শাহজাদপুর সংবাদ

শুধু বাবার নাম পেয়েছি, অর্থ-সুযোগ নয়: রীতি তিওয়ারি

২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৫৭ PM

শুধু বাবার নাম পেয়েছি, অর্থ-সুযোগ নয়: রীতি তিওয়ারি

‘বিগ বস ২০’-এর ঘরে তৃতীয় সপ্তাহে এসে নিজের জীবনের নানা কঠিন অধ্যায়ের কথা শেয়ার করছেন প্রতিযোগীরা। এরই মাঝে নিজের পরিবার, বাবা-মায়ের বিচ্ছেদ এবং আর্থিক সংগ্রামের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ভোজপুরি তারকা, গায়ক এবং রাজনীতিক মনোজ তিওয়ারির মেয়ে রীতি তিওয়ারি।

বাবা মনোজ তিওয়ারি ও মা রানি তিওয়ারির বিচ্ছেদের পর শৈশবের নানা অভিজ্ঞতার কথা জানান রীতি। তার দাবি, বাবা-মায়ের বিচ্ছেদের পর বাবার সঙ্গে তার যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়।

রীতি আরও জানান, বছরে মাত্র একবার বাবার সঙ্গে দেখা হতো তার। ১৮-১৯ বছর বয়সে নিজেই বাবাকে নতুন করে জানার চেষ্টা করেন তিনি। তবে ততদিনে অনেকটাই দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল তাদের।

তার কথায়, বাবার পরিচয় তাকে সামাজিক সম্মান এনে দিলেও অর্থ, খ্যাতি বা ক্যারিয়ারের সুযোগ-সুবিধা তিনি পাননি। কারণ, মনোজ তিওয়ারি তাকে নিজের প্রতিভা ও যোগ্যতায় সফল হওয়ার পরামর্শ দিয়েছিলেন।

নিজেকে ‘নেপো কিড’ বলা নিয়েও আপত্তি রয়েছে রীতির। আর্থিক সংগ্রামের কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘পেশাদার প্রশিক্ষণ নেওয়ার মতো অর্থ সবসময় আমার হাতে ছিল না। মাসে ২০-২৫ হাজার টাকার হাতখরচে চলতে হয়েছে। কখনও দিনে দু’বার শুধু বড়া পাঁও খেয়েও দিন কাটিয়েছি।’

শৈশব থেকেই গায়িকা হওয়ার স্বপ্ন দেখেন রীতি। ভবিষ্যতে ভারতের সফল রকস্টার হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও নিজের পরিচয় তৈরি করতে চান তিনি। নিজের উপার্জন ও পরিচয়ে স্বাধীনভাবে দাঁড়ানোই তার অন্যতম লক্ষ্য।

উল্লেখ্য, ব্যক্তিগত মতপার্থক্যের কারণে ২০১২ সালে মনোজ তিওয়ারি ও রানি তিওয়ারির ১১ বছরের দাম্পত্যের ইতি ঘটে।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ