিচয় প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
এক বিবৃতিতে ওপেনএআই এএফপিকে বলেছে, ‘আমরা তিনজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছি। আমাদের তদন্তে প্রমাণিত হয়েছে যে তাঁরা প্রতিষ্ঠানের নির্ধারিত প্রক্রিয়ার বাইরে গিয়ে সংবেদনশীল তথ্যের অপব্যবহার করেছেন। এতে আমাদের নীতিমালার লঙ্ঘন ও আস্থার সংকট তৈরি হয়েছে, যা আমাদের কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বরখাস্ত তিন গবেষক হলেন জেসমিন ওয়াং, তোমেক কোরবাক ও মিকিতা বালেসনি। তবে এই তিনজন এএফপির মন্তব্যের অনুরোধের জবাব দেননি।
তিনজনই সাম্প্রতিক সপ্তাহগুলোয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এআইয়ের নিরাপত্তা ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে নিয়মিত মতামত প্রকাশ করে আসছিলেন।
মিকিতা বালেসনি গত ১০ সেপ্টেম্বর এক পোস্টে লিখেছিলেন, ‘আমি ওপেনএআইয়ে কাজ করি এবং আমার মনে হয়, এআইয়ের কারণে সব মানুষ মারা যাওয়ার আশঙ্কা ১০ শতাংশের বেশি।’ সাম্প্রতিক সময়ে এআই প্রতিষ্ঠানগুলোর আরও কয়েকজন কর্মীও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন।
ওপেনএআইয়ের কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছিলেন তোমেক কোরবাক। গত ১১ সেপ্টেম্বর তিনি লিখেছিলেন, ‘ওপেনএআই যা করছে, তার অনেক কিছুতেই আমি বেশ অসন্তুষ্ট। তবে আমি খুবই খুশি যে এ কথা বলার সুযোগ আমাকে দেওয়া হচ্ছে।’
ওপেনএআইয়ের তিন কর্মীকে বরখাস্ত করার ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন শক্তিশালী এআই মডেলগুলোর নিরাপত্তা এবং এসব প্রযুক্তি মানবজাতির জন্য অস্তিত্বের সংকট তৈরি করতে পারে কি না, তা নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে।
গত মাসে ২৭ বছর বয়সী গবেষক জ্যাকব কক্সন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক থেকে পদত্যাগ করেন। পদত্যাগের সময় তিনি সতর্ক করে বলেছিলেন, ওপেনএআইসহ শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী মডেল তৈরির প্রতিযোগিতায় নেমে ‘আমাদের জীবন নিয়ে জুয়া খেলছে’।
এদিকে সাম্প্রতিক মাসগুলোয় এআই মডেলের নিরাপত্তা নিয়ে একাধিক ঘটনা সামনে এসেছে। ওপেনএআই তাদের নতুন ‘অ্যাস্ট্রা ৬.১’ মডেল প্রকাশের সিদ্ধান্ত বাতিল করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরীক্ষায় দেখা গেছে, মডেলটি বিশ্বস্ত নয় এবং এর মধ্যে নির্দেশনা অমান্য করার প্রবণতা আছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ডিজেল রপ্তানি বন্ধের হুমকি দিচ্ছেন ট্রাম্প, ইউরোপকে মজুত ছাড় দেওয়ার আহ্বান
২ অক্টোবর, ২০২৬ এ ১২:৩৪ PM · প্রথম আলো
ক্যাপ্টেনের ওপর সহকারী পাইলটের ‘আক্রমণ’ নিয়ে সৌদির প্রাথমিক তদন্ত কী বলছে
২ অক্টোবর, ২০২৬ এ ১২:০৩ PM · প্রথম আলো
পবিত্র মসজিদে নববির বিদ্যুৎকেন্দ্রে হামলা, সৌদি জোটের অভিযোগ প্রত্যাখ্যান হুতিদের
২ অক্টোবর, ২০২৬ এ ১১:১৫ AM · প্রথম আলো
ইসরায়েলগামী উড়োজাহাজে হামলাকারী ‘ইসলামপন্থী উগ্র মতাদর্শে’ দীক্ষিত ছিলেন, দাবি নেতানিয়াহুর
২ অক্টোবর, ২০২৬ এ ৯:২৪ AM · প্রথম আলো
ইসরায়েলগামী উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টা নিয়ে এখন পর্যন্ত কী কী বললেন নেতানিয়াহু
১ অক্টোবর, ২০২৬ এ ১২:০৭ PM · প্রথম আলো
