শিল্পগোষ্ঠী পিএইচপিতে তৃতীয় প্রজন্মের নেতৃত্ব
১৭ নভেম্বর, ২০২৬ এ ১০:০১ AM

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির ব্যবসায়িক নেতৃত্বে যুক্ত হচ্ছেন তৃতীয় প্রজন্মের সদস্যরা। এর অংশ হিসেবে এ শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুফি মোহাম্মদ মিজানুর রহমানের জ্যেষ্ঠ নাতি মোহাম্মদ মিজান ভিক্টর মহসিনকে পিএইচপি গ্লাস ও পিএইচপি অ্যালুমিনিয়ামের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
পারিবারিক ব্যবসায় উত্তরসূরি তৈরি এবং নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে মোহাম্মদ মিজান ভিক্টর মহসিনের দায়িত্ব গ্রহণকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে পিএইচপি।
পিএইচপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ভিক্টর মহসিন যুক্তরাজ্যের লন্ডনের গোল্ডস্মিথস ইউনিভার্সিটি থেকে মনোবিজ্ঞান ও বিপণন বিষয়ে স্নাতক (বিএসসি) ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে তিনি পিএইচপি ফ্যামিলিতে ব্যবস্থাপনা প্রশিক্ষণার্থী হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রমে যুক্ত থেকে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন। পর্যায়ক্রমে দায়িত্ব পালনের মধ্য দিয়ে এবার দুটি প্রতিষ্ঠানের ডিএমডির দায়িত্ব পেলেন তিনি।
পিএইচপি জানায়, ব্যবসায়িক পরিকল্পনা ও বাজার সম্প্রসারণে ভোক্তার চাহিদাকে গুরুত্ব দিচ্ছেন ভিক্টর মহসিন। এ জন্য তিনি নিয়মিত দেশের বিভিন্ন শহর ও গ্রামের বাজার পরিদর্শনে যান। এসব পরিদর্শনে বিক্রেতা ও ভোক্তাদের সঙ্গে কথা বলে বাজারের চাহিদা, পরিবর্তন এবং নতুন ব্যবসার সম্ভাবনা সম্পর্কে সরাসরি ধারণা নেন। এর ভিত্তিতে ব্যবসার কার্যক্রম ও বাজার সম্প্রসারণের পরিকল্পনা করেন।
পিএইচপি গ্লাস ও পিএইচপি অ্যালুমিনিয়ামের দায়িত্বের পাশাপাশি ভিক্টর মহসিন পিপলস ইনস্যুরেন্সের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি অক্সিজেন স্পোর্টস জোনের ব্যবস্থাপনা অংশীদার। শিল্প ও বাণিজ্যের পাশাপাশি ক্রীড়া ও বিনোদন খাতেও তাঁর আগ্রহ রয়েছে। চট্টগ্রাম নগরে আধুনিক ক্রীড়া ও বিনোদন–সুবিধা সম্প্রসারণের উদ্যোগের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইস্পাত, কাচ, অ্যালুমিনিয়ামসহ বিভিন্ন শিল্প ও ব্যবসা খাতে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী পিএইচপি ফ্যামিলির কার্যক্রম রয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ভারতের টিভিএস পরিবারের সম্পত্তির ভাগ চেয়ে বাবাকে আইনি নোটিশ দিলেন লক্ষ্মী ভেনু
১৭ নভেম্বর, ২০২৬ এ ৫:১০ PM · প্রথম আলো
ঋণ, বিনিয়োগ ও বিমা সুরক্ষা—যুক্তরাষ্ট্রের ডিএফসির কাছে কী কী সুবিধা পাবে বাংলাদেশ
১৭ নভেম্বর, ২০২৬ এ ৩:০৭ PM · প্রথম আলো
‘বিশৃঙ্খলার’ শঙ্কায় বোর্ডের সভা হঠাৎ স্থগিত, শ্রমিকেরা ক্ষুব্ধ
১৭ নভেম্বর, ২০২৬ এ ১১:৪০ AM · প্রথম আলো
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের আজকের সভা স্থগিত
১৬ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৪ AM · প্রথম আলো
