শাহজাদপুর সংবাদ

ঋণ, বিনিয়োগ ও বিমা সুরক্ষা—যুক্তরাষ্ট্রের ডিএফসির কাছে কী কী সুবিধা পাবে বাংলাদেশ

১৭ নভেম্বর, ২০২৬ এ ৩:০৭ PM

ঋণ, বিনিয়োগ ও বিমা সুরক্ষা—যুক্তরাষ্ট্রের ডিএফসির কাছে কী কী সুবিধা পাবে বাংলাদেশ

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন খাতে অর্থায়নে নতুন পথ খুলল। যুক্তরাষ্ট্র হলো এই অর্থায়নের নতুন উৎস। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) তাদের অর্থায়নের জন্য বাংলাদেশকে যোগ্য দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

ফলে বাংলাদেশও এখন থেকে ডিএফসির কাছ থেকে ঋণ, বিনিয়োগসহ বিভিন্ন ধরনের সুবিধার জন্য আবেদন করতে পারবে।

উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন খাতে নতুন বিনিয়োগ বা তহবিল–ঘাটতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠান থেকে অর্থ নিতে পারবে বাংলাদেশ। ডিএফসি থেকে সরাসরি ঋণের পাশাপাশি প্রকল্প সহায়তাও পাওয়া যাবে। অর্থাৎ ডিএফসির অর্থে প্রকল্প নেওয়া যাবে।

আবার বেসরকারি খাতে ইকুইটি বিনিয়োগও মিলবে। এ ছাড়া অন্য কোনো উৎস থেকে ঋণ নেওয়ার পর সেই ঋণের পরিশোধসহ অন্যান্য সুরক্ষা দিতে ডিএফসির কাছ থেকে বিমা সুরক্ষা ও ঋণের গ্যারান্টির সুবিধাও পাওয়ার সুযোগ তৈরি হলো।

বাংলাদেশে অর্থায়নের যোগ্য ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তি ডিএফসি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, এতে বিনিয়োগের ঘাটতি পূরণ হবে এবং তহবিলের সংকটে থাকা বাণিজ্যিকভাবে কার্যকর উদ্যোগগুলো বাস্তবায়ন সম্ভব হবে। ফলে দেশে কর্মসংস্থান সৃষ্টি, অত্যাবশ্যকীয় পরিষেবার মানোন্নয়ন ও স্থানীয় ব্যবসা শক্তিশালী হবে।

এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, এই অর্থনৈতিক চাপের সময়ে অর্থায়নের জন্য নতুন উৎস পাওয়া গেল। ডিএফসির কাছ থেকে বড় ধরনের ঋণ বা বিনিয়োগ পাওয়া না গেলেও অন্য উৎস থেকে বড় বিনিয়োগ বা ঋণ পাওয়া সহজ হবে। ডিএফসি ঋণ বা বিনিয়োগের বিমা সুরক্ষা ও গ্যারান্টি দেয়। এতে বড় ঋণদাতারা ভাববে, ডিএফসির মতো সংস্থা বাংলাদেশের সঙ্গে আছে, তাদের ঋণের ঝুঁকি তুলনামূলক কম। ওই ঋণদাতাদের সঙ্গে ঋণের বড় মেয়াদ ও কম সুদ—এসব বিষয়ে দর–কষাকষি করতে পারবে বাংলাদেশ।

এবার দেখা যাক, ডিএফসি কী, কোন কোন খাতে কেন ঋণ দেয় ও ঋণ পাওয়ার যোগ্যতা কী কী। এসব তথ্য ডিএফসির ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে।

ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগ সংস্থা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য বাস্তবায়ন ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে সংস্থাটি বিভিন্ন দেশে পুঁজি বিনিয়োগে সহায়তা করে।

ডিএফসির বিনিয়োগের মাধ্যমে মার্কিন করদাতাদের জন্য ভালো মুনাফা নিশ্চিত করা, মিত্র ও অংশীদার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং প্রতিপক্ষ দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে সরবরাহব্যবস্থা সুরক্ষিত করার লক্ষ্য রয়েছে।

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে ডিএফসি প্রতিষ্ঠিত হয়। ২০২৫ সালে সংস্থাটিকে তাদের কার্যক্রম সম্প্রসারণ করার ক্ষমতা দেওয়া হয়। ডিএফসির ঋণ পাওয়ার যোগ্যতায় ১৯২টি দেশ আছে। গতকাল বাংলাদেশ সর্বশেষ যুক্ত হলো।

মোটাদাগে সাতটি খাতে বিনিয়োগ করে থাকে ডিএফসি। এই খাতগুলো হলো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ (ক্রিটিক্যাল মিনারেলস), অবকাঠামো ও লজিস্টিকস, জ্বালানি, প্রযুক্তি ও টেলিযোগাযোগ, কৃষি ও খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও আর্থিক সেবা। বাংলাদেশ চাইলে এখন এসব খাতের প্রকল্প বাস্তবায়নে ডিএফসি থেকে ঋণ নিতে পারে।

এই পর্যন্ত ডিএফসি ৪০ বিলিয়ন ডলারের বেশি বিভিন্ন দেশকে দিয়েছে। আর ঘাটতি মোকাবিলায় ৭০ কোটি ডলারের গ্যারান্টি দিয়েছে ডিএফসি।

ডিএফসি থেকে ঋণসহ মোট ছয় ধরনের সুবিধা পাওয়া যাবে। আর্থিক সুবিধার পাশাপাশি অন্য সুবিধাও দেওয়া হয়। এক. ২৫ বছরের জন্য সরাসরি ঋণ; দুই. বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ সম্প্রসারণে ব্যবসাপ্রতিষ্ঠানে ইকুইটি বিনিয়োগ; তিন. প্রকল্প বাস্তবায়নে অর্থায়ন; চার. বেসরকারি খাতের মূলধন–ঘাটতি মোকাবিলায় সরাসরি ঋণ ও ইকুইটি বিনিয়োগ; পাঁচ. মুদ্রা বিনিময়ে অস্থিরতা, সরকারি হস্তক্ষেপ, রাজনৈতিক সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ডে ক্ষতি পুষিয়ে নিতে বিমা সুরক্ষা; ছয়. ঋণ পরিশোধের গ্যারান্টি দেওয়া।

যেসব দেশে বিনিয়োগের প্রয়োজন সবচেয়ে বেশি, সেসব দেশে বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমূলক প্রভাব রয়েছে—এমন প্রকল্পে অর্থায়ন করে ডিএফসি।

এ জন্য মোটাদাগে পাঁচ ধরনের শর্ত পূরণ করতে হয়। যেমন

১. প্রকল্প বা ব্যবসা কি ডিএফসির কার্যক্রম পরিচালনার আওতাভুক্ত কোনো দেশে অবস্থিত?

ডিএফসির ঋণ পাওয়ার যোগ্য ১৯২টি দেশ আছে। এসব দেশের তালিকায় বাংলাদেশকে যুক্ত করা হয়েছে। এই তালিকায় দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা আছে। তালিকায় থাকা দেশগুলোই ঋণের আবেদন করতে পারবে।

২. প্রকল্প বা ব্যবসা কি ডিএফসির পরিবেশ ও সামাজিক মানদণ্ড মেনে চলে?

ডিএফসি যেসব প্রকল্পে বিনিয়োগ করে, সেগুলোকে পরিবেশ, শ্রমিক অধিকার, মানবাধিকার ও স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে হয়। একই সঙ্গে প্রকল্পটি যেন স্বাগতিক দেশের জন্য ইতিবাচক প্রভাব তৈরি করে, তা নিশ্চিত করতে হয়।

৩. প্রকল্পটি কি সংস্থাটির উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অথবা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখে?

উন্নয়নশীল বিশ্বের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে অর্থায়ন করে ডিএফসি। এর বিনিয়োগের মাধ্যমে বিশ্বজুড়ে উন্নয়নশীল দেশগুলোয় স্থিতিশীলতা প্রতিষ্ঠার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির লক্ষ্য বাস্তবায়নেও ভূমিকা রাখা হয়। এ ক্ষেত্রে বিশ্বের দরিদ্রতম দেশ ও সংঘাতপ্রবণ অঞ্চলগুলো ডিএফসির বিবেচনায় থাকে।

৪. বিনিয়োগকারী বা ব্যবসাপ্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট শিল্প খাতে সাফল্যের অভিজ্ঞতা আছে কি?

ডিএফসির অর্থায়ন পাওয়া প্রতিটি প্রকল্প পরিচালনার জন্য সংশ্লিষ্ট ব্যবস্থাপনা দলের প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। একই বা কাছাকাছি ধরনের ব্যবসায় সাম্প্রতিক সময়ে সফলতার প্রমাণিত রেকর্ড থাকতে হবে। আর্থিক বিবরণীর মাধ্যমে সেই অভিজ্ঞতা ও সফলতার প্রমাণ দিতে হবে।

৫. বিনিয়োগকারী বা ব্যবসাপ্রতিষ্ঠানটি কি বেসরকারি ঋণদাতাদের কাছ থেকে অর্থায়ন পাওয়ার চেষ্টা করেছে?

ডিএফসি বেসরকারি খাতের ঋণদাতাদের সঙ্গে প্রতিযোগিতা করে না; বরং তাদের পরিপূরক হিসেবে কাজ করে। যেসব প্রকল্প বেসরকারি ঋণদাতাদের কাছ থেকে প্রয়োজনীয় পরিমাণ অর্থায়ন পেতে ব্যর্থ হয়েছে, সেসব প্রকল্পে সহায়তা করে সংস্থাটি।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ