শাহজাদপুর সংবাদ

রানী মুখার্জির মা গায়িকা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন

২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৩০ PM

রানী মুখার্জির মা গায়িকা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন

বলিউড অভিনেত্রী রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে ৭৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে পরিবারের হয়ে মৃত্যুর খবর জানানো হয়েছে। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো প্রকাশ করা হয়নি। শেষকৃত্য নিয়েও পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

যশ রাজ ফিল্মসের বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আজ দুপুরে ৭৫ বছর বয়সে মারা গেছেন। এই কঠিন সময়ে পরিবার তাঁদের প্রতি ভালোবাসা, প্রার্থনা ও সমর্থন জানানোয় সবার কাছে কৃতজ্ঞ। একই সঙ্গে এই গভীর শোকের সময়ে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানানো হচ্ছে।’

মেয়ের ক্যারিয়ারে মায়ের বড় ভূমিকা কৃষ্ণা মুখার্জি শুধু রানী মুখার্জির মা ছিলেন না, মেয়ের অভিনয়জীবনের শুরুতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। রানী বিভিন্ন সাক্ষাৎকারে মায়ের কথা বলেছেন। এমনকি একবার জানিয়েছিলেন, তিনি নিজে অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নেননি—মা–ই তাঁকে অভিনেত্রী হওয়ার কথা বলেছিলেন।

তবে মেয়ের প্রথম স্ক্রিন টেস্ট দেখে কৃষ্ণা এতটাই হতাশ হয়েছিলেন যে রানীকে বাদ দেওয়ার কথাও বলেছিলেন প্রযোজককে। ২০২৫ সালের এক সাক্ষাৎকারে রানী জানিয়েছিলেন, তাঁর মা মনে করেছিলেন, রানী অভিনয় করলে ছবিটির প্রযোজকের ক্ষতি হতে পারে। পরে অবশ্য সেই সংশয়ই বদলে যায় রানীর দীর্ঘ সফল অভিনয়জীবনে।

রানী পরে বলেছিলেন, মা-ই তাঁর অভিনয়ের সম্ভাবনা তাঁর নিজের চেয়ে আগে বুঝেছিলেন। ছোটবেলায় মায়ের কথা মেনে চলতেন বলেই অভিনয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানিয়েছেন অভিনেত্রী।

মায়ের কাছ থেকেই ‘মিসেস চ্যাটার্জি’ চরিত্রের অনুপ্রেরণারানীর সঙ্গে কৃষ্ণার সম্পর্ক কতটা গভীর ছিল, তার আরেকটি উদাহরণ পাওয়া যায় ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে। ছবিতে এক বাঙালি মায়ের চরিত্রে অভিনয়ের সময় নিজের মাকেই অন্যতম অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলেন রানী।২০২৩ সালে ছবিটির প্রচারে রানী জানিয়েছিলেন, বাস্তব চরিত্রের বিভিন্ন তথ্য ও ভিডিও দেখলেও চরিত্রটির অনেকটাই তিনি নিজের মায়ের কাছ থেকে নিয়েছিলেন। তাঁর ভাষায়, কৃষ্ণা ছিলেন তাঁর দেখা ‘সবচেয়ে বাঙালি’ মানুষদের একজন। সন্তানকে হাতে করে খাওয়ানো, আদর-যত্ন করা—মায়ের এসব অভ্যাস থেকেই তিনি চরিত্রটির আবেগ ও আচরণের অনেক কিছু নিয়েছিলেন।

নিজেও ছিলেন গায়িকাকৃষ্ণা মুখার্জি নিজেও চলচ্চিত্রজগতের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি প্লেব্যাক গায়িকা হিসেবে বাংলা ও হিন্দি ছবিতে কাজ করেছেন। তাঁর চলচ্চিত্রে কাজের নজির কয়েক দশকজুড়ে ছড়িয়ে আছে। ‘মোমের আলো’ (১৯৬৪), ‘হাইওয়ান’ (১৯৭৭), ‘তিসরি আঁখ’ (১৯৮২) ও ‘তোমার রক্তে আমার সোহাগ’–এর (১৯৯৩) মতো ছবিতে তাঁর প্লেব্যাকের তথ্য পাওয়া যায়। ‘ইসি কা নাম জিন্দেগি’ ছবিতে পোশাক–পরিকল্পনার সঙ্গেও তাঁর নাম যুক্ত ছিল।১৯৮২ সালের ‘তিসরি আঁখ’ ছবির ‘ঈদ কে দিন গলে মিল লে রাজা’ গানটির জন্যও কৃষ্ণা মুখার্জির নাম উল্লেখ করা হয়।

চলচ্চিত্র পরিবারে বেড়ে ওঠা রানীকৃষ্ণা মুখার্জি বিয়ে করেছিলেন পরিচালক রাম মুখার্জিকে। হিন্দি ও বাংলা চলচ্চিত্রে কাজ করা রাম ছিলেন ফিল্মালায়া স্টুডিওর অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি ‘হাম হিন্দুস্তানি’ ও ‘লিডার’-এর মতো ছবি পরিচালনা করেছিলেন। ১৯৯৬ সালের বাংলা ছবি ‘বিয়ের ফুল’-এর মাধ্যমেই রানী মুখার্জির চলচ্চিত্রে অভিষেক হয়; ছবিটির পরিচালক ও প্রযোজক ছিলেন তাঁর বাবা রাম।

রানী ও তাঁর বড় ভাই রাজা মুখার্জি—এ দুই সন্তানকে নিয়ে ছিল রাম-কৃষ্ণার পরিবার। রাজাও পরে চলচ্চিত্র প্রযোজনা ও পরিচালনার সঙ্গে যুক্ত হন। ২০১৭ সালের অক্টোবরে ৮৪ বছর বয়সে মারা যান রাম মুখার্জি।মুখার্জি পরিবারের সঙ্গে বলিউডের সম্পর্কও দীর্ঘদিনের। কৃষ্ণার বোন অভিনেত্রী দেবশ্রী রায়। রানী মুখার্জির আত্মীয়দের মধ্যে রয়েছেন কাজল, তানিশা মুখার্জি ও পরিচালক অয়ন মুখার্জির মতো পরিচিত নাম।

তিন দশকের ক্যারিয়ারে রানী১৯৯০-এর দশকের মাঝামাঝি অভিনয়ে আসার পর রানী মুখার্জি ধীরে ধীরে বলিউডের অন্যতম পরিচিত অভিনেত্রী হয়ে ওঠেন। ‘গুলাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘সাথিয়া’, ‘হাম তুম’, ‘ব্ল্যাক’, ‘বান্টি অউর বাবলি’, ‘কভি আলবিদা না কেহনা’সহ একাধিক ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

পরবর্তী সময়ে ‘মর্দানি’ সিরিজে পুলিশ কর্মকর্তা শিবানী শিবাজি রায়ের চরিত্রে তাঁকে দেখা যায়। ২০২৬ সালে মুক্তি পেয়েছে সিরিজটির তৃতীয় কিস্তি ‘মর্দানি ৩’, যা তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি।

ব্যক্তিজীবনে রানী মুখার্জি বিয়ে করেছেন নির্মাতা আদিত্য চোপড়াকে। তাঁদের মেয়ে আদিরা। মায়ের মৃত্যুর সময়ে পরিবার তাই আপাতত ব্যক্তিগত পরিসরেই শোক পালন করতে চাইছে। কৃষ্ণা মুখার্জির মৃত্যুর খবর জানিয়ে দেওয়া বিবৃতিতেও তাঁদের এই গোপনীয়তার অনুরোধকে গুরুত্ব দেওয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ