ইসরায়েলগামী উড়োজাহাজ বিধ্বস্তের চেষ্টা নিয়ে এখন পর্যন্ত কী কী বললেন নেতানিয়াহু
১ অক্টোবর, ২০২৬ এ ১২:০৭ PM

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ বিধ্বস্ত করার চেষ্টা ঠেকানোর ঘটনাকে ‘৯/১১-এর মতো বিপর্যয়’ এড়ানোর মতো ঘটনা বলে দাবি করেছেন ইসরায়েলের কট্টরপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা ছিল কি না, হামলাকারীর কোনো সহযোগী ছিল কি না, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।
গতকাল বুধবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, উড়োজাহাজে থাকা প্রধান পাইলট হামলাকারী সহকারী পাইলটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তিনি একটি ‘৯/১১-এর বিপর্যয়’ ঠেকাতে সক্ষম হয়েছেন বলে মনে হচ্ছে।
নেতানিয়াহু আরও বলেন, ‘এ ঘটনায় ভালো মানুষেরাই জিতেছে।’
ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, এ ঘটনা শুধু ইসরায়েলের জন্য বিপর্যয় ডেকে আনতে পারত না, বিশ্বব্যাপী উড়োজাহাজ চলাচলের ওপরও এর বড় প্রভাব পড়তে পারত। এ ঘটনা নিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও কথা বলেছেন।
হামলার পেছনে ইরানের কোনো ভূমিকা ছিল কি না, তা জানতে চাইলে নেতানিয়াহু বলেন, এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। হামলায় জড়িত সন্দেহে আটক সহকারী পাইলটকে বর্তমানে সৌদি আরবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রয়টার্সকে দেওয়া আরেক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, হামলাকারীর ‘শিকড়’ পর্যন্ত খুঁজে বের করা হবে। তাঁর কোনো সহযোগী ছিল কি না এবং ইরান এ ঘটনার পেছনে ছিল কি না, তা তদন্তে বেরিয়ে আসবে বলে আশা করছেন তিনি।
নেতানিয়াহু বলেন, হামলাকারী সহকারী পাইলটকে পরে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হতে পারে। কারণ, তিনি সেখান থেকেই ফ্লাইটে উঠেছিলেন। ইসরায়েল এ তদন্তে সম্ভবত অংশ নেবে বলেও জানান তিনি।
এর আগে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছিলেন, ফ্লাইদুবাইয়ের এফজেড ১০৭৩ ফ্লাইটের সহকারী পাইলট প্রধান পাইলটকে ছুরিকাঘাত করার পর মাত্র ৩০ সেকেন্ডেরও কম সময়ে উড়োজাহাজটি প্রায় ১৪ হাজার ফুট নিচে নেমে যায়।
পরে উড়োজাহাজে থাকা যাত্রী ও ক্রুরা ককপিটে ঢুকে হামলাকারী সহকারী পাইলটকে কাবু করেন। উড়োজাহাজে থাকা আরও দুজন পাইলটের সহায়তায় সেটিকে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করা হয়।
নেতানিয়াহু বলেন, ঘটনার আগে এ বিষয়ে ইসরায়েলের কাছে কোনো সতর্কবার্তা বা গোয়েন্দা তথ্য ছিল না। এখন ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন তিনি। আরব আমিরাতের পক্ষ থেকে তদন্তে যোগ দেওয়ার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে। ইসরায়েলও তদন্তে অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে।
ইসরায়েল এরই মধ্যে ঘটনাটিকে সন্ত্রাসী হামলার চেষ্টা হিসেবে বর্ণনা করেছে। তবে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ফ্লাইদুবাই অবশ্য ঘটনার কারণ সম্পর্কে আগাম কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছে। উড়োজাহাজ পরিবহন সংস্থাটি বলেছে, ঘটনার পেছনের কারণ এখনো অজানা এবং এ বিষয়ে তদন্ত চলছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
সুইজারল্যান্ডে তীব্র তাপপ্রবাহ, আশঙ্কাজনক হারে গলছে হিমবাহের বরফ
১ অক্টোবর, ২০২৬ এ ১০:১১ AM · প্রথম আলো
নভেম্বরের নির্বাচনের আগে মার্কিন ভোটারদের চিঠি ইরানের, কী লেখা তাতে
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৭ PM · প্রথম আলো
মায়ের কফিনের পেছনে পাশাপাশি হেঁটেছিলেন, আজ কেন এত দূরে উইলিয়াম-হ্যারি
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৮ AM · প্রথম আলো
