লেখার সময় এআই টুল ব্যবহার করলে চিন্তা করার ক্ষমতা কমে যায়
২১ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ AM

লেখার মতো সৃজনশীল কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলের ব্যবহার মানুষের চিন্তাভাবনা ও শেখার প্রক্রিয়াকে প্রভাবিত করে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এমআইটি মিডিয়া ল্যাবের একদল গবেষক। ৫৪ শিক্ষার্থীর ওপর কয়েক মাস ধরে গবেষণা চালিয়ে তাঁরা জানান, কোনো সহায়তা ছাড়া রচনা লেখা ব্যক্তিদের তুলনায় এআই টুলের ওপর নির্ভরশীল ব্যক্তিদের মস্তিষ্কের স্নায়বিক সংযোগ কম এবং স্মৃতিশক্তি দুর্বল ছিল।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি, ওয়েলেসলি কলেজ, হার্ভার্ড ইউনিভার্সিটি, টাফ্টস ইউনিভার্সিটি ও নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ওপর এ গবেষণা করা হয়। গবেষণায় অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রথমে ৩টি দলে ভাগ করে একটি দলকে চ্যাটজিপিটি, দ্বিতীয় দলকে প্রচলিত সার্চ ইঞ্জিন এবং তৃতীয় দলকে প্রযুক্তির সহায়তা ছাড়াই নির্দিষ্ট বিষয়ে রচনা লিখতে বলা হয়। চতুর্থ সেশনে যাঁরা আগে এআই ব্যবহার করেছিলেন, তাঁদের কোনো টুল ছাড়াই লিখতে বলা হয়। অন্যদিকে যাঁরা শুরুতে কোনো টুল ছাড়া লিখেছিলেন, তাঁদের এআই ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
গবেষণা চলাকালে লেখার সময় শিক্ষার্থীদের মস্তিষ্কের কার্যক্রম পরিমাপ করতে ইলেকট্রো–এনসেফালোগ্রাফি বা ইইজি প্রযুক্তি ব্যবহার করেন গবেষকেরা। এরপর তাঁরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং কৌশল ব্যবহার করে রচনাগুলো বিশ্লেষণ করেন। এ ছাড়া অংশগ্রহণকারীদের সাক্ষাৎকারের মাধ্যমে তাঁদের মতামত সংগ্রহ করা হয়। গবেষণায় দেখা গেছে, লেখার সময় ব্যবহৃত টুলের ওপর ভিত্তি করে মস্তিষ্কের সংযোগের ধরন ভিন্ন হয়। কোনো বাহ্যিক সহায়তা ছাড়া রচনা লেখা অংশগ্রহণকারীদের মধ্যে সবচেয়ে শক্তিশালী স্নায়বিক সম্পৃক্ততা দেখা গেছে। সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের মধ্যে মাঝারি মাত্রার সম্পৃক্ততা লক্ষ করা গেলেও কাজের সময় এআই টুলের ওপর নির্ভরশীল শিক্ষার্থীদের মস্তিষ্কের স্নায়বিক সংযোগ ছিল সবচেয়ে কম।
গবেষণায় দেখা গেছে, বাহ্যিক সহায়তার পরিমাণের সঙ্গে মস্তিষ্কের সংযোগের মাত্রা কমে আসে। এর অর্থ হলো, অংশগ্রহণকারীরা লেখার সময় যত বেশি সহায়তা নিয়েছেন, তাঁদের মস্তিষ্কের কার্যক্রম তত কমে গেছে। অংশগ্রহণকারীরা যা লিখেছেন, তা কতটা ভালোভাবে মনে রাখতে পারেন, তা–ও এ গবেষণায় যাচাই করা হয়েছে। কাজ শেষ করার পরপরই গবেষকেরা অংশগ্রহণকারীদের তাঁদের রচনা থেকে কিছু বাক্য উদ্ধৃত করতে বলেন। এআই টুল ব্যবহারকারীরা নিজের লেখা বেশি মনে করতে পারেননি। একটি সেশনে এআইয়ের সহায়তা নেওয়া ৮৩ দশমিক ৩ শতাংশ অংশগ্রহণকারী তাঁদের রচনা থেকে সঠিকভাবে উদ্ধৃতি দিতে ব্যর্থ হন। বিপরীতে সার্চ ইঞ্জিন ও কেবল মস্তিষ্ক ব্যবহারকারী দলের অংশগ্রহণকারীদের মনে রাখার ক্ষমতা অনেক বেশি ছিল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
আইক্লাউড স্টোরেজ শেষ হয়ে যাচ্ছে? জায়গা খালি করবেন যেভাবে
২১ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · বাংলা ট্রিবিউন
ফেসবুকে অপরিচিতদের ফ্রেন্ড সাজেশন বন্ধ করবেন যেভাবে
২১ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · বাংলা ট্রিবিউন
এনভিডিয়ার সিইও জেনসেনকে দ্বিতীয় সুযোগ দেওয়ার আহ্বান ট্রাম্পের
২১ নভেম্বর, ২০২৬ এ ৮:৪৮ AM · বাংলা ট্রিবিউন
গুগল সার্চে গুরুত্ব বাড়ছে এআই মোডের, হোমপেজে নতুন সাইডবার
২০ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ PM · বাংলা ট্রিবিউন
ডার্ক ম্যাটারের জন্য পর্যায় সারণি তৈরির প্রস্তাব দিলেন বিজ্ঞানীরা
২০ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৮ PM · প্রথম আলো
